একঘেয়েমির বাইরে চা পানীয়তে ভিন্নতা আনতে চাইলে চেষ্টা করে দেখতে পারেন গ্রিন অ্যাপেল বাটারফ্লাই পি টি। কেবল সকাল কিংবা বিকেলের নাস্তায় নয়, বরং বিশেষ কোনো অতিথি আপ্যায়নেও এই পানীয়টি বেশ জমবে। এই বিশেষ পানীয়টির রেসিপি শেয়ার করেছেন জেবুন্নেসা বেগম।
এই পানীয়টি তৈরি করতে প্রয়োজনীয় উপকরণগুলো হলো:
একটি সবুজ আপেল,
৬ থেকে ৮টি অপরাজিতা ফুল,
২ কাপ পানি,
৩ চা-চামচ চিনি,
আধা গ্লাস বরফকুচি এবং
১ চা-চামচ লেবুর রস।
প্রস্তুত প্রণালী:
প্রথমে একটি পাত্রে ১ কাপ পানি ফুটিয়ে নিন। পানি ফুটে উঠলে তাতে সবুজ আপেল দিয়ে দিন। এরপর ২-৩ মিনিট ফুটিয়ে তাতে চিনি মিশিয়ে দিন। আরও ১ মিনিট অপেক্ষা করার পর চুলা থেকে নামিয়ে মিশ্রণটি ছেঁকে নিন।
এরপর অন্য একটি পাত্রে আরও ১ কাপ পানি ফুটিয়ে নিন। ফুটন্ত পানিতে অপরাজিতা ফুল দিয়ে ১ মিনিট ফুটিয়ে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিন।
পরিবেশনের জন্য একটি গ্লাসে প্রথমে বরফকুচি দিয়ে দিন। এবার আগে থেকে তৈরি করে রাখা ঠান্ডা আপেল সিরাপটি গ্লাসে ঢেলে দিন। সবশেষে ওপর থেকে অপরাজিতার চা ঢেলে দিন। স্বাদ আরও বাড়াতে চাইলে এতে সামান্য লেবুর রস মিশিয়ে পরিবেশন করতে পারেন।