নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আরমান ইসলামের (২২) সন্ধান এখনো পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা নদীতে উদ্ধার অভিযান চালিয়েও তার কোনো খোঁজ-খবর পাননি। ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও যুবকটির উদ্ধার হয়নি।

নিখোঁজ আরমান ইসলাম উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দোহলপাড়া এলাকার হালিম ইসলামের ছেলে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে দোহলপাড়া এলাকার তিস্তা নদীতে কয়েকজনের সঙ্গে গোসল করতে নামেন তিনি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোসল শেষে অন্যরা নদী থেকে উঠে এলেও আরমান পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরবর্তীতে রংপুর থেকে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালায়।

তবে দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়েও আরমানের কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, তিস্তা নদীর তীব্র স্রোতে তিনি ভেসে গিয়ে দূরে কোথাও চলে যেতে পারেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, "নিখোঁজ যুবককে উদ্ধারে চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। রংপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান পরিচালনা করছে; তবে এখনো তার সন্ধান পাওয়া যায়নি।"