হবিগঞ্জ শহরের ব্যাক রোডে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. জি কে গউছ। নির্মাণকাজে গাফিলতির অভিযোগে হবিগঞ্জ পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। একই সাথে দায়িত্বে অবহেলার দায়ে সংশ্লিষ্ট দুই প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উক্ত সড়কটির নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন হুইপ জি কে গউছ। পরিদর্শনকালে তিনি ঢালাইয়ের কাজে ব্যবহৃত বালু, ইট, পাথর এবং মসলা তৈরির উপকরণের মান খতিয়ে দেখেন। সেখানে নিম্নমানের উপকরণ ব্যবহারের বিষয়টি স্পষ্টভাবে নজরে আসায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রতীক্ষার পর হবিগঞ্জ শহরের জজকোর্টের সামনে থেকে রাজনগর মসজিদের সামনে পর্যন্ত প্রায় ৬৪৯ মিটার দীর্ঘ সড়কের আরসিসি ঢালাইয়ের কাজ শুরু করা হয়েছে। এই নির্মাণকাজে মোট ২ কোটি ৮১ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। শুক্রবার বিকেলে নির্মাণকাজ পরিদর্শনের সময় হুইপ জি কে গউছ পৌর প্রশাসক মো. ময়নুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের মানের ত্রুটিগুলো অবহিত করেন। তিনি সরকারি কার্যাদেশ এবং নির্ধারিত সিডিউল যথাযথভাবে অনুসরণ করে কাজের মান নিশ্চিত করে নির্মাণকাজ সম্পন্ন করার কঠোর নির্দেশ দেন।
কাজের মান সন্তোষজনক না হওয়ায় তাৎক্ষণিকভাবে কার্যসহকারী নুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন হুইপ। পাশাপাশি দায়িত্বে অবহেলার বিষয়ে সংশ্লিষ্ট দুই প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশনা প্রদান করেন তিনি। ওই সময়ে হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মো. ময়নুল হক, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরীসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বিষয়ে হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী জানান, “হুইপের নির্দেশনা অনুযায়ী (১ নভেম্বর) বিকেলে পৌরসভার কার্যসহকারী নুরুল ইসলামকে সাময়িক বরখাস্ত এবং সংশ্লিষ্ট দুই প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।”