বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সংকট এখনো পুরোপুরি দূর হয়নি বলে মত প্রকাশ করেছেন জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ। তাঁর মতে, দেশের স্বাধীনতা এখন সম্পূর্ণ নিরাপদ হয়ে গেছে—এমন ধারণা করা হবে এক ধরণের ভ্রান্তিবিলাস। তিনি স্মরণ করিয়ে দেন যে, বাংলাদেশের ইতিহাসে বারবার স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে এবং প্রতিবারই সাধারণ মানুষকে রুখে দাঁড়াতে হয়েছে। তাই স্বাধীনতা রক্ষায় আত্মতুষ্টির কোনো অবকাশ নেই; বরং জাতীয় ঐক্য, দেশপ্রেমিক নেতৃত্ব এবং গণমানুষের সমর্থনের পাশাপাশি সামরিক সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিতে হবে।

সোমবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে অধ্যাপক মাহবুব উল্লাহ এসব কথা বলেন।

সেমিনারে বক্তব্য দেওয়ার সময় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে। ১৯৭৫ সালে এবং ২০২৪ সালের জুলাইয়ে দেশের মানুষ রুখে দাঁড়িয়েছে। ভবিষ্যতে আরও কতবার রুখে দাঁড়াতে হবে, তা জানা নেই।” তিনি আরও উল্লেখ করেন যে, একটি জাতির জাতীয় সত্তার প্রশ্নের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সেই দেশে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক রাজনীতি পরিপক্ব হয় না। তাই দেশের মানুষের মধ্যকার বিভক্তি দূর করে ঐক্য প্রতিষ্ঠা করা জরুরি। রাষ্ট্রের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সঠিক বন্ধু নির্বাচন, সুদূরপ্রসারী পররাষ্ট্রনীতি নির্ধারণ এবং সামরিক, জ্ঞান ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো প্রয়োজন বলে তিনি মনে করেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও পরবর্তী রাজনৈতিক ইতিহাসের বিভিন্ন স্মৃতিচারণ করতে গিয়ে অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর গণহত্যা শুরুর পর দেশের মানুষ দিশাহারা হয়ে পড়েছিল। সে সময় ২৬ মার্চ জিয়াউর রহমান পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। তাঁর এই ঘোষণার মধ্য দিয়ে তিনি বাংলাদেশের মানুষের কাছে পরিচিত হয়ে ওঠেন। ১৯৭১ সালের সংকটকালে জিয়াউর রহমান মানুষের আশার প্রতীক হয়ে উঠেছিলেন। অধ্যাপক মাহবুব উল্লাহ তাঁকে বাংলাদেশের ইতিহাসে সংকটকালের নেতা ও ত্রাতা হিসেবে অভিহিত করেন।

পাশাপাশি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকার ও ভারতের মধ্যে একটি গোপন চুক্তি হয়েছিল বলে দাবি করেন মাহবুব উল্লাহ। তিনি বলেন, “ওই চুক্তিতে বাংলাদেশের নিজস্ব সেনাবাহিনী না থাকা এবং স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণের ক্ষেত্রে ভারতের অনুমোদন নেওয়ার বিষয় ছিল।” তিনি আরও উল্লেখ করেন যে, স্বাধীনতার পর দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত বিপর্যস্ত ছিল।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান একটি প্রবন্ধ পাঠ করেন। তাঁর প্রবন্ধে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি ও জনতার অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক ইতিহাসে এর প্রভাব, ভূরাজনৈতিক অবস্থানের পরিবর্তন এবং পরবর্তী সাংবিধানিক রূপান্তর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশ, বহুদলীয় গণতন্ত্র, পররাষ্ট্রনীতিতে ভারসাম্য, অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং সংবিধানের পঞ্চম সংশোধনীর বিভিন্ন দিক তুলে ধরেন। সেই সঙ্গে বর্তমান সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে জাতীয় সার্বভৌমত্ব, রাজনৈতিক সংহতি ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি ও জনতার অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করেছিল। এর মধ্য দিয়ে বহুদলীয় রাজনৈতিক প্রক্রিয়া, সংবাদপত্রের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীন মর্যাদা প্রতিষ্ঠার পথ তৈরি হয়।” তিনি আরও বলেন, “৭ নভেম্বরের অন্যতম শিক্ষা হলো জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, অভ্যন্তরীণ সংহতি বজায় রাখা এবং স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা।”

জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে আরও বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির সচিব মো. সেলিম রেজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ সিদ্দিকী।