মাদক ব্যবসায়ীদের রুখতে যদি মনে ভয় থাকে, তবে রাজনীতি বা দল করার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন যে, আজকের পর থেকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে কোনো মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবীর ঠাঁই হবে না। মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে প্রতিহত করে এলাকা থেকে বিতাড়িত করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলার ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সচেতনতামূলক সমাবেশের আয়োজন করা হয়। মাদক, আত্মহত্যা, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক এবং অনলাইন জুয়া প্রতিরোধে আয়োজিত এই সমাবেশে রাশেদ খাঁন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এবং সেখানে তিনি এসব কথা বলেন।

সমাবেশে তিনি বলেন, “মাদকের ভয়াবহতা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না, পরিবার ও সমাজের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের চিহ্নিত করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অনলাইন জুয়া সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদেরও চিহ্নিত করে পুলিশের হাতে তুলে দিতে হবে।”

নারীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও যৌতুকের মতো সামাজিক ব্যাধিগুলো বন্ধ করতে হবে। এই বিষয়ে পরিবার থেকেই সচেতনতা তৈরি করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া তিনি উল্লেখ করেন যে, ইসলামে একাধিক বিয়ের অনুমতি থাকলেও অকারণে বা দায়িত্বহীনভাবে তা করা উচিত নয়।

দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে রাশেদ খাঁন জানান, গ্যাস ও জ্বালানি তেলের বর্তমান সংকট একটি জাতীয় সমস্যা। তবে তিনি আশ্বস্ত করেন যে, ধীরে ধীরে এই সংকট কেটে যাবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দেশের সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করছেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা তবিবর রহমান মিনি, চিকিৎসক ডা. নুরুল ইসলাম এবং সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান।