রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার হওয়া চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী মাছুমা আক্তার। তার অভিযোগ, স্বামীর মোবাইল ফোন হ্যাক করে বিভিন্ন বার্তা পাঠানো হয়েছে, যার মাধ্যমে তাকে ফাঁসানো হয়েছে। তিনি আরও জানান, জাহাঙ্গীর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে স্বামীর রিমান্ড শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাছুমা আক্তার এসব কথা বলেন। একই সঙ্গে তিনি পুরো ঘটনার একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
মাছুমা আক্তার বলেন, ‘আমার স্বামী কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। পুরো বিষয়টি আমাদের কাছে ষড়যন্ত্র মনে হচ্ছে। আপনারা তদন্ত করে দেখুন, আসলে কী ঘটনা ঘটেছে। তার মোবাইল ফোন হ্যাক করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা দরকার।’
তিনি আরও দাবি করেন যে, গত ৮ নভেম্বর তার স্বামীর মোবাইল ফোনটি হ্যাক করা হয়েছিল। এই বিষয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। তবে জিডির বিস্তারিত বিষয়ে তিনি আর কিছু জানাননি।
স্বামীর রাজনৈতিক সম্পৃক্ততার যে অভিযোগ তোলা হয়েছে, তা নাকচ করে মাছুমা আক্তার বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাবার নির্দেশে আওয়ামী লীগে যোগ দেওয়ার যে কথা বলা হচ্ছে, তার স্বামী এমন কিছু বলেননি। তিনি জাহাঙ্গীরের শিক্ষাজীবন ও কর্মজীবনের তথ্য যাচাই করে দেখার আহ্বান জানান।
মাছুমা আক্তারের ভাষ্যমতে, তার স্বামী একজন সাধারণ কৃষকের সন্তান। বাবার আয়েই ১২ জনের সংসার চলত। এমন পরিবার থেকে উঠে আসা জাহাঙ্গীর আওয়ামী লীগ সরকারের আমলেও কোনো বিশেষ সুবিধা পাননি। বর্তমানে তার উপার্জনের ওপরই পুরো পরিবার নির্ভরশীল।
এর আগে, রোববার (১৫ নভেম্বর) বিকেলে এসপি জাহাঙ্গীর আলমকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের চতুর্থ আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক মোহাম্মদ মোস্তফা তাকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং পুলিশি তথ্য সরবরাহের অভিযোগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করা হয়। গত শনিবার (১৪ নভেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে পাঁচলাইশ থানায় মামলাটি করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল কাশেম চৌধুরী। ওই রাতেই নগরের পাঁচলাইশ থানার পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত ১০ নভেম্বর প্রাথমিক অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সময় তার দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছিল।
উল্লেখ্য, ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার চাঁদপাশা গ্রামে।