হালাল উপার্জনের কথা চিন্তা করলে আমাদের মনে সাধারণত ঘুষ, দুর্নীতি কিংবা সরাসরি অন্যের সম্পদ আত্মসাৎ করার মতো বিষয়গুলো উদয় হয়। তবে দৈনন্দিন কর্মজীবনের এমন কিছু সূক্ষ্ম দিক রয়েছে, যার মাধ্যমে উপার্জনের পবিত্রতা নষ্ট হতে পারে, কিন্তু আমাদের অনেকেরই সেদিকে তেমন খেয়াল থাকে না।

এর অন্যতম উদাহরণ হলো—অফিসের নির্ধারিত কর্মঘণ্টায় কাজে ফাঁকি দেওয়া অথবা ব্যক্তিগত কাজে সময় ব্যয় করা। অনেকের ধারণা থাকে যে, মাস শেষে নির্দিষ্ট বেতন তো পাওয়া যাবেই, তাই কাজের ক্ষেত্রে সামান্য ফাঁকি দিলে বা অফিসে দেরিতে উপস্থিত হলে তেমন কোনো বড় ক্ষতি হয় না। কিন্তু ইসলামের দৃষ্টিতে চাকরি হলো একটি পবিত্র চুক্তি এবং অফিসের সময়টুকু একটি আমানত।

ইসলামি আইন অনুযায়ী, যেকোনো চাকরি মূলত নিয়োগকর্তা এবং কর্মচারীর মধ্যে সম্পাদিত একটি ‘ইজারা’ (ভাড়া বা সেবামূলক) চুক্তি। এই চুক্তির আওতায় একজন কর্মচারী নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে তার নির্দিষ্ট সময় ও শ্রম নিয়োগকর্তার কাছে প্রদান করেন। পবিত্র কোরআনে আল্লাহ মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, ‘হে ইমানদারগণ, তোমরা তোমাদের চুক্তিগুলো পূর্ণ করো।’ (সুরা মায়িদা, আয়াত: ১)

যখন একজন কর্মী অফিসে উপস্থিত থাকেন, তখন ওই নির্ধারিত সময়টুকু প্রতিষ্ঠানের আমানত হিসেবে গণ্য হয়। সেই সময়ে ব্যক্তিগত কাজ করা, অকারণে গল্পগুজব করে সময় নষ্ট করা কিংবা অনুমতি ছাড়া আগে চলে যাওয়া আমানতের খেয়ানত হিসেবে বিবেচিত। ইসলামে নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিবদ্ধ চাকরিজীবীকে ‘আজির খাস’ বলা হয়। অর্থাৎ তিনি নির্দিষ্ট কর্মঘণ্টায় ওই প্রতিষ্ঠান ছাড়া অন্য কোথাও কাজ করতে পারবেন না।

মহানবী (সা.) এই বিষয়ে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন, ‘যে তোমার কাছে আমানত রেখেছে, তার আমানত তাকে আদায় করে দাও; আর যে তোমার সাথে খেয়ানত করেছে, তুমি তার সাথে খেয়ানত কোরো না।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৫৩৫)

ইসলামি পরিভাষায় ‘আজির খাস’ তার বেতনের হকদার হবেন তখনই, যখন তিনি চুক্তির পুরো সময়টি নিয়োগকর্তার কাজের জন্য সোপর্দ করে দেবেন। এই বিষয়ে বলা হয়েছে, ‘আজির খাস’ তার বেতনের হকদার হবেন তখনই, যখন তিনি চুক্তির পুরো সময়টি নিয়োগকর্তার কাজের জন্য সোপর্দ করে দেবেন। যদি তিনি ওই সময়ে নিজের ব্যক্তিগত কাজ করেন অথবা ইচ্ছাকৃতভাবে কাজ থেকে বিরত থাকেন, তবে সেই অনুপাত অনুযায়ী তার বেতনের একাংশ তার জন্য হালাল হবে না।’ (ইবনে আবিদিন, রদ্দুল মুহতার আলাদ দুররিল মুখতার, ৬/৭০, দারুল ফিকর, বৈরুত, ১৯৯২)

এর অর্থ হলো, যতটুকু সময় কাজে ফাঁকি দেওয়া হয়েছে, মাস শেষে বেতনের ওই নির্দিষ্ট অংশের টাকা মূলত অবৈধ উপার্জন হিসেবে গণ্য হবে। তবে একটি বিশেষ ক্ষেত্র রয়েছে; যদি সময় নির্ধারিত থাকে কিন্তু চুক্তির মূল উদ্দেশ্য হয় নির্দিষ্ট কাজ সম্পন্ন করা এবং সময়ের হেরফেরে মালিকের কোনো আপত্তি না থাকে, অথবা অফিসের নিয়ম অনুযায়ী কর্মীদের কাজের বিবেচনায় সময়ে ছাড় দেওয়া হয়, তবে কাজ সম্পূর্ণ সম্পাদনের বিনিময়ে বেতন সম্পূর্ণ হালাল হবে।

কারও পকেট থেকে টাকা চুরি করা যেমন অপরাধ, তেমনিভাবে কাজে ফাঁকি দিয়ে সময় চুরি করাও একটি অপরাধ। ইসলামে একে ‘প্রবঞ্চনা’ বা ধোঁকা দেওয়া হিসেবে সাব্যস্ত করা হয়েছে। ইসলাম শুধু চুক্তির দায়সারা পূরণই দাবি করে না, বরং প্রতিটি কাজে সর্বোচ্চ আন্তরিকতা বা ‘ইহসান’ দাবি করে। ফাঁকিবাজির মানসিকতা একজন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না।

মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আমাদের ধোঁকা দেয়, সে আমাদের দলভুক্ত নয়।’ (সহিহ মুসলিম, হাদিস: ১০১)

অফিসে কাজের ভান করে বসে থাকা কিংবা বসের চোখ ফাঁকি দিয়ে দায়িত্ব অবহেলা করা সরাসরি এই হাদিসের আওতাভুক্ত। ইসলাম প্রতিটি কাজে সর্বোচ্চ আন্তরিকতা বা ‘ইহসান’ প্রত্যাশা করে। মহানবী (সা.) আরও বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ প্রতিটি জিনিসের ক্ষেত্রে ইহসান (দক্ষতা ও সর্বোচ্চ সুন্দরভাবে সম্পাদন) অত্যাবশ্যক করেছেন।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৯৫৫)

যে ব্যক্তি তার পেশায় ইহসান বা আন্তরিকতা প্রদর্শন করেন, আল্লাহ তাঁর রিজিক ও পরিবারে বিশেষ বরকত দান করেন। পরিশেষে বলা যায়, মাস শেষে প্রাপ্ত পুরো বেতনটি তখনই শতভাগ হালাল ও পবিত্র হবে, যখন একজন চাকরিজীবী তার দায়িত্ব ও কর্মঘণ্টা সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন। নিজের অজান্তে যদি কখনো কাজে ফাঁকি দেওয়া হয়ে থাকে, তবে উচিত হলো অন্য সময়ে অতিরিক্ত কাজ করে তা পুষিয়ে দেওয়া এবং আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করা।