বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনে ৩৫০ জন ঋণ ও উন্নয়ন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জন্য আগামী ৩১ অক্টোবর সরাসরি সাক্ষাৎকারের আয়োজন করা হয়েছে।
আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস হতে হবে। তবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি কিংবা সমমানের ফলাফল (জিপিএ ২.৫-এর নিচে) থাকলে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন না।
বয়সসীমা ও নিয়োগ প্রক্রিয়া:
আবেদনকারীদের বয়স আগামী ৩১ অক্টোবর ২০২৬ তারিখে ২২ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রার্থীদের নির্ধারিত কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশ নিতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা:
নিযুক্তদের জন্য আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধার কথা জানানো হয়েছে। প্রথম তিন মাস শিক্ষানবিশকাল হিসেবে মাসিক ২০ হাজার টাকা বেতন প্রদান করা হবে। চতুর্থ মাস থেকে এইচএসসি পাস প্রার্থীরা মাসিক ২৭ হাজার ৯৫০ টাকা এবং স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা মাসিক ২৯ হাজার ৩৪৭ টাকা বেতন পাবেন। যোগদানের ছয় মাস পর কাজের মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ী করার সুযোগ থাকবে।
বিশেষ শর্তাবলি:
নিয়োগপ্রাপ্ত কর্মীদের অবশ্যই মোটরসাইকেল নিয়ে কাজে যোগ দিতে হবে। নারী কর্মীদের ক্ষেত্রে শর্ত হলো, যোগদানের তিন মাসের মধ্যে তাদের মোটরসাইকেল ক্রয় করতে হবে। মাঠপর্যায়ে মোটরসাইকেল ব্যবহার করে কাজ করার জন্য জ্বালানি ও রক্ষণাবেক্ষণ বাবদ প্রতি মাসে দুই হাজার টাকা ভাতা দেওয়া হবে।
কর্মস্থল:
নির্বাচিতরা ভোলা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুর জেলার বিভিন্ন জেলা সদর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দায়িত্ব পালন করবেন।
সাক্ষাৎকারের সময় ও স্থান:
সাক্ষাৎকার আগামী ৩১ অক্টোবর ২০২৬ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ভোলা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে কোস্ট ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে প্রার্থীদের সরাসরি উপস্থিত হতে হবে।