সচ্ছল জীবনের আশায় লাওসে গিয়ে চরম বিপদে পড়েছেন রাজশাহীর বাগমারা উপজেলার এক তরুণ। পরিবারের অভিযোগ, গত সাত মাস ধরে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ওই তরুণকে পাহাড় ও জঙ্গলে পালিয়ে থাকতে বাধ্য করা হচ্ছে। সেখানে কাজ করলেও তিনি কোনো মজুরি পাচ্ছেন না।
ভুক্তভোগী তরুণের নাম রায়হান উদ্দিন (২১)। তিনি উপজেলার হায়াতপুর গ্রামের ভ্যানচালক গোকুল হোসেনের ছেলে। গতকাল রোববার বিকেলে সাংবাদিকদের কাছে তাঁর বাবা গোকুল হোসেন বিস্তারিত অভিযোগ তুলে ধরেন। পরিবার ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চ মাসে স্থানীয় দুই আদম ব্যবসায়ী রেজাউল করিম ও সাজেদুর রহমানের মাধ্যমে লাওসে যান রায়হান। আকর্ষণীয় বেতন ও ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাঁকে সেখানে পাঠানোর কথা বলা হয়। এই প্রক্রিয়ায় রায়হানের পরিবারের কাছ থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন ওই দুই দালাল।
পরিবারটি জানায়, জমি বিক্রি করে এবং ভ্যান চালিয়ে জমানো টাকা দিয়ে রায়হানকে পাঠানো হলেও তিনি এখন পর্যন্ত দেশে কোনো টাকা পাঠাতে পারেননি। উল্টো স্থানীয় দালালেরা এখন পরিবারের কাছে আরও টাকার দাবি জানাচ্ছেন। এই ঘটনায় দুই দালালের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁর বাবা।
অভিযোগ অনুযায়ী, লাওসের বিমানবন্দরে পৌঁছানোর পরপরই দালাল চক্রের স্থানীয় সহযোগীরা রায়হানকে নিয়ে যান। এসময় তাঁর পাসপোর্টসহ প্রয়োজনীয় সব কাগজপত্র কেড়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখা হয়। যদিও তাঁর দুই মাসের পর্যটক ভিসা ছিল, কিন্তু ভালো কাজের পরিবর্তে তাঁকে বন্দী করে রাখা হয়। বিভিন্ন স্থানে নামমাত্র কাজ করানো হলেও রায়হান বা তাঁর পরিবার কোনো মজুরি পাননি।
এই অভিযোগের বিষয়ে সাজেদুর রহমান বলেন, ‘আমি শুধু যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করেছি, টাকাপয়সার লেনদেন তারা করেছে। তবে ১৫ নভেম্বরের মধ্যে রায়হানকে ভালো কাজ পাইয়ে দেওয়া হবে বলে আমাকে জানানো হয়েছে।’
এদিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা হলে রায়হান উদ্দিন মুক্তকণ্ঠকে জানান, লাওসে পৌঁছানোর পর দালালদের নিয়ন্ত্রণে একটি কক্ষে অন্যদের সঙ্গে গাদাগাদি করে তাঁকে আটকে রাখা হয়। কিছুদিন পর তাঁকে অন্য একটি স্থানে সরিয়ে নেওয়া হয়, যেখানে ঠিকমতো খাবার দেওয়া হয় না। তাঁর সঙ্গে বাগমারার আরও ৫ জনসহ মোট ১২ জন একই দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।
কাজে নেওয়া হলেও সব টাকা দালালের পকেটেই যায় বলে দাবি করেন রায়হান। তিনি বলেন, ‘ভালো কাজের কথা বললেই নির্যাতন ও পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পারমিট কার্ড দেওয়ার কথা বললেও গত সাত মাসেও তা দেওয়া হয়নি। কার্ড চাইলে দালালেরা বলে, “তোমাকে এক বছরের জন্য বিক্রি করে দেওয়া হয়েছে, এভাবেই থাকতে হবে।”’
পুলিশের অভিযানের সময় অবৈধ অভিবাসীদের পাহাড়ে পাঠিয়ে দেওয়া হয় বলে জানান রায়হান। তাঁর ভাষ্যমতে, সেখানে অনেক সময় চার-পাঁচ দিন কোনো খাবার দেওয়া হয় না। তখন জীবন বাঁচাতে পাহাড় থেকে বস্তা ভরে ফলমূল সংগ্রহ করতে হয় তাঁদের। কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন রায়হান। তিনি বলেন, ‘বিদ্যাশ আইসা যে কষ্ট করিত্তি, দেশেও কষ্ট করিনি। লাওসে আসার পর থাইক্যা শুধু আলু খাইয়্যা আছি।’
স্থানীয় বাসিন্দারা জানান, ভ্যানচালক গোকুল হোসেন ধারদেনা করে এবং জমি বিক্রি করে ছেলে রায়হানকে বিদেশে পাঠিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ছেলে দালালের খপ্পরে পড়েছেন। এখন ঋণের কিস্তি পরিশোধ করতে বৃদ্ধ বয়সেও তাঁকে ভ্যান চালাতে হচ্ছে।
অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যেই একজন উপপরিদর্শককে (এসআই) বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’