বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মনে করেন, ৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে এই দেশ প্রকৃত স্বাধীনতা অর্জন করেছে এবং সার্বভৌমত্বকে আরও শক্তিশালী করার অঙ্গীকার খুঁজে পেয়েছে। শনিবার (৭ নভেম্বর) শহীদ প্রেসিডেন্ট জিয়ারউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, “১৯৭৫ সালের ২৫ জানুয়ারি দুই-তিন মিনিটের মধ্যে গোটা জাতিকে চিরতরে শৃঙ্খলাবদ্ধ করার উদ্যোগ তারা নিয়েছিল। আইন করে, বাকশাল করে তারা এই সমস্ত নাগরিক অধিকার জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছিল। এরপর তাদের নিজেদের পাল্টাপাল্টি মর্মান্তিক রক্তপাতের পরিস্থিতি তৈরি করে। এক অরাজক পরিস্থিতির মধ্যে দেশকে ঠেলে দেওয়া হয়। দেশ এক অমানিশায় ঢেকে যায়। ওই মুহূর্তে জনগণের আকুতি ছিল একটা প্রকৃত স্বাধীনতার স্বাদ, গণতন্ত্রের স্বাদ পাওয়ার জন্য। জিয়াউর রহমান তা এনে দিয়েছিলেন।”
তিনি আরও উল্লেখ করেন যে, ২৩ নভেম্বর এ দেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবারকে ক্যান্টনমেন্টের বাসায় বন্দি করে রাখা হয়। এই পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “তখন একটি স্বাধীন জাতির স্বাধীনভাবে বিকশিত লাভের যে আশা-আকাঙ্ক্ষা, তা হতাশায় নিমজ্জি হয়ে যায়। তখন মানুষ চরম অরাজকতায় পড়ে যায়। সবখানে শঙ্কা। ৭ নভেম্বর জিয়াউর রহমান মুক্তি লাভ করেন। তার মুক্তির মধ্য দিয়ে সারা জাতি আবার নতুন করে পথের দিশা পায়।”
শহীদ জিয়ার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও উৎপাদনের ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল বলে জানান রিজভী। তিনি আরও বলেন, জিয়ারউর রহমানের নেতৃত্বেই এই জাতি বহুদলীয় গণতন্ত্রের পথ খুঁজে পেয়েছিল।