অনলাইন দুনিয়ায় তিনি পরিচিত ‘মিস্টারবিস্ট’ নামে, তবে তাঁর প্রকৃত নাম জিমি ডোনাল্ডসন। মাত্র ১৪ বছর বয়সে নিজের শোবার ঘর থেকে যে ইউটিউব চ্যানেলের যাত্রা শুরু করেছিলেন, আজ তা বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত চ্যানেলে পরিণত হয়েছে। দুঃসাহসিক চ্যালেঞ্জ, ব্যতিক্রমী সব আয়োজন, লাখ লাখ ডলারের পুরস্কার বিতরণ এবং ব্যাপক মানবিক কর্মকাণ্ডের ভিডিও তৈরির মাধ্যমে বিশ্বজুড়ে এক অনন্য পরিচিতি গড়ে তুলেছেন জিমি ডোনাল্ডসন। সাবস্ক্রাইবার বা গ্রাহক সংখ্যার হিসেবে বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলের মালিক। তবে এই আকাশচুম্বী সাফল্যের পেছনে লুকিয়ে আছে এক কঠিন শৈশব, দীর্ঘস্থায়ী ক্রোনস রোগের সঙ্গে লড়াই এবং ইউটিউবের জটিল অ্যালগরিদম বোঝার তীব্র একাগ্রতা।

১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন জিমি। তাঁর মা সুসান প্যারিশার মার্কিন সামরিক বাহিনীতে কর্মরত থাকায় শৈশবের দীর্ঘ সময় বিভিন্ন শহরে ঘুরে বেড়িয়েছেন তিনি। ২০০৭ সালে বাবা-মায়ের বিচ্ছেদের পর বাবার সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্কুলজীবনে বেসবল ও বাস্কেটবল খেলায় আগ্রহী থাকলেও ১৫ বছর বয়সে পরিপাকতন্ত্রের জটিল ব্যাধি ‘ক্রোনস ডিজিজে’ আক্রান্ত হন তিনি। এই অসুস্থতার কারণে প্রায় ৫০ পাউন্ড ওজন হারান জিমি, যার ফলে তাঁর খেলাধুলার পথ চিরতরে বন্ধ হয়ে যায়। ২০১৬ সালে তিনি ইস্ট ক্যারোলাইনা ইউনিভার্সিটিতে ভর্তি হলেও মাত্র দুই সপ্তাহ পর পড়াশোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তাঁর মা তাঁকে বাড়ি থেকে বের করে দেন। জীবনযুদ্ধের এই কঠিন মুহূর্তে ইউটিউবকেই একমাত্র ভরসা হিসেবে বেছে নেন জিমি।

২০১২ সালে ‘মিস্টারবিস্ট৬০০০’ নামে একটি চ্যানেল খুলে গেমিং ভিডিও তৈরি শুরু করেন তিনি। তবে তাঁর পেশাজীবনের প্রকৃত মোড় ঘোরে ২০১৭ সালে, যখন তিনি টানা ৪০ ঘণ্টা ধরে ১ থেকে ১ লাখ পর্যন্ত গণনা করার একটি ভিডিও প্রকাশ করেন। ২৪ ঘণ্টার সেই দীর্ঘ ভিডিওটি ভাইরাল হয় এবং এর মাধ্যমেই তাঁর গ্রাহকসংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যায়। এরপর শুরু হয় একের পর এক চমকপ্রদ আয়োজন—কখনো কফিনে ঢুকে মাটির নিচে ৫০ ঘণ্টা কাটানো, আবার কখনো নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’-এর আদলে ৪৫৬ জনকে নিয়ে ৪ লাখ ৫৬ হাজার ডলার পুরস্কারের বাস্তব প্রতিযোগিতার আয়োজন করা। জিমি কেবল বিনোদনের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। উপার্জিত অর্থের একটি বিশাল অংশ তিনি সাধারণ মানুষের কল্যাণে বিলিয়ে দেন এবং এই উদ্দেশ্যে গড়ে তোলেন ‘বিস্ট ফিলানথ্রপি’ চ্যানেল। পাশাপাশি তিনি ব্যবসায়িক ক্ষেত্রেও সফল হয়ে গড়ে তুলেছেন ফাস্ট ফুড চেইন ‘মিস্টারবিস্ট বার্গার’ ও স্ন্যাকস ব্র্যান্ড ‘ফিস্টেবলস’। মজার বিষয় হলো, যে মা একসময় তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, সেই সুসান প্যারিশারই এখন তাঁর কোম্পানির প্রধান কমপ্লায়েন্স কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২৪ সালের জুন মাসে বিশ্বের শীর্ষ ইউটিউবার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মিস্টারবিস্ট। বর্তমানে তাঁর চ্যানেলের গ্রাহক সংখ্যা প্রায় ৫২ কোটি।