গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীতে সাঁতার কাটতে গিয়ে ইমন ও রিফাত নামে দুই শিশু নিখোঁজ হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে টঙ্গী পূর্ব থানার রেলব্রিজের নিচে এ ঘটনা ঘটে। নিখোঁজের ২০ ঘণ্টা পার হলেও বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।

স্থানীয়দের জানা যায়, পাঁচ শিশু একসাথে তুরাগ নদীতে সাঁতার কাটতে নামে। এরপর নদীর প্রবল স্রোতে ইমন ও রিফাত ডুবে যেতে শুরু করলে সঙ্গে থাকা অন্য তিন শিশু ভয়ে নদী থেকে উঠে আসেন। পরে তারা বিষয়টি স্থানীয়দের জানানোর পর নিখোঁজ দুই শিশুর সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। নদীতে স্রোত থাকায় উদ্ধারকাজ কিছুটা কঠিন হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে অভিযান অব্যাহত রয়েছে।

নিখোঁজ শিশুদের স্বজনরা খবর পেয়ে নদীর তীরে অপেক্ষা করছেন। তাদের আহাজারিতে ঘটনাস্থলে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, "আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। শিশু দুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্রোত থাকায় তাদের সন্ধান পেতে সমস্যা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।"