প্রকৃতির অমোঘ নিয়মে ভৈরব নদের গতিপথ পরিবর্তন এবং তীব্র নদী ভাঙনের ফলে অস্তিত্ব সংকটে পড়েছে খুলনার ঐতিহ্যবাহী লোহাপট্টি এলাকা। সময়ের সাথে সাথে নদের পানি যেভাবে তীরের বাজারের দিকে এগিয়েছে, তাতে বর্তমানে এই এলাকার অনেক দোকান আক্ষরিক অর্থেই পানির ওপর ভাসমান অবস্থায় টিকে থাকার লড়াই করছে।

এক সময় যখন চার্লির হাট তথা বড় বাজারটি প্রতিষ্ঠিত হয়েছিল, তখন লোহাপট্টি এলাকাটি নদের পাড় থেকে বেশ দূরে ছিল। কিন্তু কালের পরিক্রমায় নদের তীব্র স্রোত তীরের মাটি ক্ষয় করে লোহাপট্টির একদম কাছাকাছি চলে এসেছে।

এই এলাকার দীর্ঘদিনের সাক্ষী সত্তরোর্ধ্ব প্রবীণ কর্মচারী ভবেশ চন্দ্র শিকদার, যিনি বর্তমানে লোহাপট্টির মফজেল অ্যান্ড ব্রাদার্সে কর্মরত, জানান, “৫০ বছরের বেশি আগে তিনি বড় বাজারে কাজের সন্ধানে এসেছিলেন। তখন নদ আরও দূরে ছিল। খরস্রোতা ভৈরব নদ ভাঙতে ভাঙতে এখন লোহাপট্টিতে চলে এসেছে।”

সরেজমিনে দেখা গেছে, রাস্তার দুই পাশে গড়ে ওঠা লোহাপট্টির যে অংশটি নদের দিকে অবস্থিত, সেখানকার দোকানগুলোর নিচে আর কোনো মাটি অবশিষ্ট নেই। নদী ভাঙনের ফলে দোকানগুলো এখন পুরোপুরি পানির ওপর ভাসমান। চরম সংকটের মুখে পড়ে ব্যবসায়ীরা বাঁশ এবং কাঠের পিলারের ওপর অস্থায়ীভাবে দোকান তৈরি করে ব্যবসা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

নদীর পাড় রক্ষা এবং বাজার সংরক্ষণের উদ্যোগ সম্পর্কে জানতে চাওয়া হলে খুলনা সিটি করপোরেশনের চিফ ইঞ্জিনিয়ার মশিহুজ্জামান খান বলেন, ‘কয়েক বছর আগে কে এফ ডব্লিউ নামের একটি জার্মান ব্যাংক ক্লাইমেট ফান্ডের অধীন ভৈরব নদের তীরে কংক্রিটের তৈরি পাড়, হাঁটার জায়গা এবং ঘাট বানানোর জন্য অর্থায়ন করতে চেয়েছিল। এটি করলে বাজারের বেশ কিছু প্রতিষ্ঠানকে স্থানান্তর ও পুনর্বাসন করতে হতো। ব্যবসায়ীদের স্থানান্তরে অনিচ্ছা ও পুনর্বাসনের সক্ষমতা সিটি করপোরেশনের না থাকায় সম্ভাব্যতা যাচাইয়ে প্রকল্পটি এগোয়নি।’

অন্যদিকে, লোহাপট্টির অর্ধশতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান এবং বড় বাজার সংরক্ষণে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি না, সে বিষয়ে জানতে চাওয়া হলে খুলনা সিটি করপোরেশনের চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার জানান, বড় বাজারের জমির মালিকানা নিয়ে বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে বিরোধ বিদ্যমান। এই বিরোধিতার কারণে কোনো সংস্থাই বর্তমানে উদ্যোগী হচ্ছে না।

এমতাবস্থায়, লোহাপট্টির ব্যবসায়ীরা সরকারের কাছে দাবি জানিয়েছেন যেন বড় বাজার সংরক্ষণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।