শুটিং শেষ হলেই যে সম্পর্কের ইতি ঘটে, তা নয়। অনেক ক্ষেত্রে ছবির সেটে এমন গভীর বন্ধুত্ব ও আত্মিক সম্পর্ক গড়ে ওঠে, যা ক্যামেরার কাজ শেষ হওয়ার পরও অটুট থাকে। এই হৃদ্যতা এবং কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম হিসেবে অনেক তারকা তাঁদের সহশিল্পীদের উপহার দিয়েছেন বিলাসবহুল গাড়ি, দামি ঘড়ি কিংবা পুরো ছবির কলাকুশলীদের জন্য মূল্যবান সামগ্রী।

সম্প্রতি সালমান খানের একটি উপহার নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তাঁর আসন্ন চলচ্চিত্র ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর দলের সদস্যদের জন্য তিনি দামী সুইস ঘড়ি উপহার দিয়েছেন। তবে বলিউড বা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে এমন ঘটনা নতুন কিছু নয়। শাহরুখ খান, কমল হাসান, মামুত্তি এবং এস এস রাজামৌলির মতো তারকারাও বিভিন্ন সময়ে সহশিল্পী ও পরিচালকদের ব্যয়বহুল ও স্মরণীয় উপহার দিয়ে চমকে দিয়েছেন। উপহারের আর্থিক মূল্য যত বেশিই হোক না কেন, এর পেছনে মূলত কাজ করে বন্ধুত্ব, কৃতজ্ঞতা এবং দীর্ঘদিনের পেশাগত হৃদ্যতা।

সালমান খানের ঘড়ির চমক ‘মাতৃভূমি’র দলে
গত ১২ নভেম্বর মুম্বাইয়ের পানভেলের নিজস্ব খামারবাড়িতে ‘মাতৃভূমি’ ছবির দলের সদস্যদের আমন্ত্রণ জানান সালমান খান। শুরুতে তাঁদের জানানো হয়েছিল যে, ছবির প্রচারণা কৌশল নিয়ে আলোচনা হবে। কিন্তু সেখানে গিয়ে তাঁরা এক অভাবনীয় চমকের মুখোমুখি হন। ২০ থেকে ২৫ জন অভিনয়শিল্পী ও কলাকুশলীকে বিলাসবহুল সুইস ঘড়ি উপহার দেন সালমান। প্রতিটি ঘড়ির মূল্য ছিল দুই থেকে ছয় লাখ রুপি। পুরুষ সদস্যদের জন্য লংজিনস ও ট্যাগ হয়ার ব্র্যান্ডের ঘড়ি এবং নারী সদস্যদের জন্য রাডোর ঘড়ি নির্বাচন করা হয়। ছবির নির্মাণ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা ও নানা প্রতিকূলতার মধ্যেও যাঁরা নিষ্ঠার সাথে কাজ করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই বিশেষ আয়োজন।

কমল হাসানের গাড়ি, ঘড়ি ও ১৩টি মোটরসাইকেল
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের উপহার দেওয়ার তালিকায় অন্যতম আলোচিত ঘটনাটি ঘটেছিল ২০২২ সালে। ‘বিক্রম’ ছবির অভাবনীয় সাফল্যের পর পরিচালক লোকেশ কানাগরাজকে একটি লেক্সাস গাড়ি উপহার দেন অভিনেতা কমল হাসান। তবে শুধু পরিচালকই নন, ছবির ১৩ জন সহকারী পরিচালককেও একটি করে অ্যাপাচি আরটিআর ১৬০ মোটরসাইকেল উপহার দিয়েছেন তিনি।

এখানেই শেষ নয়; ছবিতে মাত্র কয়েক মিনিটের জন্য দেখা গিয়েছিল অভিনেতা সুরিয়াকে, যেখানে তাঁর চরিত্রের নাম ছিল ‘রোলেক্স’। সেই চরিত্রের সাথে সামঞ্জস্য রেখে সুরিয়াকে নিজের ব্যবহৃত একটি রোলেক্স ঘড়ি উপহার দেন কমল হাসান। সুরিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে এই উপহারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শাহরুখের গাড়ি উপহার দেওয়ার রীতি
শাহরুখ খানের উপহার দেওয়ার কথা উঠলে প্রথমেই মনে পড়ে পরিচালক ও দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ফারাহ খানের নাম। তাঁদের বন্ধুত্বের শুরু ‘ম্যায় হুঁ না’ ছবির সময় থেকে। পরবর্তীতে ‘ওম শান্তি ওম’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো ছবিতেও তাঁরা একসঙ্গে কাজ করেছেন। ফারাহর ভাষ্য অনুযায়ী, শাহরুখের সঙ্গে প্রতিটি ছবি শেষ করার পর তিনি গাড়ি উপহার পেয়েছেন। ‘ম্যায় হুঁ না’র পর হুন্দাই টেরাকান, ‘ওম শান্তি ওম’-এর পর মার্সিডিজ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’-এর পর একটি মার্সিডিজ এসইউভি উপহার দেন শাহরুখ। ২০২৫ সালে এক সাক্ষাৎকারে মজা করে ফারাহ বলেছিলেন, আবার শাহরুখের সঙ্গে ছবি বানাতে চান; কারণ, তাঁর নতুন গাড়ি দরকার!

শুধু ফারাহই নন, সহশিল্পীদেরও দামি উপহার দিয়েছেন শাহরুখ। ‘রা.ওয়ান’ ছবির সাফল্যের পর অভিনেতা অর্জুন রামপাল, পরিচালক অনুভব সিনহা এবং রজনীকান্তকে একটি করে বিএমডব্লিউ গাড়ি উপহার দেওয়ার খবর প্রকাশিত হয়েছিল। এছাড়া ‘জিরো’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয়ের জন্য সালমান খানকেও একটি মার্সিডিজ গাড়ি উপহার দিয়েছিলেন তিনি।

শাহরুখের উপহারের তালিকায় আরেকটি মজার স্মৃতি রয়েছে। ‘চালতে চালতে’ ছবিতে ভাষ্য দেওয়ার জন্য শেখর সুমনকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। কাজ শেষে পারিশ্রমিক হিসেবে বড় অঙ্কের একটি চেক পাঠান শাহরুখ। কিন্তু বন্ধুত্বের খাতিরে সেই অর্থ নিতে রাজি হননি শেখর। পরবর্তীতে শাহরুখ তাঁকে একটি দামি ঘড়ি পাঠান। ২০২৬ সালের মে মাসে এক সাক্ষাৎকারে পুরোনো সেই স্মৃতি সামনে আনেন শেখর। তাঁর কাছে এখনো ঘড়িটি স্মারক হিসেবে সংরক্ষিত আছে।

মামুত্তির কাছেও রোলেক্সের গল্প
কমল হাসানের কাছ থেকে সুরিয়ার রোলেক্স পাওয়ার ঘটনাটি মালয়ালম সিনেমার মহাতারকা মামুত্তিকেও অনুপ্রাণিত করেছিল। ২০২২ সালে ‘ররশাখ’ ছবির সাফল্য উদ্‌যাপনের অনুষ্ঠানে সহশিল্পী আসিফ আলীকে একটি রোলেক্স ঘড়ি উপহার দেন তিনি।

‘ররশাখ’ ছবিতে আসিফ অভিনয় করেছিলেন মুখোশ পরা এক রহস্যময় চরিত্রে। পুরো ছবিতে তাঁর মুখ দেখা যায়নি, কেবল চোখের অভিব্যক্তির মাধ্যমে চরিত্রটি ফুটিয়ে তুলেছিলেন তিনি। মামুত্তি অনুষ্ঠানে আসিফের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেন। মজার ব্যাপার হলো, দুবাইয়ে ছবির শুটিংয়ের সময় আসিফ মামুত্তিকে বলেছিলেন, কমল হাসান সুরিয়াকে রোলেক্স দিয়েছেন, তাঁকেও এমন একটি ঘড়ি দেওয়া যায় কি না। ছবির সাফল্য উদ্‌যাপনের অনুষ্ঠানে সেই আবদারই পূরণ করেন মামুত্তি। অনুষ্ঠানে মামুত্তির ছেলে দুলকার সালমানও উপস্থিত ছিলেন এবং তিনি ছবির পুরো দলকে বিশেষ উপহার দিয়ে চমকে দেন।

৩৫ কলাকুশলীকে স্বর্ণমুদ্রা দিলেন রামচরণ
কেবল দামি ঘড়ি বা গাড়ি নয়, স্বর্ণমুদ্রাও উপহার পেয়েছেন সিনেমার কলাকুশলীরা। ২০২২ সালে ‘আরআরআর’ ছবির সাফল্যের পর অভিনেতা রামচরণ প্রায় ৩৫ জন প্রযুক্তিবিদ ও নেপথ্যের কর্মীকে স্বর্ণমুদ্রা উপহার দেন। প্রতিবেদন অনুযায়ী, প্রত্যেককে ১১ দশমিক ৬ গ্রাম ওজনের একটি করে স্বর্ণমুদ্রা দেওয়া হয়েছিল, যার মূল্য ছিল ৫৫ থেকে ৬০ হাজার রুপি। সব মিলিয়ে উপহারের মোট আর্থিক মূল্য দাঁড়িয়েছিল প্রায় ১৮ লাখ রুপি।

উপহার দেওয়ার আগে নিজের হায়দরাবাদের বাড়িতে তাঁদের আপ্যায়ন করেন রামচরণ। এরপর মিষ্টির সাথে স্বর্ণমুদ্রা তুলে দেন প্রত্যেকের হাতে। ছবির সাফল্যের পেছনে ক্যামেরার সামনে থাকা অভিনয়শিল্পীদের পাশাপাশি নেপথ্যের মানুষদের অবদান রয়েছে—সেই স্বীকৃতি দিতেই তাঁর এই আয়োজন।

প্রভাসকে বাহুবলীর বর্ম উপহার
কিছু উপহার হয়ে ওঠে অমূল্য স্মৃতির অংশ। এস এস রাজামৌলির কাছ থেকে এমনই একটি উপহার পেয়েছিলেন প্রভাস। ‘বাহুবলী’ ছবির জন্য প্রায় পাঁচ বছর সময় দিয়েছিলেন প্রভাস। চরিত্রের প্রয়োজনে শারীরিক গঠন পরিবর্তন করেছেন এবং অন্য ছবিতে কাজের সুযোগও এড়িয়ে গেছেন। এই দীর্ঘ পরিশ্রম ও আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালে ‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ মুক্তির আগে তাঁকে ছবিতে ব্যবহৃত বাহুবলীর বর্মটি উপহার দেন পরিচালক রাজামৌলি।

প্রভাসের সঙ্গে নিজের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা উল্লেখ করে রাজামৌলি বলেছিলেন, বাহুবলী চরিত্রের জন্য প্রভাসের মতো আর কাউকে ভাবতে পারেননি তিনি। উপহারটি তাই কেবল একটি পোশাক বা সিনেমার স্মারক ছিল না, বরং ছিল একসঙ্গে কাটানো দীর্ঘ পাঁচ বছরের কঠোর পরিশ্রমের স্বীকৃতি।