বলিউড সুপারস্টার শাহরুখ খানের ৬১তম জন্মদিনের বিশেষ উপহার হিসেবে মুক্তি পেয়েছে তাঁর আসন্ন সিনেমা ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’। সিদ্ধার্থ আনন্দের নির্দেশনায় নির্মিত এই ছবিতে আবারও পর্দায় জুটি বেঁধেছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। তবে এই গানটি কেবল প্রেমের গল্প নয়, বরং রোমান্টিক আবহের আড়ালে এখানে ফুটে উঠেছে রক্তপাত, খুন এবং প্রতিশোধের এক ভয়ংকর ইঙ্গিত।

গানের শুরুতেই দেখা যায় কালো পোশাকে সজ্জিত শাহরুখ একটি দ্বীপে হেঁটে যাচ্ছেন, তাঁর হাতে একটি বন্দুক। নিজেকে খুনি নয় বরং প্রেমিক হিসেবে পরিচয় দিলেও পরবর্তী দৃশ্যগুলোই বলে দেয় যে, প্রেমের পাশাপাশি অপরাধ জগতের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক রয়েছে। তবে এই অন্ধকার জগতের কথা দীপিকা সম্পূর্ণ অজানা। গানের প্রথম ৩০ সেকেন্ডের মধ্যেই এক চমকপ্রদ দৃশ্য দেখা যায়, যেখানে শাহরুখ গাড়ির বনেট থেকে একগুচ্ছ গোলাপ নিতে যাচ্ছেন। ঠিক সেই ফুলের পাশেই হাত-পা বাঁধা এবং মুখে কাপড় গোঁজা অবস্থায় পড়ে আছেন এক ব্যক্তি, যাকে মুহূর্তের মধ্যেই গুলি করে হত্যা করেন শাহরুখ। এরপর অত্যন্ত নির্বিকার ভঙ্গিতে সেই ফুলের তোড়া নিয়ে তিনি চলে যান দীপিকার সঙ্গে ডেটে।

পুরো গানজুড়ে দ্বীপের মনোরম পরিবেশে শাহরুখ ও দীপিকার রোমান্টিক মুহূর্তগুলো ফুটিয়ে তোলা হয়েছে। তাঁদের নাচের ছন্দ দর্শককে মনে করিয়ে দেয় ‘পাঠান’ সিনেমার জনপ্রিয় গান ‘বেশরম রং’-এর কথা, কারণ সেই সিনেমাটিও পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ।

তবে প্রেমের এই রঙিন পর্দার পেছনেই চলছে অপরাধের খেলা। এক দৃশ্যে দেখা যায়, মাছভর্তি পণ্যবাহী কার্গোর ভেতরে লুকিয়ে অস্ত্র পাচার করছেন শাহরুখ। আবার অন্য এক দৃশ্যে দীপিকা ভলিবল খেলতে গিয়ে ঘাড়ে ব্যথা অনুভব করলে শাহরুখ তাঁর ঘাড় সোজা করে দেওয়ার চেষ্টা করেন; ঠিক সেই মুহূর্তেই দৃশ্যটি পরিবর্তিত হয়ে দেখায় যে তিনি শত্রুর ঘাড় মটকে দিচ্ছেন। গানে শাহরুখের ওপর নির্যাতনের দৃশ্যও রয়েছে, যেখানে তাঁকে যন্ত্রণায় চিৎকার করতে দেখা যায়, যা ইঙ্গিত দেয় তিনি হয়তো বিশেষ কাউকে হারিয়েছেন। এরপর কুঠার হাতে একের পর এক মানুষকে হত্যা করার দৃশ্য তাঁর চরিত্রের ভেতরে লুকিয়ে থাকা কোনো বড় ট্র্যাজেডির আভাস দেয়।

শারীরিক ফিটনেসের দিক থেকেও নজর কেড়েছে শাহরুখের এইট প্যাক অ্যাবস এবং তাঁর শরীরে খোদাই করা ট্যাটু। গানের শেষ দিকে তাঁর প্রতিশোধস্পৃহা চরম পর্যায়ে পৌঁছায়। শাহরুখকে বলতে শোনা যায়, “কিন্তু এবার হৃদয়ে আগুন জ্বলেছে। পৃথিবীকে পুড়িয়ে না দিলে এবার আর শান্তি মিলবে না।” এরপর একটি ক্যাসিনোতে কাউকে গুলি করে হত্যা করার দৃশ্যটি এর আগে প্রকাশিত ‘কিং’-এর রক্তাক্ত টিজারের কথা মনে করিয়ে দেয়।

গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শচীন-জিগর। কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও ব্রিটিশ পপ তারকা এড শিরান। ইংরেজি র‍্যাপের অংশগুলো গেয়েছেন এড শিরান এবং নারী কণ্ঠে শোনা যায় মধুমতী বাগচীর।

গত জানুয়ারিতে প্লেব্যাক গান থেকে অবসরের ঘোষণা দেওয়া অরিজিৎ সিংয়ের জন্য এই গানটি বিশেষ হয়ে উঠতে পারে। এর আগে শাহরুখের বেশ কিছু সুপারহিট গানে কণ্ঠ দিয়েছেন তিনি, যার মধ্যে উল্লেখযোগ্য ‘চেন্নাই এক্সপ্রেস’-এর ‘কাশ্মীর ম্যায় তু কন্যাকুমারী’, ‘দিলওয়ালে’-র ‘গেরুয়া’, ‘জব হ্যারি মেট সেজাল’-এর ‘হাওয়ায়েঁ’ ও ‘সফর’, ‘রইস’-এর ‘জালিমা’ এবং ‘ডানকি’-র ‘ও মাহি’।

এদিকে অরিজিতের সঙ্গে আবারও কাজ করলেন এড শিরান। চলতি বছরের শুরুতে ভারত সফরের সময় গানটি রেকর্ড করেন তিনি। এর আগে অরিজিতের সঙ্গে তাঁর ‘স্যাফায়ার’ গানটি আলোচনায় এসেছিল, যার ভিডিওতে অতিথি হিসেবে দেখা গিয়েছিল শাহরুখকে। ‘কিং’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে এড শিরানের। গানটির কথা লিখেছেন কুমার এবং কোরিওগ্রাফি করেছেন পীযূষ-শাজিয়া। মধুমতী বাগচী এর আগে আদিত্য ধরের ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর’-এর ‘রাম্বা হো’ ও ‘শরারত’ গানের মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন।

শাহরুখ ও দীপিকার ষষ্ঠ সিনেমা হিসেবে আসছে ‘কিং’। এর আগে তাঁরা ‘ওম শান্তি ওম’ (২০০৭), ‘চেন্নাই এক্সপ্রেস’ (২০১৩), ‘হ্যাপি নিউ ইয়ার’ (২০১৪), ‘পাঠান’ (২০২৩) ও ‘জওয়ান’ (২০২৩) সিনেমায় জুটি বেঁধেছিলেন এবং প্রতিটি ছবিই বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়।

সিনেমাটিতে প্রধান খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন অভিষেক বচ্চন। এছাড়া অভিনয় করেছেন আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, সুহানা খান ও অভয় ভার্মা। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে সিদ্ধার্থ আনন্দ ও তাঁর স্ত্রী মমতা আনন্দের প্রতিষ্ঠান মারফ্লিক্স পিকচার্স এবং শাহরুখ ও গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। আগামী ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘কিং’-এর।

অন্যদিকে, সোমবার ৬১ বছরে পা দেওয়া শাহরুখ খানের জন্মদিনে মুম্বাইয়ের বান্দ্রায় তাঁর বাড়ি ‘মান্নাত’-এর সামনে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বাড়িটি সাজানো হয়েছিল নতুন সিনেমা ‘কিং’-এর থিমে এবং সামনে টাঙানো ছিল বড় পোস্টার, যাতে লেখা ছিল ‘হ্যাপি বার্থডে কিং’। ভক্তদের উদ্দেশে একটি পোস্টারে শাহরুখ লিখেছেন, “আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভালোবাসাও আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। অনেক ভালোবাসা ও আলিঙ্গন।”

জন্মদিনে শাহরুখ বারান্দায় এসে ভক্তদের অভিবাদন জানাবেন কি না তা নিশ্চিত না হলেও, আগের সন্ধ্যা থেকেই অনুরাগীরা ভিড় জমাতে শুরু করেন। তবে সম্প্রতি বলিউডের তারকাদের নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় মুম্বাই পুলিশ বাড়তি সতর্কতা অবলম্বন করেছে। টাইগার শ্রফকে হত্যাচেষ্টার ঘটনা এবং অমিতাভ বচ্চনের জুহুর বাংলোয় বোমা হামলার হুমকির ই-মেইল পাওয়ার পর মান্নাতের নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হয়েছে।