সিলেটে ব্যাট হাতে ২৪২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার কথা ছিল তাওহিদ হৃদয়ের। তবে দীর্ঘ সময়ের ব্যাটিংয়ের কারণে শরীর অত্যন্ত ক্লান্ত থাকায় গতকাল তিনি আসতে পারেননি। আজ সংবাদ সম্মেলনে হাজির হন তিনি। তাঁকে নিয়ে ক্রিকেট অঙ্গনে ব্যাপক কৌতূহল থাকলেও প্রথম প্রশ্নটি ছিল ভিন্ন দিকে—মিরপুর টেস্টের পর তাঁর পারফরম্যান্স নিয়ে যে সমালোচনা হয়েছিল, তা নিয়ে।
মিরপুর টেস্টের দুটি ইনিংসেই তাড়াহুড়ো করে শট খেলতে গিয়ে আউট হয়েছিলেন হৃদয়। ফলে তাঁর টেস্ট ক্রিকেটের ধৈর্য নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে সেই সমালোচনার পর পরের ম্যাচেই অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপান্তর করেছেন হৃদয়। এই অর্জনের মাধ্যমে তিনি মুশফিকুর রহিমকে ছাড়িয়ে গেছেন এবং বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের নতুন রেকর্ড গড়েছেন।
২৪২ রানের এই বিশাল ইনিংসের কৃতিত্বের চেয়েও সমালোচনা প্রসঙ্গে নিজের একটি বিশেষ অনুরোধে বেশি গুরুত্ব দেন হৃদয়। তিনি বলেন, “আমি আগেও বলেছি, সব সময় বলব আপনি নিয়মিত পারফর্ম করতে পারবেন না, সেটা যেকোনো পেশাতেই হোক। বিশ্বের সব দলের ক্ষেত্রেই এটা হয়। তাই এক-দুই দিনের পারফরম্যান্স দেখে কাউকে বিচার করাটা ঠিক নয়।”
সমালোচনার বিষয়ে হৃদয়ের কোনো আপত্তি নেই। বরং ভুল করলে সমালোচনা হওয়াটা স্বাভাবিক বলেই মনে করেন তিনি। তবে এই সমালোচনার একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত বলে মনে করেন এই তরুণ ব্যাটসম্যান। এ বিষয়ে তিনি আরও বলেন, “আপনারা অবশ্যই সমালোচনা করবেন। আমরা ভুল করলে সমালোচনা করার অধিকার আপনাদের আছে। তবে সেটা এক-দুটি ইনিংসের ভিত্তিতে নয়। একই ভুল যদি ধারাবাহিকভাবে হতে থাকে, তখন সমালোচনা করা যৌক্তিক। তারপরও বুঝতে হবে, খেলার পরিস্থিতি কী দাবি করছে।”
মিরপুরের ব্যর্থতার পর সিলেটে হৃদয়ের এই দুর্দান্ত প্রত্যাবর্তন কেবল ব্যাট হাতে জবাব দেওয়ার গল্প নয়, বরং সমালোচনার ধরন নিয়েও একটি স্পষ্ট বার্তা।
২৪২ রানের এই ইনিংসের আরেকটি বিশেষ দিক হলো মুশফিকুর রহিমের দীর্ঘদিনের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটি ভেঙে দেওয়া। রেকর্ডটি ভাঙার পর ড্রেসিংরুমে মুশফিক নিজেই তাঁকে অভিবাদন জানিয়েছেন। তবে ব্যাটিং করার সময় এসব রেকর্ড হৃদয়ের মাথায় ছিল না। দলের জন্য সর্বোচ্চ অবদান রাখাই ছিল তাঁর মূল লক্ষ্য। এ প্রসঙ্গে তিনি বলেন, “এটা আমার রিজিকে ছিল। আমি আসলে চিন্তা করিনি যে আমি কাকে ছাড়িয়ে যাচ্ছি বা কী হবে; আমার ওই পরিস্থিতিতে যেটা মনে হয়েছে, দলকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে যতটুকু লড়াই করা যায়, চেষ্টা করেছি। আমি সেট ছিলাম, আমার দিনটা ভালো যাচ্ছিল, ব্যাটে বল লাগছিল। চেষ্টা করেছি যে দলের জন্য যতটুকু অবদান রাখা যায়।”
সাদা বলের দুই সংস্করণ মিলিয়ে হৃদয়ের সেঞ্চুরি মাত্র একটি। তবে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ম্যাচেই তিনি সেঞ্চুরি করলেন, যা পরবর্তীতে ডাবল সেঞ্চুরিতে পরিণত হয়। অনেকেই একে তাঁর ক্যারিয়ারের সেরা ইনিংস হিসেবে গণ্য করলেও হৃদয়ের ভাবনা ভিন্ন। ক্যারিয়ারের বিশেষ মুহূর্তের কথা বলতে গিয়ে তিনি অনূর্ধ্ব-১৯ দলের কথা স্মরণ করেন। সেখানে তিনি টানা তিনটি সেঞ্চুরি করেছিলেন। হৃদয়ের কাছে সেটিই এখনো সবচেয়ে বিশেষ। তিনি বলেন, “আমাকে যদি জিজ্ঞেস করেন, অনূর্ধ্ব-১৯ দলে আমি টানা তিনটি সেঞ্চুরি করেছিলাম। আমার কাছে এখনো মনে হয়, ওটাই বিশেষ কিছু। যদিও সেটা অনূর্ধ্ব-১৯ পর্যায়ে, তবে টানা তিনটি সেঞ্চুরি করা আমার কাছে এখনো অনেক বিশেষ কিছু মনে হয়।”