জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন বা চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতি পত্রের খাতা চ্যালেঞ্জের জন্য নির্ধারিত ফি ১ হাজার ২০০ টাকা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন, ফি এবং পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। শিক্ষার্থীদের নির্দিষ্ট লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। সেখান থেকে পে স্লিপ সংগ্রহ করে নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ফি জমা দেওয়া যাবে।
এছাড়া মোবাইল ব্যাংকিং সেবা নগদ, বিকাশ ও রকেটের পাশাপাশি বিভিন্ন ধরনের কার্ড যেমন—আমেরিকান এক্সপ্রেস, ভিসা, ডাচ্–বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল), নেক্সাস ও মাস্টারকার্ড ব্যবহার করেও ফি পরিশোধ করা সম্ভব। সোনালী ব্যাংকের নিজস্ব হিসাব থেকেও অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন সম্পন্ন করা যাবে।
ফি জমা দেওয়ার সাথে সাথেই আবেদনের প্রক্রিয়া সম্পন্ন হবে। বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে যে, নির্ধারিত সময়ের আগে বা পরে আবেদন ফরম পূরণ, পে স্লিপ ডাউনলোড কিংবা টাকা জমা দেওয়া যাবে না। আবেদন করার পর আবেদনপত্র বা পে স্লিপের কোনো কপি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রয়োজন নেই। তবে ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফরমে টাকা জমা দিলে পরবর্তীতে কোনো জটিলতা তৈরি হলে তার দায়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এই পরীক্ষায় ৩১টি বিষয়ে ৮৮১টি কলেজের ২ লাখ ৩২ হাজার ৬২৪ জন পরীক্ষার্থী অংশ নেন। এতে গড় পাসের হার ছিল ৬৫ দশমিক ১০ শতাংশ, যার অর্থ ৩৪ দশমিক ৯০ শতাংশ শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছেন।