ইসলামি ইতিহাসের পাতায় সাহাবিদের পরবর্তী সবচেয়ে উজ্জ্বল ও মর্যাদাপূর্ণ প্রজন্ম হিসেবে পরিচিত ‘তাবেয়ি’দের যুগ। পারিভাষিক অর্থে তাবেয়ি হলেন সেই মুসলিম, যিনি ঈমানদার অবস্থায় অন্তত একজন সাহাবির সাক্ষাৎ পেয়েছেন এবং ঈমানের ওপর অটল থেকে মৃত্যুবরণ করেছেন।

রাসূলুল্লাহ (সা.)-এর সরাসরি সান্নিধ্য লাভ না করলেও, তাঁরা সাহাবিদের জীবনদর্শন ও আদর্শকে অত্যন্ত নিবিড়ভাবে আত্মস্থ করেছিলেন। ফলে তাঁদের সেই জীবনধারা জ্ঞান, তাকওয়া এবং দুনিয়াবিমুখতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। মহানবী (সা.) তাঁদের শ্রেষ্ঠত্বের কথা ঘোষণা করে বলেছেন, ‘সর্বোত্তম মানুষ হলো আমার যুগের মানুষ (সাহাবি), এরপর তাদের পরের যুগের মানুষ (তাবেয়ি), এরপর তাদের পরের যুগের মানুষ।’ (সহিহ বুখারি, হাদিস: ৩৬৫১)

তাবেয়িদের জীবনযাপনের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম ছিল ইলম বা জ্ঞানের প্রতি তাঁদের তীব্র অনুরাগ। সাহাবিদের স্মৃতি থেকে নবীজির হাদিস ও সুন্নত সংগ্রহ করাই ছিল তাঁদের জীবনের সবচেয়ে বড় ব্রত। একটি মাত্র হাদিস শোনার জন্য তাঁরা মাসের পর মাস উটের পিঠে চড়ে তপ্ত মরুভূমি পাড়ি দিতেন। মদিনা, মক্কা, কুফা, বসরা ও সিরিয়ায় সাহাবিদের চারপাশে তাঁদের জ্ঞানের বিশাল মজলিশ গড়ে উঠেছিল। মদিনার প্রখ্যাত তাবেয়ি সাইদ ইবনুল মুসাইয়িব (রহ.) এই প্রসঙ্গে বলতেন, ‘আমি একটি মাত্র হাদিস সংগ্রহের জন্য দিন-রাত অবিরাম সফর করতাম।’ (ইবনে সাদ, আত-তাবাকাত আল-কুবরা, ৫/১২০, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, বৈরুত, ১৯৯০)। তাঁদের এই অক্লান্ত পরিশ্রম এবং নিখুঁত স্মৃতিশক্তির ফলেই আজ আমরা ইসলামের বিশুদ্ধ জ্ঞানভাণ্ডার লাভ করতে পেরেছি।

তাবেয়িদের যুগে ইসলামি সাম্রাজ্য রোম থেকে পারস্য পর্যন্ত বিস্তৃত হয়েছিল এবং চারদিকে ধনসম্পদের ব্যাপক প্রাচুর্য ছিল। তবে জাগতিক এই চাকচিক্য তাঁদের স্পর্শ করতে পারেনি; তাঁরা নিজেদের সম্পূর্ণ মুক্ত রেখেছিলেন। সাহাবিদের অনুকরণে তাঁরা অত্যন্ত সাদাসিধে খাবার খেতেন এবং সাধারণ পোশাক পরিধান করতেন। তাবেয়ি হাসান বসরি (রহ.) তাঁদের দুনিয়াবিমুখতার এক নিখুঁত চিত্র তুলে ধরে বলেছিলেন, ‘আমি বদর যুদ্ধে অংশগ্রহণকারী ৭০ জন সাহাবির সাক্ষাৎ পেয়েছি; তোমরা যদি তাঁদের দেখতে, তবে তাঁদের পাগল ভাবতে। আর তাঁরা যদি তোমাদের দুনিয়াপ্রীতি দেখতেন, তবে বলতেন—এদের পরকালে কোনো অংশ নেই।’ (আল-ইসফাহানি, হিলয়াতুল আওলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া, ২/১৩৪, দারুল কিতাব আল-আরাবি, বৈরুত, ১৯৮৫)। সম্পদ থাকা সত্ত্বেও তাঁরা তা নিঃসংকোচে গরিবদের মাঝে বিলিয়ে দিতেন এবং আধ্যাত্মিক প্রশান্তির মাঝে জীবন অতিবাহিত করতেন।

তাবেয়িদের রাতগুলো অতিবাহিত হতো আল্লাহর সামনে জায়নামাজে কান্নাকাটি করে। দিনের বেলা কর্মব্যস্ত থাকলেও রাতে তাঁরা হয়ে উঠতেন একনিষ্ঠ সাধক। ওয়ায়েস আল-কারানি, জয়নুল আবিদিন বা উরওয়া ইবনে জুবায়েরের মতো তাবেয়িদের ইবাদতের ঘটনা ইতিহাসে প্রবাদ হয়ে আছে। উরওয়া ইবনে জুবায়ের (রহ.)-এর তাকওয়ার এক বিস্ময়কর উদাহরণ পাওয়া যায় তাঁর অসুস্থতার সময়ে। তাঁর পায়ে পচন ধরেছিল এবং চিকিৎসকেরা তা কেটে ফেলার সিদ্ধান্ত নেন। সেই মুহূর্তে তিনি অজ্ঞান করার ওষুধ খেতে অস্বীকৃতি জানান। তিনি বলেছিলেন, ‘আমি যখন নামাজে দাঁড়াব, তখন তোমরা আমার পা কেটে ফেলো, আমি টেরও পাব না।’ (জাহাবি, সিয়ারু আলামিন নুবালা, ৪/৪৩০, মুআসসাসাতুর রিসালাহ, বৈরুত, ১৯৮৫)। নামাজে আল্লাহর প্রতি তাঁদের এই গভীর একাগ্রতা ও তাকওয়া বর্তমান যুগের মানুষের জন্য কল্পনার অতীত।

ইবাদত ও ইলম চর্চায় মগ্ন থাকলেও তাবেয়িরা কখনোই কর্মবিমুখ বা অন্যের ওপর নির্ভরশীল ছিলেন না। তাঁরা নিজেদের হাতে উপার্জন করতেন এবং হালাল রিজিক অন্বেষণকে ইবাদতেরই একটি অংশ হিসেবে গণ্য করতেন। উপার্জনের ক্ষেত্রে তাঁদের সততা ছিল অতুলনীয়; বিন্দুমাত্র সন্দেহের অবকাশ থাকলে তাঁরা বিপুল অংকের ব্যবসাও ত্যাগ করতেন। তাবেয়ি মুহাম্মদ ইবনে সিরিন (রহ.) কাপড় ও তেলের ব্যবসা করতেন। একবার তিনি ৪০ হাজার দিরহাম (রৌপ্যমুদ্রা) মূল্যের তেল বাকিতে ক্রয় করেন। কিন্তু তেলের পাত্রগুলোর একটিতে একটি মৃত ইঁদুর পাওয়া গেলে তাঁর মনে সন্দেহ জাগে যে, হয়তো তেল মাড়াইয়ের কারখানায় ইঁদুরটি পড়েছিল এবং পুরো তেলই অপবিত্র হয়ে গেছে। এই সন্দেহের বশবর্তী হয়ে তিনি সম্পূর্ণ তেল মাটিতে ফেলে দেন—যাতে কোনো মুসলমানের কাছে সন্দেহযুক্ত পণ্য বিক্রি না হয়। পরে এই বিপুল আর্থিক ক্ষতির কারণে ঋণগ্রস্ত হয়ে তাঁকে কারাবরণ করতে হলেও তিনি তাঁর নীতি থেকে বিচ্যুত হননি। (আল-ইসফাহানি, হিলইয়াতুল আউলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া, ২/২৬৪, দারুল কিতাবিল আরাবি, বৈরুত, ১৯৮৫)। তাঁরা নবীজির সেই কঠিন সতর্কবাণীটি সর্বদা স্মরণ রাখতেন, যেখানে বলা হয়েছে, ‘যে শরীর হারাম (খাদ্য) দ্বারা পুষ্ট হয়েছে, দোজখের আগুনই তার জন্য সবচেয়ে বেশি উপযোগী।’ (সুনানে তিরমিজি, হাদিস: ৬১৪)

তাবেয়িদের চরিত্রের সবচেয়ে সুন্দর দিকটি ছিল তাঁদের পারস্পরিক শ্রদ্ধা ও বিনয়। তাঁরা বয়োজ্যেষ্ঠ সাহাবিদের পিতার মতো সম্মান করতেন এবং নিজেদের মধ্যে মতানৈক্য থাকলেও শিষ্টাচারের সীমা কখনো লঙ্ঘন করতেন না। ইমামদের মাঝে ফিকহি মতভেদ থাকলেও তাঁদের অন্তর ছিল একে অপরের প্রতি নিখাদ ভালোবাসায় পরিপূর্ণ। তাবেয়ি আমির আশ-শাবি (রহ.) একবার সাহাবি ইবনে সাবিতের সম্মানে তাঁর বাহনের পাদানি ধরে রেখেছিলেন। আয়েশা (রা.) সম্পর্কে বর্ণনা করার সময় তাবেয়ি মাসরুক (রহ.) সবসময় বলতেন, ‘আমাকে হাদিস বর্ণনা করেছেন সিদ্দিকা বিনতুস সিদ্দিক, আল্লাহ যাঁর পবিত্রতা ঘোষণা করেছেন এবং যিনি আল্লাহর প্রিয়ভাজন।’ (জাহাবি, সিয়ারু আলামিন নুবালা, ২, মুআসসাসাতুর রিসালাহ, বৈরুত, ১৯৮৫)।

ইমাম আবু হানিফা ও ইমাম আবদুর রহমান আওজায়ি (রহ.)-এর মধ্যে নামাজে প্রতি তাকবিরে দুই হাত তোলাসহ বহু মাসআলায় মতভেদ ছিল। মক্কায় তাঁদের মধ্যে প্রকাশ্য বিতর্কও হয়েছিল। তা সত্ত্বেও তাঁদের অন্তরে একে অপরের প্রতি অগাধ শ্রদ্ধা ছিল। বিতর্কের পর আবদুল্লাহ ইবনুল মুবারককে ইমাম আওজায়ি (রহ.) বলেছিলেন, ‘আমি এই কুফাবাসী ব্যক্তির (আবু হানিফার) গভীর জ্ঞান ও প্রজ্ঞা দেখে ঈর্ষান্বিত হয়েছি, তাঁর ব্যাপারে আমার কাছে যা বলা হয়েছিল তিনি তার সম্পূর্ণ বিপরীত।’ ইমাম আবু হানিফার ইন্তেকালের পর তিনি গভীর শোক প্রকাশ করে বলেন, ‘আজ ইলমের একটি বিরাট স্তম্ভ ধ্বংস হয়ে গেল।’ (ইবনে আবদিল বার, জামিউ বায়ানিল ইলম ওয়া ফাদলিহি, ২/১০৭৯, দারু ইবনিল জাওজি, দাম্মাম, ১৯৯৪)।

তাবেয়িদের জীবনযাপন আমাদের শিক্ষা দেয় যে, পৃথিবীর ক্ষমতার চূড়ায় বা সম্পদের প্রাচুর্যের মাঝে থেকেও কীভাবে হৃদয়কে কেবল আল্লাহর সাথে যুক্ত রাখা যায়। তাঁরা ছিলেন সাহাবিদের রেখে যাওয়া সুন্নতের জীবন্ত প্রতিচ্ছবি, যাঁদের তাকওয়া, ইলম ও সততার ওপর ভিত্তি করেই আজকের ইসলামি সভ্যতার ইমারত দাঁড়িয়ে আছে।