পাবনার সাঁথিয়া উপজেলায় বাড়ির বাইরে খেলতে গিয়ে ভিমরুলের বাসা খোঁচা দেওয়ার ফলে ভিমরুলের দল হামলা চালালে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে। আহত অবস্থায় তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, তবে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত শিশু দুইজন হলো—আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়ী গ্রামের নয়ন হোসেনের ছেলে রোহান হোসেন এবং একই এলাকার সুজন হোসেনের ছেলে আরাফাত হোসেন।
পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে বাড়ির বাইরে খেলতে বের হয়েছিল রোহান ও আরাফাত। খেলার একপর্যায়ে তারা একটি ভিমরুলের বাসা দেখতে পায়। পরে পাটখড়ি দিয়ে বাসাটিতে খোঁচা দিলে ভিমরুলের দল তাদের ওপর হামলে পড়ে। এতে দুই শিশু গুরুতর আহত হয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, শিশুদের চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে দুজনের মৃত্যু হয়।