ভালোবাসার নামে বর্তমানে অনেক কিছুই ঘটছে, তবে প্রকৃত প্রেম কি সত্যিই টিকে আছে? সম্পর্কের জটিল চাওয়া-পাওয়ার হিসাবের ভিড়ে দুজন মানুষ কি একে অপরের আশ্রয়, আস্থা কিংবা নিরাময়ের জায়গা হয়ে উঠতে পারছেন? এই গভীর প্রশ্ন এবং দুজন পরিণত মানুষের সম্পর্কের টানাপোড়েন নিয়ে মঞ্চে এল হান্ট থিয়েটারের নতুন প্রযোজনা ‘তবুও প্রেম আসে’। গত বুধবার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। নাটকটির গল্প ও নির্দেশনায় ছিলেন ডায়না ম্যারেলিন এবং নাট্যরূপ দিয়েছেন শাফী বিন কবির।
নাটকটির নির্দেশনা নিয়ে কথা বলেছেন পরিচালক ডায়না ম্যারেলিন। তিনি জানান, ‘তবুও প্রেম আসেতে’ ভালোবাসাকে কেবল আবেগ কিংবা চাওয়া-পাওয়ার সমীকরণ হিসেবে দেখানো হয়নি। বরং দুজন পরিণত মানুষের সম্পর্কের মাঝে একজন অন্যজনের আরাম, আশ্রয় ও আস্থার জায়গা হয়ে ওঠার গল্পটি ফুটিয়ে তুলতে চেয়েছেন তিনি।
পরিচালক ডায়না ম্যারেলিন বলেন, ‘আমরা একটা প্রেমের গল্প বলতে চেয়েছিলাম। কিন্তু প্রেমের গল্প বলতে গিয়ে দেখি, প্রেমের নামে এখন সবই হচ্ছে, শুধু প্রেমই হচ্ছে না! দুজন পরিণত মানুষ একজন আরেকজনের আরাম হবে, বিশ্রামের জায়গা হবে, আস্থার ঠিকানা হবে। একজন আরেকজনকে নিরাময় করতে তার ক্ষতে প্রলেপ দেবে। এই সহজ সত্য দূরে সরিয়ে আমরা চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে ব্যস্ত হয়ে আছি।’
প্রেমকে জীবনের এক স্বাভাবিক অনুষঙ্গ হিসেবে দেখার চেষ্টা করেছেন নির্দেশক। তাঁর ভাষায়, ‘প্রেম তো আর আলাদা কিছু নয়, এটা একটা লাইফস্টাইল। নিত্যদিনের ব্যস্ততায় একটুকরা খোলা আকাশ, একটা বিশ্বস্ততার সিলমোহর। ক্ষণস্থায়ী হোক বা দীর্ঘস্থায়ী, মুখোমুখি প্রেম বা দূরত্বের সম্পর্ক, একসঙ্গে বুড়ো হওয়া কিংবা তীব্র ভালোবাসা—সম্পর্কে এটুকু সততা তো রাখাই যায়।’
নাটকটিতে অভিনয় করেছেন সারাহ জেবীন, সুপ্তি দাস, ডায়না ম্যারেলিন, নিয়ন আহসান, সাইম বিন মুজিব ও জেরম প্রজ্ঞা। এছাড়া গানে কণ্ঠ দিয়েছেন সুমেল চৌধুরী, সাজ্জাদ কবির ও রেশমী চাকমা। উল্লেখ্য, হান্ট থিয়েটার এর আগে গত এপ্রিল মাসে ‘ক্যাফে দ্য ভলতে’ নাটকটি মঞ্চে এনেছিল। প্রচলিত মঞ্চভাষার বাইরে গিয়ে ভিন্নধর্মী উপস্থাপনা, নির্দেশনা ও অভিনয়ের কারণে সেই প্রযোজনাটি ঢাকার নাট্য অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল। সেই সফল অভিজ্ঞতার পর এবার সম্পর্ক ও ভালোবাসার গল্প নিয়ে ‘তবুও প্রেম আসে’ নাটকটি মঞ্চে নিয়ে এল তারা।