নড়াইল প্রতিনিধি
পড়াশোনার মাঝপথে থেমে যাওয়া স্বপ্ন আর সংসারের অভাব মোকাবিলায় হাত ধরেছে কৃষির নতুন পথ। ইউটিউবে কৃষি বিষয়ক ভিডিও দেখে শেখা নতুন কৌশলে অফ-সিজনে তরমুজ চাষ করে জীবনের দিক বদলে নিলেন নড়াইলের এক যুবক।
নড়াইলের কালিয়া উপজেলার ডুটকুরা গ্রামের বাসিন্দা অমর কৃষ্ণ বিশ্বাসের ছেলে অসিত বিশ্বাস (৩৫)। মাধ্যমিক পাশ করার পরপরই পড়াশোনা শেষ হয়ে যায় তার। পরিবারের দায়িত্ব নিয়ে তিনি কাজের সন্ধানে বের হন। তবে বেকারত্ব ও সংগ্রামের মধ্যেও তিনি হতাশ হননি। ইউটিউবে বিভিন্ন কৃষি ভিডিও দেখে অফ-সিজনে তরমুজ চাষের প্রতি আগ্রহ তৈরি হয় তার মনে।
প্রায় তিন বছর আগে পাঁচ বিঘা জমি ইজারা নিয়ে তরমুজ চাষ শুরু করেন অসিত। কিন্তু প্রথম বছরেই লোকসানের মুখে পড়তে হয় তাকে। হতাশ হলেও হাল ছাড়েননি তিনি। পরে কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতা নিয়ে আবারও এই খাতে মনোযোগ দেন। ধীরে ধীরে সাফল্য আসতে শুরু করে।
এ বছর ২০৮ শতক জমিতে ‘তৃপ্তি’ ও ‘ব্ল্যাক বেবি’ জাতের তরমুজ চাষ করছেন অসিত। চাষে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় ৭০ হাজার টাকা। আবহাওয়া অনুকূলে থাকলে এবং ভালো ফলন পেলে এ বছর ৩ থেকে ৪ লাখ টাকা লাভের আশা করছেন তিনি।
অসিত বিশ্বাস বলেন, "অভাবের কারণে মাধ্যমিকের পর আর পড়াশোনা করতে পারিনি। পরিবারের জন্য কিছু করার ইচ্ছা সবসময় ছিল। ইউটিউব দেখে তরমুজ চাষের বিষয়ে জানতে পারি। প্রথমবার চাষ করে লোকসান হয়েছিল। পরে কৃষি অফিসের পরামর্শ নিয়ে আবার শুরু করি। এখন ভালো ফলন হলে লাভের আশা করছি। ভবিষ্যতে আরও বড় পরিসরে তরমুজ চাষ করতে চাই।"
এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা মিলন বিশ্বাস জানান, অসিত অফ-সিজনে তরমুজ চাষে আগ্রহী—এমন খবর পাওয়ার পর কৃষি অফিসের পক্ষ থেকে তাকে পরামর্শ ও সহযোগিতা দেওয়া হয়। তাকে উচ্চফলনশীল ‘তৃপ্তি’ ও ‘ব্ল্যাক বেবি’ জাতের বীজ এবং প্রয়োজনীয় কৃষি পরামর্শ দেওয়া হয়েছে। সঠিক পরিচর্যা করলে সে ভালো ফলন পাবে বলে আশা করছি।