জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক খায়রুল কবীর মেনন তিনটি প্রশিক্ষণ কোর্সে নির্ধারিত সীমার বাইরে মোট ৬২টি ক্লাস নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সচিব পদমর্যাদার একজন কর্মকর্তার জন্য দুই মাসের একটি প্রশিক্ষণ কোর্সে সর্বোচ্চ ১০টি ক্লাস নেওয়ার নিয়ম থাকলেও, তিনি সেই নির্দেশনা মানছেন না। এর ফলে সম্মানী প্রাপ্তি এবং প্রশিক্ষণে সেশন বণ্টন নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নন-ক্যাডার কর্মকর্তাদের জন্য আয়োজিত একটি প্রশিক্ষণ কোর্সে তিনি নির্ধারিত সীমার তিন গুণ ক্লাস নিয়েছেন। এছাড়া স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের দুটি কোর্সেও নির্ধারিত সীমার প্রায় দ্বিগুণ ক্লাস নিয়েছেন তিনি।
এনএপিডির অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ কোর্সে সাধারণত বাইরের রিসোর্স পারসনদের বেশি ক্লাস দেওয়ার রীতি প্রচলিত। কিন্তু মহাপরিচালক নিজেই অধিক সংখ্যক ক্লাস নেওয়ায় বাইরের বিশেষজ্ঞদের সুযোগ সংকুচিত হয়েছে। প্রতিষ্ঠানের শীর্ষ পদে থাকায় প্রকাশ্যে কেউ এই বিষয়ে আপত্তি জানাতে পারছেন না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এটি কেবল আর্থিক বিষয় নয়, বরং নিয়ম ও নৈতিকতার প্রশ্ন। প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তাঁরই নিয়ম মেনে চলার কথা, অথচ তিনি নিজেই নিয়মের বাইরে গিয়ে ক্লাস নিচ্ছেন। তাঁদের দাবি, পূর্ববর্তী কোনো মহাপরিচালক এত বেশি ক্লাস নিতেন না।
খায়রুল কবীর মেনন গত ১৭ জুন এনএপিডির মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর যোগদানের পর ১২ জুলাই নন-ক্যাডার কর্মকর্তাদের ৩৫তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়, যা ৯ সেপ্টেম্বর শেষ হয়। প্রায় দুই মাসের এই কোর্সে তিনি মোট ৩০টি ক্লাস নেন। প্রতিটি ক্লাসের জন্য সম্মানী ছিল ৩ হাজার ৬০০ টাকা।
উল্লেখ্য, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান, যার মূল কাজ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করা। ১৯৮০ সালে একটি প্রকল্পের মাধ্যমে এর যাত্রা শুরু হয় এবং ১৯৮৪ সালে ঢাকার নীলক্ষেতে নিজস্ব ভবনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে একাডেমি। ১৯৮৫ সালে এটিকে ইনস্টিটিউট হিসেবে ঘোষণা করা হয় এবং তখন থেকেই প্রতিষ্ঠানটি বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে।
১৯৯৬ সালে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির বোর্ড অব গভর্নরসের পঞ্চম সভায় একটি সিদ্ধান্ত নেওয়া হয় যে, একাডেমির কোনো সদস্য বাইরের কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে ১০টির বেশি ক্লাস নিতে পারবেন না। এছাড়া প্রশিক্ষণ থেকে প্রাপ্ত সম্মানীর ২০ শতাংশ হিসাব শাখায় জমা দিতে হবে, যা একাডেমির নিজস্ব আয় হিসেবে গণ্য হবে এবং তা দিয়ে একাডেমির পেনশন প্রদান করা হবে। এই বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান হলেন পরিকল্পনামন্ত্রী এবং ভাইস চেয়ারম্যান পরিকল্পনা প্রতিমন্ত্রী।
তবে খায়রুল কবীর মেনন এই নিয়মের ব্যাপারে ভিন্ন মত পোষণ করেন। গত ৯ জুলাই এনএপিডির ফ্যাকাল্টিদের পদক্রম অনুযায়ী সেশনসংখ্যা নির্ধারণসংক্রান্ত কমিটির প্রথম সভায় সুপারিশ করা হয়েছিল যে, সচিব বা প্রথম গ্রেডের একজন কর্মকর্তা সর্বোচ্চ ১০টি সেশন পরিচালনা করতে পারবেন। সভার কার্যবিবরণীতে উল্লেখ করা হয়, প্রশিক্ষণে সেশন বণ্টনের ক্ষেত্রে স্বচ্ছতা, ভারসাম্য ও পদমর্যাদাভিত্তিক যৌক্তিকতা নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি একাডেমির নিজস্ব ফ্যাকাল্টি ও বাইরের রিসোর্স পারসনদের মধ্যে সেশন বণ্টনে সামঞ্জস্য রাখার বিষয়েও আলোচনা হয়। অর্থাৎ, বোর্ড অব গভর্নরসের পুরোনো সিদ্ধান্ত এবং একাডেমির নিজস্ব কমিটির সুপারিশ—উভয় ক্ষেত্রেই একজন সচিব পদমর্যাদার কর্মকর্তার সর্বোচ্চ ১০টি ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে, মহাপরিচালক নিজেই এসব নির্দেশনা উপেক্ষা করছেন।
এই বিষয়ে জানতে চাইলে এনএপিডির মহাপরিচালক খায়রুল কবীর মেনন মুক্তকণ্ঠকে বলেন, “মহাপরিচালক সর্বোচ্চ ১০টি ক্লাস নেবেন, এটা মানা বাধ্যতামূলক নয়। বিগত সময়ে এ নিয়ম অনুসরণ করা হয়নি। অন্য মহাপরিচালকেরা এর চেয়ে বেশি ক্লাস নিয়েছেন।”
ক্লাস থেকে প্রাপ্ত আয়ের ২০ শতাংশ অর্থ হিসাব শাখায় জমা দেওয়ার নিয়ম থাকা সত্ত্বেও কেন তিনি তা করেন না, সে বিষয়ে তিনি বলেন, “আমরা প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা এনএপিডিতে প্রেষণে আসি, এই প্রতিষ্ঠানের নিজস্ব জনবল নই। আমাদের বদলির আদেশ হলে চলে যাব। এ টাকা আমরা ফেরত পাব না। এ পেনশন থেকে আমরা সুফল পাব না। তাহলে অর্জিত আয়ের ২০ শতাংশ টাকা কেন আমরা সেখানে দেব।”
তিনি আরও বলেন, একটি ক্লাস নেওয়ার আগে প্রচুর পড়াশোনা, প্রস্তুতি এবং পরিশ্রম করতে হয়। সেখান থেকে সম্মানী নিলে সমস্যা কোথায় বলে তিনি মনে করেন। তবে বোর্ড অব গভর্ন্যান্সের পরবর্তী সভায় এসব নিয়ম সংশোধনের প্রস্তাব তুলবেন বলে জানান তিনি।
অন্যদিকে, এনএপিডির একটি সূত্র জানিয়েছে, অতীতে যাঁরা এই প্রতিষ্ঠানের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন, তাঁরা এত বেশি ক্লাস নিতেন না। কেউ কেউ একেবারেই ক্লাস নিতেন না এবং তাঁদের মূল মনোযোগ থাকত প্রতিষ্ঠানের নীতি-কৌশল ও প্রশিক্ষণের মান উন্নয়নের দিকে।
খায়রুল কবীর মেননের ক্লাসের হিসাব বিশ্লেষণ করলে দেখা যায়, ৩৫তম বুনিয়াদি প্রশিক্ষণে তিনি ৩০টি ক্লাস নিয়েছেন। এছাড়া ঢাকার বাইরে শিক্ষাসফরে অংশগ্রহণ, বই পর্যালোচনা সভা, উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়েও তিনি সম্মানী নিয়েছেন। ফলে একটি কোর্স থেকে তাঁর মোট আয়ের পরিমাণ সুনির্দিষ্টভাবে বলা কঠিন। এছাড়া ওই কোর্সে দুটি এক্সটেনশন লেকচার বা সম্প্রসারণ বক্তৃতার জন্য প্রতিটিতে ৫ হাজার টাকা করে এবং দুটি সাক্ষাৎকারের জন্য প্রতিটিতে ৬ হাজার টাকা করে সম্মানী নিয়েছেন তিনি।
৩৫তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নেওয়া একজন সরকারি কর্মকর্তা মুক্তকণ্ঠকে বলেন, “মহাপরিচালক একের পর এক ক্লাস নিচ্ছিলেন। বিষয়টি নিয়ে তিনি আপত্তিও তুলেছিলেন। তাঁর ভাষায়, দুই মাসের একটি কোর্সে বেশির ভাগ ক্লাস একজন নিলে তা দৃষ্টিকটু লাগে। শুধু তাঁর মতামতই শোনা যায়, ভিন্ন কোনো মতামত শোনা যায় না। এতে প্রশিক্ষণার্থীদের নিজেদের সমৃদ্ধ করার সুযোগ কমে যায়।”
এনএপিডি সূত্রে জানা গেছে, একই সময়ে স্বাস্থ্য ক্যাডারের নবীন কর্মকর্তাদের ১৩৮তম ও ১৩৯তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। ১৬ আগস্ট শুরু হয়ে কোর্স দুটি শেষ হয় ১৪ অক্টোবর। প্রতিটি কোর্সে মহাপরিচালক ১৬টি করে ক্লাস নেন। এছাড়া দুটি কোর্সেই বই পর্যালোচনা সভা, প্রতিবেদন উপস্থাপনা, সম্প্রসারণ বক্তৃতা, সাক্ষাৎকার, শিক্ষাসফর, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন এবং কর্মস্থলে নিরাপদ পরিবেশ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন তিনি। শিক্ষাসফরে অংশগ্রহণ এবং সফর-পরবর্তী প্রতিবেদন উপস্থাপনেও তাঁর উপস্থিতি ছিল, যার জন্য সম্মানীর ব্যবস্থা রয়েছে। ফলে চার মাসের দায়িত্বকালে তিনটি প্রশিক্ষণ কোর্সে ক্লাস ও অন্যান্য কার্যক্রম থেকে তিনি মোট কত টাকা সম্মানী পেয়েছেন, তার সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি।
নির্ধারিত সীমা অনুযায়ী, তিনটি কোর্সে মহাপরিচালকের সর্বোচ্চ ৩০টি ক্লাস নেওয়ার কথা থাকলেও তিনি নিয়েছেন ৬২টি। অন্যান্য সেশন ও কার্যক্রম মিলিয়ে তাঁর অংশগ্রহণের সংখ্যা অন্তত ৭৫। এই সময়ে তিনি বিভিন্ন সন্ধ্যাকালীন ছোট কোর্সেও সীমিত পরিসরে ক্লাস নিয়েছেন। স্বাস্থ্য ক্যাডারের প্রশিক্ষণে অংশ নেওয়া চারজন নবীন কর্মকর্তা মুক্তকণ্ঠকে জানান, মহাপরিচালক তুলনামূলক বেশি ক্লাস নিতেন, তবে ক্লাস নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সীমা রয়েছে কি না তা তাঁরা জানতেন না।
পর্যালোচনা করে দেখা গেছে, মহাপরিচালক দুর্নীতি প্রতিরোধ, সরকারি কর্মকর্তাদের শিষ্টাচার ও আদব-কায়দা, নেতৃত্ব, সুশাসন, তথ্য অধিকার আইন এবং সরকারি কর্মচারী আইনের বিভিন্ন দিক নিয়ে ক্লাস নিয়েছেন।