পৃথিবীর নিম্ন কক্ষপথে বিশালাকার আয়না স্থাপন করে রাতের অন্ধকারে কৃত্রিম সূর্যের আলো সরবরাহ করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান রিফ্লেক্ট অরবিটাল। এই প্রতিষ্ঠানের লক্ষ্য হলো, মহাকাশ থেকে প্রতিফলিত সূর্যের আলোকে অর্থের বিনিময়ে পৃথিবীর নির্দিষ্ট কোনো স্থানে নিক্ষেপ করা। এই পরিকল্পনা বাস্তবায়নে তারা ইতিমধ্যে ভারতের হায়দরাবাদভিত্তিক প্রতিষ্ঠান স্ক্রুট অ্যারোস্পেসের সঙ্গে দুটি রকেট উৎক্ষেপণের চুক্তি সম্পন্ন করেছে।
রিফ্লেক্ট অরবিটালের দাবি, “মহাকাশ থেকে আসা কৃত্রিম সূর্যালোক যেকোনো মুহূর্তে বন্ধ করার পাশাপাশি পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে এর উজ্জ্বলতা কমানো বা বাড়ানো যাবে।” প্রতিষ্ঠানটির মতে, এই প্রযুক্তির ফলে প্রতিরক্ষা খাতের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান এই কৃত্রিম আলোর সুবিধা নিতে পারবে। এছাড়া জনসম্মুখে আয়োজিত বড় ধরনের অনুষ্ঠানের আয়োজকদের কাছেও এই সেবাটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য যে, এই ধরনের উদ্যোগ এবারই প্রথম নয়। ১৯৯৩ সালে রাশিয়ার একদল বিজ্ঞানী ও প্রকৌশলী পৃথিবীর কক্ষপথে ৬৫ ফুট দীর্ঘ একটি আয়না পাঠিয়েছিলেন। এর মাধ্যমে তারা পৃথিবীতে সূর্যালোকের একটি ঘূর্ণমান বিম পাঠাতে সক্ষম হলেও প্রয়োজনীয় অর্থের অভাবে প্রকল্পটি পরবর্তীতে বন্ধ হয়ে যায়।
এদিকে, মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল কমিউনিকেশন কমিশন গত জুলাই মাসে রিফ্লেক্ট অরবিটালকে তাদের প্রথম ‘ইয়ারেন্ডিল-১’ স্যাটেলাইট মোতায়েন ও পরিচালনার অনুমতি প্রদান করেছে। তবে এই স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীতে আলো প্রতিফলনের অনুমতি দেওয়া হয়নি। এই অনুমতি প্রদানের পর আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটিসহ বেশ কিছু পরিবেশবাদী সংস্থা তা বাতিলের দাবি জানিয়েছে। এই সংস্থাগুলোর মতে, রাতের বেলা কৃত্রিম সূর্যের আলো বন্যপ্রাণীদের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটাতে পারে এবং জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গবেষণায় বাধা সৃষ্টি করতে পারে। শুধু তাই নয়, এর ফলে মানুষের স্বাভাবিক ঘুম ও জাগরণের চক্রও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্পেস-মিরর থেকে নির্গত আলো লক্ষ্যবস্তু এলাকার বাইরে রাতের আকাশে কী ধরনের প্রভাব ফেলবে, তা একটি বৈজ্ঞানিক মডেলের মাধ্যমে বিশ্লেষণ করা হয়েছে। দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, প্রতিফলিত সূর্যালোক যখন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন বাতাসের অণু এবং ক্ষুদ্র কণাগুলো বিমের কিছু অংশ আশপাশের আকাশে ছড়িয়ে দেয়। মাটিতে পৌঁছানো আলো পুনরায় ওপরের দিকে প্রতিফলিত হয়ে ছড়িয়ে পড়ে, যার ফলে কৃত্রিম আলোর ক্ষতিকর প্রভাব বিমের ভেতরেই শুরু হয়ে যায়। গবেষণায় দেখা গেছে, প্রায় ২.৫ কিলোমিটার ব্যাসার্ধের আলোকিত এলাকাটি প্রায় ৯.৫ লাক্স আলোয় উদ্ভাসিত হবে, যা সাধারণ রাস্তার বাতির উজ্জ্বলতার সমান। এছাড়া আয়নাটি নিজেই পূর্ণ চাঁদের চেয়ে প্রায় ৪০ গুণ বেশি উজ্জ্বলভাবে চকচক করবে। সূর্যাস্তের ঠিক পরের গোধূলির মতো আকাশ উজ্জ্বল হয়ে ওঠায় সবচেয়ে উজ্জ্বল তারাগুলোও এই কৃত্রিম আলোর কারণে অদৃশ্য হয়ে যাবে।
গবেষকদের মতে, আলোকিত এলাকার ভেতরের রাতের আকাশ পুরোপুরি হারিয়ে যাবে। এর ফলে বিমের বাইরের প্রায় ৩০ কিলোমিটার দূর পর্যন্ত রাতের আকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই আলোক দূষণ একই আকারের কোনো শহরের ওপরের আলোর চেয়ে অনেক বেশি হবে। এছাড়া বিমের আলোয় আলোকিত উচ্চ স্তরের পাতলা মেঘের কারণে এই দূষণ অনেক দূর থেকে দৃশ্যমান হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গবেষকদের হিসাব অনুযায়ী, যদি একই এলাকায় একসঙ্গে আলো ছড়াতে সক্ষম এমন ৪০০টি আয়না একত্র করা হয়, তবে তা পূর্ণ চাঁদের চেয়ে প্রায় ১০ হাজার গুণ বেশি উজ্জ্বলতা তৈরি করবে। এর ফলে এই তীব্র আভা ৮০ কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান হবে।