হৃদ্‌রোগের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার পথ দেখাতে পারে বাংলাদেশের একটি বিশেষ গবেষণা। এই গবেষণার মূল ধারণাটি হলো, কোনো হাসপাতালে যদি নিজস্ব বিশেষজ্ঞ চিকিৎসক দল না থাকে, তবে অন্য হাসপাতাল থেকে দক্ষ চিকিৎসক দল নিয়ে এসে জটিল হৃদ্‌রোগের আধুনিক চিকিৎসা প্রদান করা সম্ভব। বিশ্বের অন্যতম বৃহৎ হৃদ্‌রোগ চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন টিসিটি ২০২৬-এ এই উদ্ভাবনী গবেষণাটি উপস্থাপন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মো. আফজালুর রহমান। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

উক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে ২ থেকে ৩ নভেম্বর পর্যন্ত এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত খ্যাতিমান হৃদ্‌রোগ বিশেষজ্ঞ, গবেষক এবং চিকিৎসাবিজ্ঞানীরা অংশগ্রহণ করেন। সম্মেলনের বিভিন্ন বৈজ্ঞানিক অধিবেশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন অধ্যাপক আফজালুর রহমান।

গত ২ নভেম্বর হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে চিকিৎসার সময় উদ্ভূত বিভিন্ন জটিলতা নিয়ে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেন আফজালুর রহমান। বিশেষ করে রক্তনালি ছিদ্র হওয়া এবং হৃদ্‌যন্ত্রের চারপাশে রক্ত জমে যাওয়ার মতো জীবনসংকটাপন্ন পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায়, সে বিষয়ে আয়োজিত অধিবেশনে তিনি মূল বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন। একই দিনে আরেকটি গুরুত্বপূর্ণ অধিবেশনে সঞ্চালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

পরদিন ৩ নভেম্বর জটিল হৃদ্‌রোগের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং এর সাথে জড়িত বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত এক অধিবেশনে আলোচক হিসেবে অংশ নেন অধ্যাপক আফজালুর রহমান। একই দিনে তিনি ইন্টারভেনশনালন কার্ডিয়াক টিম ট্রান্সফার পদ্ধতির নতুন ধারণার হৃদ্‌রোগের ইন্টারভেনশনাল চিকিৎসা নিয়ে চলমান পর্যবেক্ষণমূলক গবেষণার বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

উল্লেখ্য যে, অধ্যাপক আফজালুর রহমান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক। বর্তমানে তিনি কন্টিনেন্টাল হাসপাতালে হৃদ্‌রোগের আধুনিক চিকিৎসা প্রদান এবং চিকিৎসকদের প্রশিক্ষণ কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ হৃদ্‌রোগ চিকিৎসাবিষয়ক সম্মেলনে বাংলাদেশের গবেষণা ও চিকিৎসার অভিজ্ঞতা তুলে ধরার এই অর্জন দেশের চিকিৎসাবিজ্ঞানের সামগ্রিক অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।