বেসরকারি উন্নয়ন খাতের অন্যতম প্রতিষ্ঠান ‘সাজিদা ফাউন্ডেশন’ তাদের জনবল বৃদ্ধিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ‘সূচনা’ কর্মসূচির আওতায় মোট ২০০ জন ‘ফিল্ড অফিসার’ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।
আবেদনের বিস্তারিত তথ্যে জানানো হয়েছে যে, পদের নাম ‘ফিল্ড অফিসার (সূচনা)’ এবং মোট শূন্য পদের সংখ্যা ২০০। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর/ডিগ্রি অথবা স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক। প্রার্থীর বয়স অবশ্যই ২৪ থেকে ৩৬ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগপ্রাপ্তদের জন্য বিশেষ কিছু শর্ত ও যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। প্রার্থীকে দেশের যেকোনো প্রত্যন্ত ও গ্রামীণ শাখায় কাজ করার মানসিকতা রাখতে হবে। পাশাপাশি মাঠপর্যায়ে কাজের পরিবেশ ও প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা থাকা জরুরি। এছাড়া যাদের মোটরসাইকেল চালনায় পারদর্শিতা রয়েছে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স আছে, তাদের অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। উল্লেখ্য, এই নিয়োগ প্রক্রিয়ায় আগ্রহী নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীদের আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।
কাজের দায়িত্বের কথা উল্লেখ করে বলা হয়েছে, মাঠপর্যায়ে জরিপের মাধ্যমে দরিদ্র ও সীমিত আয়ের নারী ঋণগ্রহীতা নির্বাচন করে দলগতভাবে ঋণ বিতরণ করা। নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় নিশ্চিত করা। এ ছাড়া কেন্দ্র গঠন, সদস্যদের প্রশিক্ষণ প্রদান, ঋণের ফাইল প্রস্তুত, অফিস পর্যায়ে দৈনন্দিন হিসাব ও রেজিস্টার হালনাগাদ রাখার কাজ করতে হবে।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে জানানো হয়েছে, নিয়োগপ্রাপ্তদের শিক্ষানবিশ সময় হবে ৬ মাস। শিক্ষানবিশ সময়ে সাকল্যে মাসিক বেতন ডিগ্রি পাস প্রার্থীদের জন্য ২২ হাজার ৫০০ টাকা এবং স্নাতক (সম্মান) পাস প্রার্থীদের জন্য ২৫ হাজার টাকা। সফলভাবে শিক্ষানবিশ সময় শেষে চাকরি স্থায়ীকরণের পরও বেতন একই থাকবে।
বেতনের পাশাপাশি অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমার সুবিধা, মোবাইল বিল, সপ্তাহে দুই দিন ছুটি, বছরে দুটি উৎসব বোনাস এবং বার্ষিক বেতন পর্যালোচনার সুবিধা।
নিযুক্তদের কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো স্থানে। আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত জানতে এবং আবেদন করতে https://bdjobs.com/h/details/1548024?ln=1 এই লিংকে প্রবেশ করার জন্য অনুরোধ করা হয়েছে।