১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সিপাহি-জনতার বিপ্লব। দীর্ঘ সময় ধরে এই বিশেষ দিনটির প্রকৃত ইতিহাস জাতির সামনে উপস্থাপন করা হয়নি। তাই বর্তমান ও নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (৭ নভেম্বর) সকালে ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। উক্ত কর্মসূচির আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, “দীর্ঘ ১৮ বছর দিবসটি পালন করা সম্ভব হয়নি। বিএনপি সরকার হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবার প্রথমবারের মতো দিবসটি পালন করছে। ইতিহাস বিশ্লেষণ করে আমরা যতটুকু তথ্য পেয়েছি, তাতে ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সিপাহি-জনতার একধরনের প্রতিরোধ।”
ভারতের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, “একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছে, এটি সত্য। কিন্তু স্বাধীনতার পর বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতি ভারতের অসহযোগিতার বিষয়টিও সামনে এসেছে।” বিশেষ করে শেখ মুজিবুর রহমানকে যেভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছিল, বাংলাদেশের সাধারণ জনগণ তা মেনে নেননি বলে তিনি মনে করেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও উল্লেখ করেন যে, স্বাধীনতার পরবর্তী সময়ে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা, গণমাধ্যমের কণ্ঠরোধ, বাক্স্বাধীনতা হরণ এবং ভিন্নমতের রাজনৈতিক নেতাকর্মীদের ওপর নির্যাতন ও হত্যার মতো ঘটনা ঘটেছে। ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে ২০২৪ সালের ঘটনাপ্রবাহের তুলনা টেনে তিনি বলেন, ৬৯, ৯০ ও ২৪ সালে বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থান আগের দুটি গণঅভ্যুত্থানকেও ছাড়িয়ে গেছে বলে তিনি দাবি করেন।
১৯৭৫ সালের রাজনৈতিক পরিস্থিতির কথা স্মরণ করে রাশেদ খাঁন বলেন, ১৫ আগস্ট সেনা অভ্যুত্থান এবং ৩ নভেম্বর আরেকটি সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটে। ওই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গৃহবন্দি করে রাখা হয়েছিল। একই দিনে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়।
আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় চার নেতাকে হত্যার ঘটনায় জিয়াউর রহমানকে দায়ী করে যে বয়ান প্রচার করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাশেদ খাঁন বলেন, “যে ব্যক্তি নিজেই গৃহবন্দি ছিলেন, তার নির্দেশে ওই হত্যাকাণ্ড সংঘটিত হওয়া কীভাবে সম্ভব? জাতির সামনে প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে।”
তিনি আরও বলেন, “৭ নভেম্বর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সিপাহি-জনতার যে প্রতিরোধ গড়ে উঠেছিল, সেই ইতিহাস জাতিকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আজকের এই আয়োজনের মধ্য দিয়ে সেই ইতিহাস নতুন করে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।”
রাশেদ খাঁন জানান, ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে এই বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে। পাশাপাশি ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেও দিবসটি উপলক্ষে র্যালি ও বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। সারা দেশের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এই দিবসটি পালনের আহ্বান জানান তিনি।
আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষিনির্ভর ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে উদ্যোগ নিয়েছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন। একটি কৃষিনির্ভর ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সব রাজনৈতিক দল ও জনগণকে সরকারের পাশে থাকার আহ্বান জানান তিনি।