ইরানের সামরিক সরঞ্জাম ও অস্ত্র আমদানির পথ বন্ধ করতে এবার স্থলসীমান্ত এবং কাস্পিয়ান সাগরের দিকে নজর দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এই সীমান্ত পথগুলো দিয়ে উন্নত অস্ত্রশস্ত্র, বিস্ফোরক এবং দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তির সরবরাহ সম্পূর্ণভাবে ঠেকিয়ে দিতে ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে একটি বিশেষ বাহিনী গঠন করছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ।
গত শনিবার এই উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছে। এই বিশেষ বাহিনীর মূল লক্ষ্য কেবল অস্ত্র সরবরাহ বন্ধ করা নয়, বরং ইরানের অবৈধ আয়ের উৎসগুলোকেও চিহ্নিত করে তা বন্ধ করা।
রয়টার্সের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ‘টাস্কফোর্স আয়রন গেট’-এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় অবস্থিত হবে। এটি মার্কিন সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। অস্ত্র পরিবহনের পাশাপাশি ইরানের ব্যবহৃত দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তির সরবরাহ রুখবে এই টাস্কফোর্স।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) পাশাপাশি সরকারের অন্যান্য সংস্থার সঙ্গেও এর সমন্বয় থাকবে। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, “এই কার্যক্রমে অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিচার বিভাগের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও যুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে।”
ইরানের ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায়, দেশটির সাতটি দেশের সঙ্গে স্থলসীমান্ত রয়েছে, যার মোট দৈর্ঘ্য প্রায় ৫ হাজার ৯০০ কিলোমিটার (৩ হাজার ৬৬০ মাইল)। পশ্চিম ও উত্তর দিকে রয়েছে ইরাক, তুরস্ক, আর্মেনিয়া ও আজারবাইজান এবং পূর্ব দিকে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তান। এছাড়া কাস্পিয়ান সাগরের সঙ্গে ইরানের উপকূলরেখার দৈর্ঘ্য প্রায় ৭৫০ কিলোমিটার (৪৭০ মাইল), যা সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহৃত হতে পারে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর আট মাসের বেশি সময় অতিবাহিত হলেও তেহরানের ওপর চাপ বাড়ানোর নতুন কৌশল খুঁজছে ওয়াশিংটন। মার্কিন হামলায় ইরানের প্রচলিত সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি ও আরব সাগর দিয়ে অপরিশোধিত তেল রপ্তানির পথ যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে। তা সত্ত্বেও ইরান এই অঞ্চলের জন্য বড় হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে এবং দেশটির শাসকরা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ আরও কঠোর করেছেন।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক বিবৃতিতে বলেছেন, “যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে সেন্টকমের সহযোগিতা জোরদার হলে সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানা পুনর্গঠন এবং সামরিক সরঞ্জামের মজুত পুনরায় পূরণ করার ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও সীমিত হবে।”
সেন্ট্রাল কমান্ডের হিসাব অনুযায়ী, নৌ অবরোধের ফলে ইরানের ২ হাজার ৫০০ কোটি ডলারের বেশি মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি বন্ধ হয়ে গেছে।
ইরানের গোপন নেটওয়ার্ক
রয়টার্সের এক অনুসন্ধানে জানা গেছে, পশ্চিমা নিষেধাজ্ঞা এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এড়িয়ে সামরিক সরঞ্জাম, বিস্ফোরক ও ভারী যানবাহন আমদানির জন্য ইরান একটি গোপন নেটওয়ার্ক গড়ে তুলেছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত এই নেটওয়ার্কের মাধ্যমে অন্তত ২০০ কোটি ডলারের সরঞ্জাম আমদানি করা হয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, রাশিয়া থেকে কাস্পিয়ান সাগর হয়ে পণ্যবাহী জাহাজে, মধ্য এশিয়া থেকে ট্রাকে এবং চীন থেকে কার্গো বিমানে এসব সরঞ্জাম ইরানে প্রবেশ করেছে। ফলে নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও বিভিন্ন বিকল্প পথে সামরিক সরঞ্জাম সংগ্রহ অব্যাহত রেখেছে তেহরান।
নতুন করে যুদ্ধের আশঙ্কা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি বড় ধরনের ধাক্কা খাওয়ার পর ইরান উল্লাস প্রকাশ করেছে। এই নির্বাচনের ফলে কংগ্রেসের নিয়ন্ত্রণ বিরোধী ডেমোক্রেটিক পার্টির হাতে চলে গেছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রিপাবলিকানদের এই ভরাডুবির জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন। একই সঙ্গে এই সংঘাত চালিয়ে যাওয়া আদৌ সঠিক সিদ্ধান্ত কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধে সাম্প্রতিক দিনগুলোতে মধ্যস্থতাকারীরা তৎপরতা বাড়িয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর যুদ্ধ পুনরায় শুরু হতে পারে—এমন আশঙ্কা থেকে এই প্রচেষ্টা জোরদার করা হয়েছে।
ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়ে আসছেন, যা উপসাগরীয় দেশগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। কারণ, তেহরান উপসাগরীয় অঞ্চলের অবকাঠামোতে ব্যাপক পাল্টা হামলার হুমকি দিয়েছে।
রয়টার্স এর আগে জানিয়েছিল, সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নে বলা হয়েছে, ইরানের ওপর নতুন করে হামলা চালালেও তেহরানের আলোচনার অবস্থানে মৌলিক কোনো পরিবর্তন আসবে না। এমনকি এতে ইরানের সরকারের পতনও ঘটবে না।