বলিউড সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খান বাবার অভিনেতা হয়ে ওঠার পথ অনুসরণ না করে পরিচালনায় নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলছেন। নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর মাধ্যমে পরিচালনায় অভিষেক হয়েছে তাঁর। তবে আরিয়ানের চেহারা থেকে শুরু করে কথা বলার ধরন—সবকিছুতেই অনেকেই শাহরুখ খানের ছাপ খুঁজে পান। বাবার সঙ্গে এই নিয়মিত তুলনার বিষয়ে এবার নিজের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করেছেন আরিয়ান। তাঁর মতে, এই তুলনা তাঁর জন্য কোনো চাপের কারণ নয়, বরং তিনি একে প্রশংসা হিসেবেই গ্রহণ করেন।

সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে তাঁর তুলনার প্রসঙ্গে আরিয়ান বলেন, ‘সবার সঙ্গেই তাঁর (শাহরুখ) তুলনা করা হয়। সেই তালিকায় আমি থাকলে সমস্যা কোথায়? নম্বর ওয়ান ব্যক্তির সঙ্গে তুলনাকে আমি প্রশংসা হিসেবেই দেখি। তিনি অসাধারণ।’

বাবার সঙ্গে তুলনার পাশাপাশি একজন নির্মাতা হিসেবে নিজের সৃজনশীল দক্ষতা ও কাজের প্রক্রিয়া সম্পর্কেও কথা বলেছেন আরিয়ান। নিজের কাজের ধরন ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ভাবনাকে বাস্তবে রূপ দিতে আমি ভালোবাসি। কাগজে একটা ভাবনা লিখে রাখা থেকে শুরু করে সেটিকে বাস্তবায়ন করা পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই আমার ভালো লাগে।’

পরিচালনায় অভিষেকের পর বর্তমানে আরিয়ান ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় মৌসুম নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। নতুন মৌসুমের কাজ এবং চলচ্চিত্র নির্মাণের মূল দর্শন প্রসঙ্গে তিনি বলেন, ‘গল্প একই থাকে। কিন্তু সেটিকে কীভাবে আলাদা করে বলা যায়, কীভাবে তাতে নতুনত্ব আনা যায় এবং কীভাবে উপস্থাপন করা যায়—সেটাই আসলে চলচ্চিত্র নির্মাণের মূল বিষয়।’

উল্লেখ্য, ‘দ্য ব্যাডস অব বলিউড’ একটি ব্যঙ্গধর্মী সিরিজ, যেখানে হিন্দি চলচ্চিত্রশিল্পের বিভিন্ন দিককে ভিন্ন আঙ্গিকে ফুটিয়ে তোলা হয়েছে। হাস্যরস, পর্দার পেছনের নানা ঘটনা এবং চলচ্চিত্রশিল্পের প্রচলিত ধারণা ও গল্পগুলো এই সিরিজের মূল উপজীব্য। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন লক্ষ্য ও সেহর বাম্বা। পাশাপাশি ববি দেওল, রাঘব জুয়াল, অনন্যা সিং, মনীশ চৌধুরী, মোনা সিং, বিজয়ন্ত কোহলি, মনোজ পাহওয়া, গৌতমী কাপুর ও রজত বেদি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

তবে মুক্তির পর সিরিজটি একটি আইনি বিতর্কে জড়িয়েছিল। আয়কর বিভাগের কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে আরিয়ান খান, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, সিরিজে তাঁকে নেতিবাচকভাবে উপস্থাপন করে ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে এবং মাদকবিরোধী সংস্থাগুলোকেও ভুলভাবে দেখানো হয়েছে। এই ঘটনায় তিনি ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেন। তবে ২০২৬ সালের জানুয়ারিতে দিল্লি হাইকোর্ট এখতিয়ারের প্রশ্নে সমীর ওয়াংখেড়ের সেই মানহানির আবেদন খারিজ করে দেয়।

সিরিজটির বিষয়বস্তু ও হাস্যরসের সীমারেখা নিয়ে ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে আরিয়ান বলেছিলেন, ‘আমরা নিজেদের নিয়েই মজা করতে চেয়েছিলাম, কিন্তু কাউকে অপমান করতে চাইনি। আমার মনে হয়, আমরা সেই সীমারেখা ঠিকভাবে বজায় রাখতে পেরেছি। এই সীমারেখা আমাদের নিজেদেরই তৈরি করতে হয়েছিল। কারণ, চলচ্চিত্রশিল্পকে নিয়ে কিছু তৈরি করা এবং একই সঙ্গে এই শিল্পের অংশ হওয়া—দুটিই অনেক সম্মানের বিষয়।’

নিজেদের নিয়ে হাস্যরস তৈরির গুরুত্ব বোঝাতে আরিয়ান আরও বলেন, ‘আমার মনে হয়, ভালো কৌতুকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষ যেন নিজেকে নিয়ে হাসতে পারে। সবাই আমাদের খুব সহযোগিতা করেছেন। আমরাও চেষ্টা করেছি, কাউকে অপমান করার সীমা অতিক্রম না করতে। আমরা শুধু নিজেদের নিয়েই মজা করতে চেয়েছি।’