দেশের টেকসই কৃষি কার্যক্রমের প্রসারে বড় ধরনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রিটেইল চেইনশপ স্বপ্ন। ২০৩০ সালের মধ্যে পাঁচ হাজার কৃষককে এই কার্যক্রমের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। এর পাশাপাশি কৃষকদের কাছ থেকে সরাসরি পণ্য সংগ্রহের পরিমাণ বাড়ানো, বিদ্যুৎ খরচ হ্রাস এবং পরিবেশবান্ধব ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল রোববার ঢাকার গুলশানের একটি হোটেলে আয়োজিত প্রথম ‘সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫’ প্রকাশ অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানানো হয়। স্বপ্নের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিএসআর সেন্টারের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক সোবহান। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন এসিআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ দৌলা, স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির, বাংলাদেশে জাপান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ইয়োশিদা আয়া, মিৎসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোতো, গ্রিন ডেলটা ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী এবং সিএসআর সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহামিন এস জামান প্রমুখ।
অনুষ্ঠানে এসিআইয়ের এমডি আরিফ দৌলা বলেন, ‘স্বপ্নের সরবরাহব্যবস্থার দক্ষতা বাড়াতে আমরা ক্রমেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়াচ্ছি। এর মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো, উৎপাদনশীলতা বাড়ানো এবং মানুষের জীবনমান উন্নয়নের নতুন সুযোগ তৈরি হচ্ছে।’
প্রতিবেদনটি সম্পর্কে জানানো হয় যে, ২০২১ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত চার বছরের সামগ্রিক কার্যক্রমের ওপর ভিত্তি করে এটি তৈরি করা হয়েছে। স্বপ্ন জানিয়েছে, তারা ইতিমধ্যে দুই হাজারের বেশি কৃষককে কৃষিকাজ বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করেছে। এর মধ্যে ১৫০ জন কৃষক ২২ ধরনের ফসল উৎপাদনে গ্লোবালগ্যাপ সনদ অর্জন করেছেন। এখন ২০৩০ সালের মধ্যে গ্লোবালগ্যাপ মানদণ্ডে তিন হাজারের বেশি কৃষককে প্রশিক্ষণ দেওয়া এবং ৩০০ জনের বেশি কৃষককে ৪০টির বেশি ফসলের জন্য সনদের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
স্বপ্নের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, প্রতিষ্ঠানটি ১৪২টির বেশি সংগ্রহকেন্দ্রের মাধ্যমে প্রায় ৬০ শতাংশ সবজি, ৫৩ শতাংশ মাছ এবং ৪৭ শতাংশ মুরগি সরাসরি সংগ্রহ করছে। সরবরাহব্যবস্থার মধ্যবর্তী ধাপগুলো কমিয়ে আনার ফলে ফসল সংগ্রহের পর পণ্য নষ্ট হওয়ার হার প্রায় ২৫ শতাংশ থেকে কমে ৫ শতাংশে দাঁড়িয়েছে। এছাড়া খাদ্য অপচয় রোধে ‘বাই অনলি হোয়াট ইউ নিড’ নামে একটি বিশেষ উদ্যোগ চালু করেছে স্বপ্ন। এই উদ্যোগের ফলে গ্রাহকেরা তাদের প্রয়োজন অনুযায়ী খুব অল্প পরিমাণে তাজা কৃষিপণ্য কিনতে পারছেন। উদাহরণস্বরূপ, তরমুজ কেটে প্রয়োজনমতো বিক্রির ফলে ওই পণ্যের অপচয়ের হার ৫ দশমিক ০৩ শতাংশ থেকে কমে ১ দশমিক ৭৬ শতাংশে নেমেছে, যা প্রায় ৬৫ শতাংশ অপচয় হ্রাস। ভবিষ্যতে কুমড়া, পেঁপে ও কাঁঠালের ক্ষেত্রেও এই পদ্ধতি চালু করার পরিকল্পনা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
পণ্যের অপচয় কমানোর পাশাপাশি টেকসই কৃষি কার্যক্রমের অংশ হিসেবে বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব দিচ্ছে স্বপ্ন। এর ফলে ২০২৪–২৫ অর্থবছরে স্টোর পর্যায়ে বিদ্যুৎ ব্যবহার পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় ২৭ দশমিক ৫ শতাংশ কমেছে। ইতিমধ্যে কয়েকটি আউটলেটে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে। বর্তমানে দেশের আটটি বিভাগ ও ৬৪টি জেলার এক হাজারের বেশি আউটলেটের মাধ্যমে প্রতি মাসে ৬০ লাখের বেশি গ্রাহককে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। বর্তমানে এখানে ১০ হাজার ১২০ জনের বেশি কর্মী কর্মরত আছেন। ২০৩০ সালের মধ্যে নেতৃত্ব পর্যায়ে নারীদের অংশগ্রহণ ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছে স্বপ্ন।