বেসরকারি প্রতিষ্ঠান সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিদীপ) তাদের শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মোট ৪০০টি পদে কর্মী নিয়োগ করতে যাচ্ছে, যেখানে দুই ধরনের ক্যাটাগরিতে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদগুলো নিম্নরূপ:
১. পদের নাম: ফিল্ড অফিসার (গ্রেড-১৫)
এই পদে মোট ২০০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। বেতন-ভাতার ক্ষেত্রে ৬ মাস শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ২৪,৫০০ টাকা প্রদান করা হবে এবং স্থায়ীকরণের পর মোট বেতন হবে ৩২,৩৮০ টাকা।
২. পদের নাম: ফিল্ড অফিসার (গ্রেড-১৬)
এই পদেও মোট ২০০ জন কর্মী নিয়োগ করা হবে। বেতন-ভাতার ক্ষেত্রে ৬ মাস শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ২২,৫০০ টাকা এবং স্থায়ীকরণের পর মোট ২৯,৫১০ টাকা প্রদান করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা:
নিযুক্ত কর্মীরা বছরে ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, প্রযোজ্য ক্ষেত্রে উৎসাহ বোনাস, বদলিজনিত ভাতা এবং ভ্রমণ ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এছাড়া স্থায়ীকরণের পর সংস্থার প্রচলিত নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বীমা এবং পেনশন সুবিধা প্রদান করা হবে।
যাঁরা মোটর সাইকেল ব্যবহার করবেন, তাঁরা বেতন-ভাতার বাইরে ২ হাজার ১০০ টাকা জ্বালানি ভাতা এবং ৫০০ টাকা যানবাহন রক্ষণাবেক্ষণ ভাতা পাবেন। তবে এই সুবিধা পেতে হলে আবেদনকারীর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
আবেদনের শর্তাবলি ও বয়সসীমা:
আবেদনকারীকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ আবেদনপত্রটি নির্ধারিত ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে।
আবেদনের ঠিকানাগুলো হলো:
১. গাজীপুর জোন (বোর্ডবাজার ব্রাঞ্চ): বাড়ি নং-৫৪৬, উত্তর খাইলকৌর বটতলা রোড, (জাতীয় বিশ্ববিদ্যালয় গেইট এর উল্টো দিকে), বোর্ড বাজার, গাজীপুর সদর, গাজীপুর-১৭০৪।
২. ঢাকা জোন (আদাবর ব্রাঞ্চ): বাসা নং -৫৪৫, রোড নং-১১, বাইতুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা।
৩. বি-বাড়িয়া জোন (ফুলবাড়িয়া ব্রাঞ্চ): ১০৪৭ (ইয়াছিন চেয়ারম্যানের বাড়ি), ফুলবাড়িয়া পশ্চিম (বিরাসার বাসস্ট্যান্ড), উপজেলা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া-৩৪০০।
৪. চাঁদপুর জোন (তরপুরচন্ডী ব্রাঞ্চ): খলীশাডুলি (হাজী বিল্লাল সাহেবের বাড়ি), পুরাতন পল্লী বিদ্যুৎ অফিসের বিপরীত দিকে, চাঁদপুর সদর, জেলা চাঁদপুর ৩৬০০।
বিশেষ নির্দেশনা:
আবেদন প্রক্রিয়ায় জামানত হিসেবে ৫ হাজার টাকা জমা দিতে হবে, যা পরবর্তীতে লভ্যাংশসহ ফেরতযোগ্য।
প্রতারণা সম্পর্কে সতর্কবার্তা:
সংস্থাটি স্পষ্টভাবে জানিয়েছে, “সিদীপ প্রধান কার্যালয় ব্যতীত অন্য কোনো মাধ্যমে (বিকাশ, রকেট, নগদ ইত্যাদি) আর্থিক লেনদেন করে না।” তাই নিয়োগপ্রার্থীদের প্রতি অনুরোধ করা হয়েছে যে, কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে যেন তা প্রদান না করা হয়।