বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন তাদের মাইক্রোফাইন্যান্স বিভাগে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মাঠপর্যায়ে কাজ করার জন্য ‘ট্রেইনি অফিসার’ পদে মোট ২০০ জন কর্মী নিয়োগ করতে যাচ্ছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৭ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
নিয়োগের বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো:
পদের নাম: ট্রেইনি অফিসার, মাইক্রোফাইন্যান্স (মাঠপর্যায়ের কাজের জন্য)
পদসংখ্যা: ২০০টি
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই স্নাতক বা অনার্স পাস হতে হবে।
অন্যান্য যোগ্যতা ও দক্ষতা: আবেদনকারীর মোটরসাইকেল ড্রাইভিংয়ে দক্ষতা থাকা আবশ্যক।
বয়সসীমা: প্রার্থীর বয়স ২৬ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে।
কর্মস্থল: নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করতে হতে পারে।
দায়িত্বসমূহ:
নিযুক্ত কর্মীদের নির্ধারিত কর্ম এলাকায় সমীক্ষা চালিয়ে সদস্য নির্বাচন ও ভর্তি করার কাজ করতে হবে। এছাড়া ঋণ প্রস্তাব তৈরি, উপযুক্ত জামিনদার নির্বাচন এবং ঋণ বিতরণ কার্যক্রম পরিচালনা করতে হবে। কেন্দ্রে উপস্থিত হয়ে শতভাগ কিস্তি ও সঞ্চয় আদায় নিশ্চিত করা এবং বকেয়া কিস্তি আদায়ে যোগাযোগ রক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া তাদের অন্যতম প্রধান দায়িত্ব। পাশাপাশি সদস্যদের পাসবই ব্যবহার, ঋণের সঠিক ব্যবহার ও সঞ্চয়ের গুরুত্ব বিষয়ে সচেতন করতে হবে।
প্রশিক্ষণ ও বেতন-ভাতা:
নির্বাচিত প্রার্থীদের জন্য ৩ সপ্তাহের একটি প্রশিক্ষণকাল থাকবে। এই শিক্ষানবিশকালে থাকা ও খাওয়ার যাবতীয় খরচ প্রতিষ্ঠান বহন করবে। শিক্ষানবিশকালীন সময়ে মূল বেতন, বেইজ অ্যালাউন্স, মোটরসাইকেল অ্যালাউন্স ও মোবাইল অ্যালাউন্সসহ মোট ২৬ হাজার টাকা বেতন-ভাতা প্রদান করা হবে। চাকরির স্থায়ীকরণের পর মোট বেতন-ভাতা বেড়ে হবে ৩৩ হাজার টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা:
প্রযোজ্য ক্ষেত্রে ৭৫০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত দূরত্ব ভাতা প্রদান করা হবে। এছাড়া নির্দিষ্ট কিছু অঞ্চলের জন্য ১,৫০০ টাকা স্ট্র্যাটেজিক রিজিয়নাল অ্যালাউন্স দেওয়া হবে (প্রযোজ্য অঞ্চল: কুমিল্লা তিতাস, চৌদ্দগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম নর্থ, চট্টগ্রাম সাউথ, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও সিলেট)। নারী কর্মীদের জন্য ১,২০০ টাকা সুরক্ষা অ্যালাউন্স বরাদ্দ রয়েছে। এর পাশাপাশি টিএ, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, অর্ধবার্ষিক লাঞ্চ সুবিধা (আংশিক ভতুর্কি), সপ্তাহে ২ দিন ছুটি, ৩টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনস্যুরেন্স, বার্ষিক বেতন বৃদ্ধি এবং পারফরম্যান্স অনুযায়ী ইনসেনটিভ সুবিধা দেওয়া হবে।
আগ্রহী চাকরিপ্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে সংশ্লিষ্ট লিংকে প্রবেশ করে আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ ৭ নভেম্বর ২০২৬।