শাহরুখ খানের অভিনীত ‘কিং’ সিনেমার জনপ্রিয় গান ‘তু মিল যায়ে’ মুক্তির পর থেকেই শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। গানটি প্রকাশের মাত্র পাঁচ দিনের মাথায় ইউটিউবে ছয় কোটিরও বেশি ভিউ অর্জন করে পছন্দের তালিকায় শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে। তবে গানটির ব্যাপক জনপ্রিয়তার পাশাপাশি এবার সামনে এসেছে সুর নকলের একটি বিতর্ক। এক শ্রোতার দাবি, ‘তু মিল যায়ে’ গানের সুরের সঙ্গে পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী ভৌমিকের গান ‘আমি শুনেছি সেদিন তুমি’-র অদ্ভুত মিল রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মৌসুমী ভৌমিককে ট্যাগ করে মতামত জানতে চান ওই শ্রোতা। তবে অভিযোগের জবাবে মৌসুমী যা বলেছেন, তা নিয়ে এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে নেট দুনিয়ায়।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৌসুমী ভৌমিকের এক অনুরাগী সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘তু মিল যায়ে’ গানের সুরের সাথে তাঁর গাওয়া ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানের সাদৃশ্যের কথা উল্লেখ করেন। পোস্টে মৌসুমীকে ট্যাগ করে বিষয়টি তাঁর নজরে আনেন ওই ভক্ত। তবে সুর চুরির এই অভিযোগকে সরাসরি সমর্থন না করে মৌসুমী নিজের সংগীত ভাবনা এবং সুরের উৎস সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।
জবাবে মৌসুমী ভৌমিক লিখেছেন, ‘তুমি আমায় জানাতে চেয়েছ বলেই নিশ্চয়ই ট্যাগ করেছ। আমি এই গান আগে শুনিনি, তুমি বললে বলে শুনলাম; কিন্তু আমার তোমার মতন মনে হয়নি। দেখো, আমরা ঘুরেফিরে সকলেই একই স্বর নিয়ে খেলা করি, একই স্বরের পারমিউটেশন কম্বিনেশন। এই গানে আমার গানের ছায়া—আমার কিন্তু তেমন মনে হয়নি।’
নিজের গানকে সম্পূর্ণ অনন্য বা আগে কখনো তৈরি হয়নি এমন কোনো সৃষ্টি বলে দাবি করেননি মৌসুমী। বরং বাংলা লোকসংগীত এবং পাঁচালীর সুরের সঙ্গে তাঁর গানের গভীর যোগসূত্র রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষায়, ‘তা ছাড়া আমি এমন কোনো অমোঘ সৃষ্টি করিনি; এতই আনকোরা কোনো মিউজিক্যাল ফ্রেজ, আগে কেউ কোনোদিন এমনটা করেনি—এমন না। এই স্বরের সমষ্টি আমাদের পাঁচালীতে শুনতে পাবে। ‘শুনেছি সেদিন’ যেমন করে শুরু হয়, তার বিশ্লেষণ করলে দেখবে, পাঁচালীর মিউজিক্যাল ফ্রেজ; কিন্তু আমার গান সেখানে আটকে থাকে না, সেই বীজ থেকে সেটি গাছ হয়ে ওঠে। আমি সচেতনভাবে পাঁচালী ভাবিনি; কিন্তু নিশ্চয়ই আমার শোনার ভেতরে যা ছিল, তার থেকেই আমার সুর জন্ম নিয়েছে।’
সংগীত জীবনের একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এখানে ভাগ করে নিয়েছেন মৌসুমী। তিনি জানান, একবার তাঁর গান শুনে এক বন্ধু জোয়ান বায়েজের কথা মনে করিয়ে দিয়েছিলেন। অথচ গানটি তৈরির সময় তিনি সেই শিল্পীর কথা একবারও ভাবেননি। এই উদাহরণের মাধ্যমেই তিনি ব্যাখ্যা করেন যে, অন্যের সৃষ্টিতে পরিচিত সুরের ছায়া খুঁজে পাওয়াটা খুব স্বাভাবিক একটি বিষয়।
মৌসুমী ভৌমিকের মতে, শিল্পীরা অনেক সময় জেনে বা না জেনে তাঁদের শোনা ও চেনা সুরের প্রভাব বহন করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে কী জানো? ছায়া আমরা সবাই বহন করি। জেনে অথবা না জেনে। আমিও। তুমিও। আমরা যা চিনি, যাকে চিনি, তার ছায়া দেখি অন্যের মুখে। তোমার দেখাতে অথবা শোনাতে কোনো ভুল নেই, কিন্তু তার মানে একেবারেই এই নয় যে এই গানের সঙ্গে আমার গানের কোনো সম্পর্ক আছে। আর থাকেও যদি, তাতেই বা কী এসে যায়? সত্যি যদি হুবহু কেউ একজনের থেকে কিছু নিয়ে কপি করে নিজের বলে চালায়, তখন ভাবা উচিত অবশ্যই, না হলে এভাবে ভেবো না।’
সুর চুরির অভিযোগ ঘিরে যখন উত্তেজনার পরিবেশ তৈরি হতে পারত, তখন মৌসুমী ভৌমিকের এমন সংযত ও উদার প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে। অভিযোগকারী শ্রোতার অনুভূতিকে ছোট না করে, আবার নিজের গানের সঙ্গে নতুন গানের মিলের দাবিটি সরাসরি মেনে না নিয়ে তিনি সংগীতের সৃষ্টিশীলতা এবং পারস্পরিক প্রভাবের বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।