নাটোর পৌর শহরের চৌধুরী বড়গাছা মহল্লার মৃত মহিম উদ্দিনের মেয়ে রহিমা বেগম (বয়স অজ্ঞাত) নামে এক বৃদ্ধা নাটোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
নিহত রহিমা বেগমের পরিবারের সদস্য ও এলাকাবাসী জানান, তিনি দৃষ্টিশক্তি কম থাকায় খাবার তৈরি বা ঘরের কাজে সাহায্য নেতেন। তবে দুপুর ২টার দিকে তিনি বাড়ির পাশের একটি খেজুর গাছের ডাল কাটতে যান। ডাল কাটার সময় তিনি গাছে থাকা ভিমরুলের চাকটি লক্ষ্য করতে পারেননি। ডালটি কাটতেই বিপুল সংখ্যক ভিমরুল বের হয়ে আসে এবং তাদের কামড়ে তিনি আহত হন।
এসময় তার চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় তাকে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বৃদ্ধা রহিমা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।