পর্দায় দাপুটে ব্যক্তিত্বের অধিকারী বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান হলেও বাস্তব জীবনে তাঁর কথা বলার বিশেষ গুরুত্ব নেই বলে ইঙ্গিত দিয়েছেন খোদ অভিনেতা। সম্প্রতি দুবাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্ত্রী গৌরী খানকে নিয়ে রসিকতা করতে গিয়ে এই কথা জানান তিনি, যা শুনে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন। বলিউড সুপারস্টার জানান, তাঁদের সংসারের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করেন স্ত্রী গৌরী। বাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জা থেকে শুরু করে প্রতিদিনের খাওয়াদাওয়া—কোনো বিষয়েই নিজের মতামত প্রকাশের সুযোগ পান না বলে মজার ছলে মৃদু অভিযোগ করেন তিনি। শুধু তিনি নন, তাঁদের দুই সন্তান আরিয়ান ও সুহানার অবস্থাও একই রকম বলে উল্লেখ করেন শাহরুখ। তবে এই হালকা মেজাজের আলাপচারিতার মাঝেই নিজের আসন্ন চলচ্চিত্র ‘কিং’-এর একটি সংলাপ শুনিয়ে মুহূর্তেই অনুষ্ঠানের পরিবেশ বদলে দেন কিং খান।
দুবাইয়ের ওই অনুষ্ঠানে শাহরুখ ও গৌরী খানের পাশাপাশি উপস্থিত ছিলেন জনপ্রিয় নির্মাতা ও পরিচালক করণ জোহর। অনুষ্ঠানের এক পর্যায়ে করণ শাহরুখকে প্রশ্ন করেন, নিজের বাড়িতে এমন কোন কাজ রয়েছে যা করার অনুমতি তাঁর নেই?
প্রশ্নের জবাবে রসিকতা করে শাহরুখ বলেন, নিজের বাড়িতে তিনি কার্যত কিছুই করতে পারেন না। বাড়ির ওয়াই-ফাই সংযোগ নিয়ে অভিযোগ জানানো কিংবা বিছানায় বসে খাবার খাওয়া—কোনোটিরই অনুমতি নেই তাঁর। এমনকি বাড়ির দেয়ালের রং, কোথায় কোন ছবি ঝোলানো হবে, সিঁড়ি, লিফট, ছাদ কিংবা আলোর বিন্যাস নিয়েও কোনো মন্তব্য করার সুযোগ পান না এই বিটাউন তারকা। শাহরুখ বলেন, ‘আমরা শুধু চুপচাপ বসে বাড়িটা উপভোগ করি আর বলি, গৌরী, তুমি কী সুন্দর বাড়ি বানিয়েছ! এখন এখানে এই পেন্টহাউসে এসেও আমাকে একই কথা বলতে হবে, গৌরী, তুমি কী সুন্দর পেন্টহাউস বানিয়েছ! বাড়ির বাইরে আমরা স্বাধীন। কিন্তু বাড়ির ভেতরে আমাদের কোনো কথাই চলে না।’
কথোপকথনের এক পর্যায়ে করণ জোহর জানতে চান, ব্যবসা, বক্স অফিস নাকি স্ত্রী—এই তিনটির মধ্যে কাকে সবচেয়ে বেশি ভয় পান শাহরুখ? এই প্রশ্নের উত্তরে নিজের আগামী ছবি ‘কিং’-এর প্রসঙ্গ টেনে করণকে ছবির একটি সংলাপ মনে করিয়ে দেন অভিনেতা। এরপর অত্যন্ত দৃঢ় কণ্ঠে তিনি বলেন, ‘হাজারো দেশে বদনাম, আর সারা বিশ্ব আমাকে একটাই নামে চেনে। জানেন কেন? কারণ, আমি ভয় নই, আমি ত্রাস।’
উল্লেখ্য, খুব শীঘ্রই ‘কিং’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় নির্মিত এই অ্যাকশন থ্রিলার ছবিতে শাহরুখের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, রানী মুখার্জি, অভিষেক বচ্চন ও অভয় বর্মা। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।