ভয়াবহ অগ্নিকাণ্ডে মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে রাকিবুল ইসলাম রানা, তবে সেই আগুনের লেলিহান শিখাও কেড়ে নিতে পারেনি তার অদম্য স্বপ্ন। দমদমিয়া আলোর পাঠশালার তৃতীয় শ্রেণির এই ছোট্ট ছাত্রটি বড় হয়ে একজন ফায়ারসার্ভিসের কর্মী হয়ে দেশের মানুষের পাশে দাঁড়াতে চায়।
গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ২টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে রানার বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। শৈশবেই সর্বনাশী আগুনের সেই ধ্বংসযজ্ঞ এবং পোড়ামাটির করুণ দৃশ্য নিজের চোখে দেখে রানা। সেই মর্মান্তিক অভিজ্ঞতাই তার মনে ফায়ারসার্ভিসের কর্মী হওয়ার প্রবল আগ্রহ ও সংকল্প তৈরি করে দেয়।
পারিবারিক অর্থনৈতিক সংকট রানা ও তার পরিবারের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, তা সত্ত্বেও নিজের স্বপ্ন পূরণে সে অবিচল। নিয়মিত বিদ্যালয়ে যাওয়া এবং মন দিয়ে পড়াশোনা করার পাশাপাশি খেলাধুলার প্রতিও তার রয়েছে গভীর অনুরাগ। স্কুলের পাঠ শেষ করে বাড়িতে ফিরলেই সে সুযোগ অনুযায়ী পরিবারের কাজে সহযোগিতা করে থাকে।
নিজের ভবিষ্যৎ লক্ষ্য ও স্বপ্ন নিয়ে রাকিবুল ইসলাম রানা বলে, “শিক্ষিত মানুষ হয়ে শৃঙ্খলা, আদর্শ ও নৈতিক মূল্যবোধ দিয়ে আচরণ সুন্দর করে, মানুষের মতো মানুষ হয়ে সুন্দর জীবন গড়ে তুলে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। ভালোমতো লেখাপড়া করে শিক্ষিত মানুষ হব। পেশা হিসেবে ফায়ারসার্ভিসের কর্মী হতে আমার ছোটবেলা থেকে ইচ্ছা। আমি যেন ভালো অগ্নিনির্বাপক কর্মী হতে পারি, সে লক্ষ্যে এগিয়ে যেতে চাই। অগ্নিনির্বাপক কাজকে আমি মহৎ কর্ম ও সেবা বলে মনে করি। আমার বিশ্বাস, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো স্বপ্ন পূরণ করা সম্ভব।”
রানার শিক্ষকরা তার সম্পর্কে জানান, সে অত্যন্ত মেধাবী, নম্র ও ভদ্র একজন ছাত্র। যেকোনো কাজের প্রতি তার আগ্রহ ও একাগ্রতা অনেক বেশি। শিক্ষকদের বিশ্বাস, সঠিক সুযোগ ও দিকনির্দেশনা পেলে ভবিষ্যতে সে অনেক বড় কিছু অর্জন করবে এবং দেশের একজন নিবেদিতপ্রাণ সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। বিদ্যালয়ের পক্ষ থেকেও রানার এই স্বপ্ন পূরণে নিয়মিত উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়া হচ্ছে।