জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক খায়রুল কবীর মেননের বিরুদ্ধে প্রশিক্ষণ কোর্সে নির্ধারিত নিয়মের বাইরে অতিরিক্ত ক্লাস নেওয়ার অভিযোগ উঠেছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, দুই মাস মেয়াদের একটি প্রশিক্ষণ কোর্সে সচিব পদমর্যাদার একজন কর্মকর্তার জন্য সর্বোচ্চ ১০টি ক্লাস নেওয়ার বিধান রয়েছে। তবে অভিযোগ উঠেছে যে, মহাপরিচালক খায়রুল কবীর মেনন এই বিধিমালা অনুসরণ করছেন না।
প্রাপ্ত তথ্যানুসারে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নন-ক্যাডার কর্মকর্তাদের জন্য পরিচালিত একটি প্রশিক্ষণ কোর্সে তিনি নির্ধারিত সীমার তিন গুণ বেশি ক্লাস নিয়েছেন। শুধু তাই নয়, স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের জন্য আয়োজিত দুটি পৃথক কোর্সেও তিনি নির্ধারিত সীমার প্রায় দ্বিগুণ ক্লাস নিয়েছেন বলে জানা গেছে।
এনএপিডির অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মহাপরিচালকের এই অতিরিক্ত ক্লাস নেওয়ার প্রবণতার ফলে প্রশিক্ষণ কার্যক্রমের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা মনে করছেন, মহাপরিচালক নিজেই অধিক সংখ্যক ক্লাস নেওয়ায় বাইরের বিশেষজ্ঞ বা রিসোর্স পারসনদের ক্লাস নেওয়ার সুযোগ সংকুচিত হয়ে পড়েছে, যা প্রশিক্ষণের বৈচিত্র্য ও গুণগত মানকে প্রভাবিত করতে পারে।