বিকেলের আড্ডায় এক কাপ ঠান্ডা চা অনেকেরই খুব প্রিয়। আবার অনেকের পছন্দ কফি। তবে আপনি যদি চা এবং কফি—উভয়ের স্বাদই একসাথে পেতে চান, তবে চেষ্টা করে দেখতে পারেন বিশেষ পানীয় 'লাতে টি'। চা ও কফির এক চমৎকার সংমিশ্রণে তৈরি এই পানীয়টি আপনার আড্ডাকে করে তুলবে আরও প্রাণবন্ত।
লাতে চায়ের সহজ ও কার্যকর রেসিপিটি দিয়েছেন জেবুন্নেসা বেগম। এই পানীয়টি তৈরি করতে প্রয়োজনীয় উপকরণগুলো নিচে দেওয়া হলো:
দুধ দেড় কাপ
পানি ১ কাপ
চা–পাতা ১ চা-চামচ
চিনি ১-২ চা-চামচ (স্বাদমতো)
বরফকুচি আধা গ্লাস
কফি আধা চা-চামচ
তৈরির পদ্ধতি:
প্রথমে একটি পাত্রে পানি ফুটিয়ে নিন। ফুটন্ত পানিতে চা–পাতা দিয়ে ফুটিয়ে ঘন লিকার তৈরি করে নিতে হবে। এরপর লিকারটি ছেঁকে আলাদা করে নিন।
ছেঁকে নেওয়া লিকারে পরিমাণমতো চিনি ও কফি মিশিয়ে নিন। এবার একটি গ্লাসে আইস কিউব বা বরফকুচি নিন। প্রস্তুত করা চায়ের লিকারটি ঠান্ডা করে বরফের ওপর ঢেলে দিন। সবশেষে এতে দুধ মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ও ঠান্ডা লাতে টি।