চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় আশানুরূপ ফলাফল না পাওয়ায় বিপুল সংখ্যক শিক্ষার্থী খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। এখন পর্যন্ত ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী এই প্রক্রিয়ায় আবেদন করেছেন, যাদের মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র (বিষয়) পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের অনুরোধ জানানো হয়েছে।
পূর্বনির্ধারিত সময়সূচী অনুযায়ী আজ ৭ নভেম্বর ছিল আবেদনের শেষ তারিখ। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে এই সময়সীমা আরও বাড়ানো হয়েছে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আজ রাতে মুক্তকণ্ঠকে জানিয়েছেন, পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।
উল্লেখ্য যে, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে বড় ধরনের অবনতি লক্ষ্য করা গেছে। গত ৩১ অক্টোবর এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। সামগ্রিক গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে। জিপিএ-৫ অর্জন করেছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। দেখা যাচ্ছে, এবার প্রায় অর্ধেক পরীক্ষার্থীই পাস করতে সক্ষম হননি। এই পরিস্থিতির কারণেই বিপুলসংখ্যক পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কর্তৃপক্ষ পুনর্মূল্যায়নের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে। আগ্রহী কোনো শিক্ষার্থী যেন আবেদনের সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই সময় বাড়ানো হয়েছে।
এর আগে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলে অনেক শিক্ষার্থীর ফলাফলে বড় পরিবর্তন এসেছিল। সেই প্রক্রিয়ায় নতুন করে জিপিএ–৫ পেয়েছিল ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। এছাড়া ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৮৫ জন। গ্রেড পরিবর্তন হয়েছে ২৭ হাজার ৮৩৬ জনের এবং নম্বর পরিবর্তন হয়েছে ৫৬ হাজার ২৫৯ জনের। উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন, যাদের মধ্যে ৪ লাখ ২ হাজার ৫২ জন পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন।