ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদানকারীদের জন্য সর্বোচ্চ ২ কোটি ডলার (প্রায় ২৫০ কোটি টাকা) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পুরস্কারের পাশাপাশি তথ্যদাতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ওয়াশিংটন।
গতকাল শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই ঘোষণাটি প্রদান করে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এই অর্থ প্রদান করা হবে। মূলত ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত বিভিন্ন স্থাপনা, প্রয়োজনীয় সরঞ্জাম, বিজ্ঞানী, গবেষক এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে গোপন তথ্য চাওয়া হয়েছে।
উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ১৯৮৪ সালে ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচিটি চালু করা হয়েছিল। এই কর্মসূচির আওতায় তথ্যের বিনিময়ে আর্থিক পুরস্কার দেওয়ার পাশাপাশি তথ্যদাতাদের জীবন ও নিরাপত্তা রক্ষায় তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিশেষ সুযোগ রাখা হয়েছে।
পুরস্কার ঘোষণার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছে, ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তাবিষয়ক বাধ্যবাধকতাগুলো মেনে না চলায় সংস্থাটি দেশটির পারমাণবিক কার্যক্রমের ওপর যথাযথ নজরদারি চালাতে পারছে না। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ তৈরি এবং এর মজুত সম্পর্কে সংস্থাটি ধারাবাহিকভাবে তথ্য সংগ্রহ করতে ব্যর্থ হচ্ছে।
তবে ঠিক কী ধরনের সুনির্দিষ্ট তথ্য প্রদান করলে সর্বোচ্চ ২ কোটি ডলারের পুরস্কার পাওয়া যাবে, সে বিষয়ে বিস্তারিত কোনো শর্ত মার্কিন পররাষ্ট্র দপ্তর উল্লেখ করেনি।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যত পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। গতকাল রাতে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না। ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে দেশটি তা ব্যবহার করত এবং মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিত।”
ট্রাম্প আরও দাবি করেন, আট মাসের যুদ্ধে ইরানের অর্থনীতি ও সামরিক শক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এখন দেশটি যুদ্ধ বন্ধ করে একটি চুক্তিতে আসতে আগ্রহী। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা এখন তাদের সঙ্গে আলোচনা করছি। তারা একটি চুক্তি করতে চায়।”
এদিকে, মধ্যপ্রাচ্যে পুনরায় যুদ্ধ পরিস্থিতি তৈরি না হওয়ার লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশগুলো নিরবচ্ছিন্ন কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। গত মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও তাঁর বক্তব্যে জানিয়েছেন, তাঁর সরকার এখনো আলোচনার মাধ্যমে বিদ্যমান সংকট সমাধানের চেষ্টা করে যাচ্ছে।
এর আগে ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, ইরানে আরও দুয়েকটি লক্ষ্যবস্তুতে ব্যবস্থা নেওয়া বাকি আছে। এর মধ্যে মধ্য ইরানের পিকঅ্যাক্স পর্বতও অন্তর্ভুক্ত। যুক্তরাষ্ট্রের দাবি, সেখানে ইরানের একটি পারমাণবিক স্থাপনা রয়েছে, যদিও ইরান বরাবরই এই দাবি অস্বীকার করে আসছে।