ইসলামি ইতিহাসের এক অনন্য ও অবিস্মরণীয় দিন হলো মক্কা বিজয়ের দিন। এই দিনটি মূলত সবচেয়ে বড় ‘সাধারণ ক্ষমা’র দিন হিসেবে পরিচিত। দীর্ঘ ২৩ বছর ধরে মুসলমানদের ওপর অকথ্য নির্যাতন চালিয়েছিল মক্কাবাসীরা, কিন্তু মহানবী (সা.) তাঁদের সবাইকে এক ঘোষণায় ক্ষমা করে দিয়ে বলেছিলেন, ‘আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তোমরা মুক্ত।’
তবে এই ব্যাপক ক্ষমার মাঝেও কিছু ব্যতিক্রম ছিল। নির্দিষ্ট ১৪ জন ব্যক্তির নাম (মতান্তরে ১০ থেকে ১৫ জন) তিনি উল্লেখ করেছিলেন, যাদের অপরাধ ছিল অত্যন্ত গুরুতর। তাঁদের সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছিল যে, এমনকি যদি তাঁদের কাবা শরিফের গিলাফ ধরে থাকা অবস্থায় পাওয়া যায়, তবুও যেন তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। প্রশ্ন জাগতে পারে, ক্ষমার এই মাহেন্দ্রক্ষণেও কেন ইসলামের নবী এই নির্দিষ্ট কয়েকজনের প্রতি এত কঠোর হয়েছিলেন?
তালিকায় থাকা ব্যক্তিরা সাধারণ কোনো অপরাধী ছিলেন না; তাঁদের মধ্যে অনেকে ছিলেন রাষ্ট্রদ্রোহী ও খুনি। উদাহরণস্বরূপ, আবদুল্লাহ ইবনে খাতাল ও মিকয়াস ইবনে সুবাবাহ-এর কথা বলা যায়। তাঁরা মদিনায় এসে ইসলাম গ্রহণ করেছিলেন এবং মহানবী (সা.) তাঁদের রাষ্ট্রীয় কাজে জাকাত আদায়ের দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু তাঁরা সেই বিশ্বাসের সুযোগ নিয়ে নিজেদের নিরপরাধ মুসলিম ভৃত্যদের নির্মমভাবে হত্যা করেন, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করেন এবং ধর্মত্যাগ করে পুনরায় মক্কায় পালিয়ে যান। এটি ছিল সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ এবং খুনের মতো জঘন্য অপরাধ। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, মক্কা বিজয়ের দিন সাহাবিরা এসে বললেন, ‘ইবনে খাতাল কাবার গিলাফ ধরে ঝুলছে।’ মহানবী (সা.) বললেন, ‘তাকে হত্যা করো।’ (সহিহ বুখারি, হাদিস: ১৮৪৬)
একইভাবে মিকয়াস ইবনে সুবাবাহ তাঁর ভাইয়ের রক্তের ক্ষতিপূরণ মদিনা রাষ্ট্র থেকে সম্পূর্ণ গ্রহণ করার পর এক নিরপরাধ মুসলিমকে হত্যা করে মক্কায় পালিয়েছিলেন। এই গুরুতর অপরাধের কারণে বাজার এলাকায় তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
তালিকায় আরও দুইজন অপরাধী ছিলেন আল-হুওয়াইরিস ইবনে নুকাইদ ও হাব্বার ইবনে আল-আসওয়াদ। মক্কা থেকে হিজরত করার সময় তাঁরা নবীজির কন্যা জয়নবের উটের ওপর বর্শা নিয়ে হামলা চালান। উল্লেখ্য, জয়নব (রা.) তখন গর্ভবতী ছিলেন। সেই নৃশংস হামলায় তিনি উট থেকে পাথরের ওপর ছিটকে পড়েন, যার ফলে তাঁর গর্ভপাত হয় এবং পরবর্তীতে তিনি ইন্তেকাল করেন। এটি কোনো যুদ্ধকালীন ঘটনা ছিল না, বরং একজন নিরপরাধ গর্ভবতী নারীর ওপর পরিকল্পিত ও বর্বরোচিত আক্রমণ ছিল। তাই মক্কা বিজয়ের দিন নবীজি নির্দেশ দিয়েছিলেন হুওয়াইরিসকে পেলেই যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। (ইবনে হিশাম, আস-সিরাতুন নাবাবিয়্যাহ, ২/৪০৯, মুস্তফা আল-বাবি আল-হালাবি, কায়রো, ১৯৫৫)। পরবর্তীতে আলী (রা.)-এর নেতৃত্বে তাঁর বিচারিক দণ্ড কার্যকর করা হয়।
এই তালিকায় কয়েকজন নারীর নামও ছিল, যেমন—ইবনে খাতালের দুজন গায়িকা দাসী (ফারতানা ও কুরাইনা) এবং সারাহ। সে যুগে তাঁরা মূলত ‘প্রোপাগান্ডা মেশিন’ হিসেবে কাজ করতেন। ফারতানা ও তাঁর সঙ্গীর পেশা ছিল মিথ্যা অপবাদ ছড়িয়ে মহানবী (সা.) ও মুসলমানদের বিরুদ্ধে অশ্লীল ও উসকানিমূলক গীত গাওয়া এবং মক্কার যুবকদের মুসলমানদের হত্যায় প্ররোচিত করা। অন্যদিকে, সারাহ মদিনা থেকে মক্কার কোরাইশদের কাছে গোপনে সামরিক তথ্য পাচারের দায়ে অভিযুক্ত ছিলেন। মতপ্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে তাঁরা মূলত সমাজে দাঙ্গা ও রক্তপাতের ইন্ধন জোগাতেন। তবে মক্কা বিজয়ের পর এদের মধ্যে কেবল ফারতানার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মক্কাবাসীদের জন্য ঘোষিত সাধারণ ক্ষমাটি ছিল মূলত রাজনৈতিক বন্দীদের জন্য। কিন্তু যারা সুনির্দিষ্ট হত্যা, ধর্ষণ, রাষ্ট্রদ্রোহ বা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল, তাদের অপরাধের বিচার করা আদালতের দায়িত্ব ছিল। মহানবী (সা.) মক্কা বিজয়ের দিন রাজনৈতিক নেতা হিসেবে সাধারণ ক্ষমা ঘোষণা করলেও, একজন প্রধান বিচারপতি হিসেবে খুনি ও রাষ্ট্রদ্রোহীদের আইনি দণ্ড (কিসাস) মওকুফ করেননি।
তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের তালিকায় থাকা সবার দণ্ড কার্যকর হয়নি। মাত্র ৪ জনের (ইবনে খাতাল, মিকয়াস ইবনে সুবাবাহ, হুওয়াইরিস ও ফারতানা) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। (সফিউর রহমান মুবারকপুরী, আর-রাহিকুল মাখতুম, পৃ. ৩৯৫-৩৯৯, দারুস সালাম, রিয়াদ, ২০০২)। বাকিরা নিজেদের অপরাধ বুঝতে পেরে অনুতপ্ত হয়ে নবীজির কাছে আসেন এবং ইসলাম গ্রহণ করেন, যার ফলে নবীজিও তাঁদের ক্ষমা করে দেন।
যেমন, উহুদ ও খন্দক যুদ্ধের অন্যতম মূল উসকানিদাতা ইকরিমা ইবনে আবি জাহল ইয়েমেনে পালিয়ে গেলেও তাঁর স্ত্রী উম্মু হাকিমের মাধ্যমে ফিরে এসে ইসলাম গ্রহণ করলে মহানবী (সা.) তাঁকে সাদরে গ্রহণ করেন। জয়নব (রা.)-এর ওপর হামলার প্রধান অপরাধী হাব্বার ইবনে আল-আসওয়াদ সরাসরি মদিনায় এসে নিজের অপরাধ স্বীকার করে ইসলাম গ্রহণ করলে তাঁকে ক্ষমা করা হয়। মদিনায় ওহির অনুলিপিকারক আবদুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারহ দলত্যাগ করে মক্কায় ফিরে অপপ্রচার চালালেও তাঁর দুধভাই ওসমান (রা.)-এর সুপারিশে নবীজি তাঁকে ক্ষমা করেন। এছাড়া উহুদের যুদ্ধে হামজার মরদেহ বিকৃত করার নেতৃত্ব দেওয়া আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে উতবাহ এবং তাঁর প্রত্যক্ষ হত্যাকারী ওয়াহশি ইবনে হারব উভয়েই পরবর্তীতে ইসলাম গ্রহণ করায় ক্ষমা পান। সারাহ ও কুরাইনা-ও ইসলাম গ্রহণের মাধ্যমে নিঃশর্ত ক্ষমা লাভ করেন।
এই সামগ্রিক ঘটনা প্রমাণ করে যে, ইসলামে ক্ষমা একটি মহান গুণ হলেও সমাজকে সুরক্ষিত রাখার জন্য চরম খুনি ও রাষ্ট্রদ্রোহীদের ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সমভাবেই অপরিহার্য।