নাটক নির্মাণে সৃজনশীল স্বাধীনতা বজায় রাখতে এবার নিজস্ব ইউটিউব চ্যানেল খুলেছেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু। তাঁর এই নতুন ডিজিটাল প্ল্যাটফর্মটির নাম রাখা হয়েছে ‘সালাহউদ্দিন লাভলু ড্রামাস’। গতকাল বৃহস্পতিবার থেকে এই চ্যানেলে নাটকের প্রকাশনা কার্যক্রম শুরু করেছেন তিনি। নির্মাতা জানিয়েছেন, এখন থেকে তিনি মূলত নিজের এই চ্যানেলের জন্যই নাটক নির্মাণ করবেন।
কেন এই নতুন পদক্ষেপ নিলেন, সেই প্রশ্নের জবাবে গতকাল বৃহস্পতিবার মুক্তকণ্ঠকে লাভলু জানান, ‘আমার নাটক সব সময়ই ছিল তারকাবহুল। এসব নাটক আলোচনা তৈরি করেছে। সেই নাটকগুলো এখনো দর্শক দেখেন। হাজার হাজার কমেন্ট, “লাভলু ভাই সেই রঙের মেলা, ভবের হাট, সাকিন সারিসুরি, সোনার পাখি রুপার পাখির মতো নাটক চাই।” কিন্তু আমি নির্মাণে সেই সুযোগ বিভিন্ন কারণে পাচ্ছিলাম না। অনেকটা অসম্ভবই হয়ে যাচ্ছিল।’
বর্তমান নাট্যজগতের পরিস্থিতি ও চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এখন নাটক বানাতে গেলে ভিউ বা ভাইরাল নিয়ে বাড়তি চাপ থাকে। যত উটকো গল্প আছে, অনেকে সেসব নিয়ে কাজ করতে চান। এসব বিষয়ে পরিচালক হিসেবে মানসিক চাপে ছিলাম। চাপমুক্ত হওয়ার জন্য বেসিক্যালি নিজের চ্যানেল ওপেন করা। মনে হলো স্বাধীনভাবে কাজ করা দরকার।’
লাভলু স্পষ্টভাবে জানিয়েছেন যে, তিনি কোনো ভাইরাল ট্রেন্ডের পেছনে ছুটতে আগ্রহী নন। বরং দেশের দর্শকদের জন্য নিজস্ব ঘরানার গল্প ফুটিয়ে তুলতে চান। তাঁর ভাষায়, ‘আমাদের নিজস্ব সংস্কৃতিকে যেটা রিফ্লেক্ট করে, যেটা আমাদের কথা বলে, আগের মতো সেই ধরনের বিষয়বস্তু নিয়েই নাটক করতে চাই। এখানে সময়ের ছাপ থাকবে।’
প্রাথমিক পরিকল্পনা সম্পর্কে লাভলু জানান, শুরুতে বড় বাজেটের নাটকের পরিবর্তে ছোট গল্পের ধাঁচে এমন কিছু নির্মাণ করবেন, যা দর্শক এক নিশ্বাসে দেখে শেষ করতে পারবেন। চ্যানেলের প্রাথমিক সাড়া নিয়ে তিনি বলেন, ‘চ্যানেলটির কথা ফেসবুকে ঘোষণার মাত্র ১২ ঘণ্টার মধ্যে সাবস্ক্রাইবার হয়েছে তিন হাজার। এখনো কনটেন্টই দিইনি। এটা আমাকে আশাবাদী করেছে। ভালো কনটেন্ট হলে দর্শক অবশ্যই পাশে থাকবেন।’
ইতিমধ্যেই তাঁর ইউটিউব চ্যানেলে ‘হৃদয়পোড়া গন্ধ’ সিরিজের প্রথম পর্ব ‘অন্ধ মা’ প্রকাশ করা হয়েছে। আসাদ সরকারের লেখা এই ধারাবাহিকটি মোট ২৬টি পর্বে শেষ হবে এবং প্রতি বৃহস্পতিবার একটি করে পর্ব মুক্তি পাবে। ভবিষ্যতে এই চ্যানেলটিকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে তাঁর।