সম্প্রতি সন্ধ্যায় ঘরে আলো জ্বালিয়ে কাজ করার সময় ছোট ছোট সবুজ রঙের পোকার আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে জানালার কাচ, দেয়াল কিংবা বৈদ্যুতিক বাতির চারপাশে এই পোকাগুলো ভিড় জমায়। অনেক সময় এগুলো উড়ে এসে মানুষের গায়ে বসে, এমনকি কামড়ানোর মতো অনুভূতিও তৈরি করে।
কার্তিক মাসের সময়টাতে এই গ্রিন লিফহপার বা স্থানীয় ভাষায় যাকে 'শ্যামা পোকা' বলা হয়, তাদের উপস্থিতি বৃদ্ধি পায়। গ্রিন লিফহপার মূলত ছোট ও সবুজ রঙের এক ধরনের পোকা, যাদের শরীর সরু এবং কিছুটা ত্রিকোণাকৃতি। এরা সাধারণত গাছের পাতা ও কাণ্ডে অবস্থান করে খাবার সংগ্রহ করে। এদের মুখের অংশটি সুচের মতো সরু, যা দিয়ে গাছের কোষ ফুটো করে ভেতর থেকে রস শুষে নেয়। তবে মনে রাখা প্রয়োজন যে, গ্রিন লিফহপার কোনো একটি নির্দিষ্ট প্রজাতি নয়, বরং কাছাকাছি বৈশিষ্ট্যের একাধিক প্রজাতির পোকা এই নামে পরিচিত।
বাংলাদেশে ধানখেতের পোকা নিয়ে ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত পরিচালিত একটি গবেষণায় ১০ প্রজাতির লিফহপার এবং ৫ প্রজাতির প্ল্যান্টহপারের সন্ধান পাওয়া গেছে। ফলে কেবল সবুজ রং বা আকার দেখে কোনো নির্দিষ্ট প্রজাতিকে চিহ্নিত করা বেশ কঠিন। গ্রিন লিফহপার মূলত ধানের ক্ষতিকর পোকা হিসেবে পরিচিত। এরা ধানগাছের রস শুষে খাওয়ার পাশাপাশি কিছু প্রজাতি ধানে টুংরো ভাইরাস ছড়াতে সহায়তা করে, যার ফলে আক্রান্ত গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং ফলন কমে যেতে পারে।
রাতে কৃত্রিম আলোর প্রতি এই পোকাগুলোর আকর্ষণ প্রবল। ঘরের বাতি, রাস্তার ল্যাম্পপোস্ট কিংবা দোকানের উজ্জ্বল আলো এদের স্বাভাবিক চলাচলে প্রভাব ফেলে। তবে তারা সব সময় সরাসরি আলোর দিকে ছুটে আসে না। ২০২৪ সালে ‘নেচার কমিউনিকেশন’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা উচ্চগতির ক্যামেরা ও ত্রিমাত্রিক গতিপথ বিশ্লেষণ করে দেখেছেন যে, অনেক পোকা আলোর দিকে পিঠ ঘুরিয়ে রাখার চেষ্টা করে।
প্রাকৃতিক পরিবেশে আকাশ চারপাশের তুলনায় বেশি উজ্জ্বল থাকে এবং অনেক উড়ন্ত পোকা এই উজ্জ্বলতাকে ওপরের দিক বোঝার সংকেত হিসেবে ব্যবহার করে শরীরের ভারসাম্য বজায় রাখে। বিজ্ঞানীরা এই আচরণকে বলেন ডরসাল লাইট রেসপন্স। সহজভাবে বললে, শরীরের পিঠকে সবচেয়ে উজ্জ্বল দিকের দিকে রাখার প্রবণতা। কিন্তু রাতে কৃত্রিম আলো এই স্বাভাবিক সংকেতকে বিভ্রান্ত করে। পোকা তখন আলোকে ওপরের দিক ভেবে শরীর ঘোরাতে থাকে এবং সোজা পথে না গিয়ে আলোর চারপাশে ঘুরপাক খেতে থাকে।
কার্তিক মাসে এদের আধিক্যের পেছনে ঋতু পরিবর্তন ও ধানখেতের অবস্থার প্রভাব থাকতে পারে। এই সময়ে আমন ধান পাকার পর সবুজ পাতা ফড়িংয়ের জন্য ধানখেত হয়ে ওঠে প্রধান খাবারের উৎস। গাজীপুরে ছয় বছর ধরে চালানো এক গবেষণায় দেখা গেছে, অক্টোবর ও নভেম্বর মাসে সবুজ পাতা ফড়িংয়ের উপস্থিতি সবচেয়ে বেশি থাকে। তাপমাত্রা, বৃষ্টিপাত ও বাতাসের আর্দ্রতাও এদের সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখে। তবে কার্তিক মাসে সবাই একসঙ্গে ডিম পাড়ে বলে সংখ্যা বাড়ে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ কম, কারণ প্রজাতিভেদে এদের জীবনচক্র ভিন্ন হয়।
একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, গ্রিন লিফহপার মানুষের রক্ত খায় না। এদের মুখ গঠন করা হয়েছে গাছের রস শুষে নেওয়ার জন্য, তাই মশা বা ছারপোকার মতো রক্ত খাওয়ার জন্য এরা মানুষকে কামড়ায় না। তবে কিছু প্রজাতির লিফহপার ভুলবশত মানুষের ত্বকে মুখ ফুটিয়ে দিতে পারে। ২০১৩ সালে প্রকাশিত একটি পর্যালোচনামূলক গবেষণায় বিভিন্ন দেশের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, অন্তত ৩৯ প্রজাতির লিফহপারের এমন আচরণ রয়েছে। এদের গায়ে বসলে সুচ ফোটার মতো ব্যথা বা হঠাৎ খোঁচা লাগার অনুভূতি হতে পারে।
এর ফলে সাময়িক অস্বস্তি তৈরি হতে পারে, তবে এরা সাধারণভাবে মানুষের জন্য বিপজ্জনক নয়। কোনো পোকা গায়ে বসলে হাত দিয়ে ঝাপটা না দিয়ে আলতোভাবে সরিয়ে দেওয়াই শ্রেয়। যদি কামড়ানোর মতো অনুভূতি হয়, তবে আক্রান্ত স্থানটি সাবান-পানি দিয়ে ধুয়ে নেওয়া এবং প্রয়োজনে ঠান্ডা সেঁক দেওয়া যেতে পারে। তবে তীব্র ফোলা, শ্বাসকষ্ট বা অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
ঘরে এই পোকার প্রবেশ ঠেকানোর সবচেয়ে কার্যকর উপায় হলো দরজা-জানালা বন্ধ রাখা অথবা জানালায় সূক্ষ্ম নেট লাগানো। সন্ধ্যার সময় আলো জ্বালানোর আগে জানালা-দরজা বন্ধ করে রাখা কার্যকর হতে পারে। এছাড়া জানালার খুব কাছে উজ্জ্বল বাতি না রাখলে এবং অপ্রয়োজনীয় আলো বন্ধ রাখলে এই উপদ্রব কমানো সম্ভব। তবে বাতির রং বদলালে পোকা আসবে না—এমন ধারণার কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই।
ঘরে পোকা ঢুকে পড়লে তা মেরে ফেলার প্রয়োজন নেই। ঘরের বাতি নিভিয়ে বাইরের দিকে আলো জ্বালিয়ে দিলে পোকাগুলো সহজেই বাইরে চলে যাবে। এছাড়া কাগজ বা ছোট পাত্রের সাহায্যে ধরে তাদের বাইরে ছেড়ে দেওয়া যায়। ঘরে কীটনাশক ব্যবহারের প্রয়োজন নেই। ইন্টারনেটে লেবু, মরিচ, কর্পূর বা তেলের মিশ্রণ ব্যবহারের পরামর্শ দেওয়া হলেও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং কর্পূর বা রাসায়নিকের ভুল ব্যবহার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।