মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট শুরু হয়েছে। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম খেলতে পারছেন না। তাঁর অনুপস্থিতিতে একাদশে সুযোগ পেয়েছেন তাওহিদ হৃদয়।

ম্যাচের আগে টসের সময় এক মুহূর্তের জন্য সংশয় তৈরি হয়েছিল লিটন দাসের অংশগ্রহণ নিয়ে। ওয়ার্মআপ সেশনে জাকের আলীকে উইকেটকিপিং করতে দেখে অনেকেই ধারণা করেছিলেন লিটন হয়তো খেলছেন না। তবে টসের পর নিশ্চিত হওয়া যায় যে, চোট কাটিয়ে এই টেস্টে খেলছেন লিটন দাস। বাংলাদেশ দলের জন্য এটি স্বস্তির খবর হলেও, মুশফিকের অনুপস্থিতি সেই আনন্দকে ম্লান করে দিয়েছে।

মুশফিকুর রহিমের এই ইনজুরির ঘটনাটি ঘটে গতকাল নেটে ব্যাটিং অনুশীলনের সময়। ব্যাটিং করার সময় হঠাৎ আঙুলে বলের আঘাত পান তিনি। তীব্র ব্যথায় তিনি সাথে সাথে নেটের পাশে বসে পড়েন। মিরপুর একাডেমির মাঠে প্রায় আধা ঘণ্টা ধরে প্রাথমিক চিকিৎসা ও শুশ্রূষার পর হাতে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যান অভিজ্ঞ এই ব্যাটার।

আঘাতের কারণে গতকাল আর ব্যাটিং অনুশীলন করতে পারেননি মুশফিক। যদিও এক্স-রে রিপোর্টে গুরুতর কোনো সমস্যার কথা আসেনি, তাই তাঁর খেলার সম্ভাবনা ছিল। তবে আজ সকাল পর্যন্ত আঙুলের অবস্থার যথেষ্ট উন্নতি না হওয়ায় শেষ মুহূর্তে তাঁকে একাদশে রাখা হয়নি।

জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলাম আজ একটি ভিডিও বার্তার মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, “মুশফিকুর রহিম ডান হাতের তর্জনিতে ব্যথা পেয়েছে। পরবর্তী সময় থেকে সে আমাদের পর্যবেক্ষণে ছিল। আজ সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটা একটা কনটিউশন (থেঁতলে যাওয়া) ইনজুরি। আমরা আশা করছি, আগামী তিন দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। পরের টেস্টে খেলতে পারবে।”

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ৫ নভেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে, ততদিনে মুশফিক পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরবেন।