বয়স এখন ষাটের কাছাকাছি, তবে রোমান্টিকতার জাদুতে এখনও অটুট বলিউডের বাদশা শাহরুখ খান। তাঁর নতুন সিনেমা ‘কিং’-এর সাম্প্রতিক একটি পোস্টারে দেখা গেছে এক ভিন্নধর্মী রূপ। আগুনের লেলিহান শিখার মধ্য দিয়ে হেঁটে আসছেন সুপারস্টার; এক হাতে ধরা বন্দুক, আর ঠোঁটের কোণে শোভা পাচ্ছে একটি লাল গোলাপ। তবে এই অ্যাকশনধর্মী আবহের মাঝেও নিজের চিরচেনা রোমান্টিক পরিচয়টিই সামনে এনেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি প্রকাশ করে শাহরুখ লিখেছেন, ‘আবার মনে পড়ল...খুনি নই, আমি প্রেমিক।’

শাহরুখের এই বিশেষ সংলাপটি দর্শকদের ফিরিয়ে নিয়ে গেছে ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাদশাহ’ সিনেমার সেই জনপ্রিয় শিরোনামসংগীতের স্মৃতিতে। পুরোনো সেই আবেগকে বর্তমান ছবির প্রচারণায় যুক্ত করে এক নতুন মাত্রা তৈরি করেছেন অভিনেতা।

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় নির্মিত এই ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে। ছবির তারকা তালিকায় শাহরুখ খানের পাশাপাশি রয়েছেন তাঁর মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল এবং সৌরভ শুক্লাসহ আরও অনেকে।

নতুন পোস্টারে শাহরুখ খানকে এক রহস্যময় ও তীব্র অভিব্যক্তির চরিত্রে দেখা যাচ্ছে। একদিকে অ্যাকশন হিরোর রুক্ষতা আর অন্যদিকে ঠোঁটে গোলাপের কোমলতা—এই দুই বিপরীতধর্মী উপাদানের মিশেলে পোস্টারটি দর্শকদের মনে আলাদা আকর্ষণ তৈরি করেছে। কয়েক দশক ধরে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ কিংবা ‘বীর-জারা’র মতো ছবির মাধ্যমে যে রোমান্টিক নায়কের ইমেজ তৈরি হয়েছিল, নতুন পোস্টারের সংলাপটি যেন তারই প্রতিধ্বনি।

উল্লেখ্য, ২০২৫ সালের ২ নভেম্বর শাহরুখের ৬০তম জন্মদিনে প্রথমবার ‘কিং’ ছবির নাম ঘোষণা করা হয়েছিল। সেই প্রথম ঝলকে রুপালি চুলের এক অ্যাকশন অবতারে দেখা গিয়েছিল তাঁকে, যেখানে তাঁর সংলাপ ছিল, ‘আমি ভয় নই, আমি আতঙ্ক।’ চলতি বছরের জানুয়ারিতে প্রযোজনা প্রতিষ্ঠানটি ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করে। বড়দিনের ছুটির আমেজকে সামনে রেখে ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। দর্শকদের উত্তেজনা ধরে রাখতে ধাপে ধাপে প্রচারসামগ্রী প্রকাশ করা হচ্ছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আস্কএসআরকে’ পর্বের মাধ্যমে ট্রেলার নিয়ে ভক্তদের প্রশ্নের উত্তর দিয়েছেন শাহরুখ। একজন ভক্ত ট্রেলার প্রকাশে বিলম্বের কারণ জানতে চাইলে তিনি জানান, দর্শকদের ইচ্ছাকৃতভাবে অপেক্ষায় রাখা হচ্ছে না, বরং ছবির মান নিশ্চিত করতেই সময় নেওয়া হচ্ছে।

শাহরুখের কথায়, ‘এবার ছবিটাই দেখুন! আপনাদের অপেক্ষায় রাখছি না, ভালো একটা ছবি বানাচ্ছি, যাতে মন ভরে যায়। সবই আসবে ২৪ ডিসেম্বরের আগে।’

‘কিং’ সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ হলো বাবা ও মেয়ের প্রথম একসঙ্গে পর্দায় উপস্থিতি। ২০২৩ সালে জোয়া আখতারের ‘দ্য আর্চিজ’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন সুহানা খান। এবার বড় পর্দায় বাবার সঙ্গে তাঁর রসায়ন দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকেরা। এছাড়া ‘পাঠান’ সিনেমার অভাবনীয় সাফল্যের পর আবারও সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় কাজ করছেন শাহরুখ। এই জুটির পূর্ব অভিজ্ঞতা দর্শকদের প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে। ছবির কাহিনী সম্পর্কে বিস্তারিত কিছু জানানো না হলেও, নতুন পোস্টারের অ্যাকশন ও রোমান্টিকতার সংমিশ্রণ ‘কিং’ নিয়ে কৌতূহল বহুগুণ বাড়িয়ে দিয়েছে।