জাতীয় সংসদের হুইপ এবং হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ তাঁর নির্বাচনী এলাকায় ‘গ্রাম্য গানবাজনা’ নিষিদ্ধ করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তাঁর দাবি, এলাকার সাধারণ মানুষ এই ধরনের গানবাজনা পছন্দ করেন না। তবে তাঁর এই মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত রোববার দুপুরে হবিগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভায় কথা বলার সময় জি কে গউছ গ্রাম্য গানবাজনা বন্ধের বিষয়ে তাঁর কঠোর অবস্থান ব্যক্ত করেন। সভায় তিনি বলেন, “আর এই যে গ্রাম্য গানবাজনা, এগুলো আমাদের এলাকার মানুষ পছন্দ করে না। এগুলো একদম টোটালি আমি অনুরোধ করব যে আস্তা (সমগ্র) জেলা হলে ভালো, অন্তত যে এলাকার মানুষ, সোয়া চার লক্ষ ভোটার, আমাকে ভোট দিয়ে (সংসদ সদস্য) বানাইসে, এখানে যেন কোনো গ্রাম্য গানের আয়োজন, এইডা সেইডা, কী বলে ওরসের সময় বা অন্যান্য বিষয়ে কোনো গ্রাম্য গান যেন না শুনি।”

সংসদ সদস্য আরও উল্লেখ করেন যে, শীতকালীন সময়ে ওয়াজ মাহফিল এবং তাফসিরের আয়োজন বেশি বেশি করা হবে। তবে তিনি সতর্ক করে বলেন, কোনো কারণে এসব আয়োজন যেন উত্তেজনা সৃষ্টি না করে এবং ধর্মীয় কোনো অপব্যাখ্যা যেন দেওয়া না হয়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি এবং ভেবেচিন্তে এসব আয়োজনের অনুমোদন দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেন।

সভায় বক্তব্যের এক পর্যায়ে জি কে গউছ পুনরায় বলেন, “আর এই যে গ্রাম্য গানবাজনা, এগুলো আমাদের এলাকার মানুষ পছন্দ করে না। এগুলো একদম টোটালি আমি অনুরোধ করব যে আস্তা (সমগ্র) জেলা হলে ভালো, অন্তত যে এলাকার মানুষ, সোয়া চার লক্ষ ভোটার, আমাকে ভোট দিয়ে (সংসদ সদস্য) বানাইসে, এখানে যেন কোনো গ্রাম্য গানের আয়োজন, এইডা সেইডা, কী বলে ওরসের সময় বা অন্যান্য বিষয়ে কোনো গ্রাম্য গান যেন না শুনি।”

উল্লেখ্য, জাতীয় সংসদের হবিগঞ্জ–৩ আসনটি হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ এলাকা নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী জি কে গউছ ১ লাখ ৪২ হাজার ৩৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন।

বিভিন্ন মেলা, যেমন বাণিজ্য মেলা বা শিল্প মেলার আড়ালে অশ্লীলতা, জুয়া কিংবা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড যাতে সংঘটিত না হয়, সে বিষয়েও সতর্ক করেন তিনি। জি কে গউছ মনে করেন, এসব মেলার কোনো বিশেষ প্রয়োজন নেই। পার্শ্ববর্তী জেলার উদাহরণ টেনে যারা কথা বলেন, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “সেখানকার মানুষের চাহিদা আছে। আমাদের এলাকার মানুষের এই চাহিদা তো নাই। মানুষ তো অপছন্দ করে।”

নিজের নির্বাচনী এলাকার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি ফরমালি আজকে ডিসি সাহেবকে অনুরোধ করব, আমরা আজকে যে আলোচনা করলাম, অন্তত আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি, এই এলাকায় কোনোভাবেই যেন আমরা এ সমস্ত বাড়তি জঞ্জাল আমাদের কাঁধে না নিই।”

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমসহ বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে জি কে গউছ বলেন, “এইটা-সেইটা কত জাতের প্রবলেম আমাদের সামনে আছে। এগুলা সমাধান করব, না নতুনভাবে জঞ্জাল নেব?”

তাঁর মতে, গ্রাম্য বাজারে উচ্ছৃঙ্খলতা তৈরি করে এসব গানবাজনা চলতে পারে না। এসব গানবাজনার কারণে তরুণদের মধ্যে মারামারি হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো রোধ করতেই তিনি প্রশাসনকে গানবাজনা বন্ধের কথা বলেছেন।

‘গ্রাম্য গানবাজনা’ সংক্রান্ত এই বক্তব্য ভাইরাল হওয়ার পর আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মুক্তকণ্ঠের সঙ্গে কথা বলেন হুইপ জি কে গউছ। তিনি দাবি করেন, সব ধরনের গানবাজনা বন্ধের কথা তিনি বলেননি, বরং ‘উচ্ছৃঙ্খল’ গান বন্ধের কথা বলেছেন। তাঁর মতে, গ্রাম্য বাজার গানবাজনার উপযুক্ত স্থান নয়। তিনি আরও বলেন, “গ্রাম্য বাজারে উচ্ছৃঙ্খলতা তৈরি করে এসব গানবাজনা চলতে পারে না। এসব গানবাজনাকে কেন্দ্র করে তরুণদের মধ্যে মারামারি হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্ধ করতেই গানবাজনা বন্ধে প্রশাসনকে বলেছি।”

রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিভিন্ন প্ল্যাটফর্মে নেটিজেনরা তাঁদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। রামেন্দ্র দাস নামে একজন ফেসবুকে লিখেছেন, “যাঁরা গান পছন্দ করেন, তাঁরাও আপনাকে ভোট দিয়েছেন। গান পছন্দ করে না কীভাবে বুঝলেন।”

‘মাই স্কোপ’ নামক একটি আইডি থেকে লেখা হয়, জনপ্রতিনিধির কাজ কোনো নির্দিষ্ট ধর্মীয় বা সাংস্কৃতিক মতাদর্শকে প্রাধান্য দেওয়া নয়; বরং সব শ্রেণি-পেশা ও মতের মানুষের অধিকার রক্ষা করা। ওই পোস্টে আরও বলা হয়, ওয়াজ মাহফিল হোক, গ্রাম্য গান হোক কিংবা অন্য কোনো সাংস্কৃতিক আয়োজন—মানুষের শান্তিপূর্ণভাবে নিজের পছন্দের অনুষ্ঠান করার স্বাধীনতা থাকা উচিত। কেউ ওয়াজ শুনতে চাইলে শুনবেন, কেউ গ্রাম্য গান উপভোগ করতে চাইলে তা উপভোগ করবেন।

একটি আয়োজনকে উৎসাহিত করে অন্য একটি আয়োজন নিষিদ্ধ করার মানসিকতা সাংস্কৃতিক সহনশীলতার পরিচয় নয় বলেও ওই পোস্টে মন্তব্য করা হয়। সেখানে বলা হয়, জনপ্রতিনিধির দায়িত্ব মানুষের পছন্দ নির্ধারণ করা নয়, বরং সবার স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা। ধর্ম পালন যেমন ব্যক্তিগত স্বাধীনতা, তেমনি ধর্ম পালন না করা এবং নিজস্ব সংস্কৃতি চর্চাও ব্যক্তিস্বাধীনতার অংশ। রাষ্ট্র বা জনপ্রতিনিধির কাছে সবার অধিকার সমান হওয়া উচিত।

এছাড়া সুমন মিয়া নামের একজন লিখেছেন, “আপনার কাছে এই ধরনের কথা আশা করিনি।” সন্দীপ দাস নামের আরেকজন লিখেছেন, “এমপি সাহেব, আপনি কী করে বুঝলেন হবিগঞ্জের মানুষ গান ভালোবাসে না। আপনাকে যাঁরা ভোট দিয়েছেন, তাঁরা গান ভালোবাসেন।”