বেসরকারি উন্নয়ন সংস্থা ‘শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন’ তাদের মাঠ পর্যায়ের কার্যক্রম সম্প্রসারণে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ‘ট্রেইনি অফিসার, মাইক্রোফাইন্যান্স’ পদে মোট ২০০ জন কর্মী নিয়োগ করতে যাচ্ছে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের দেশের যেকোনো প্রান্তে কাজ করার মানসিকতা থাকতে হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ২২ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

পদের বিস্তারিত বিবরণ নিম্নরূপ:
পদের নাম: ট্রেইনি অফিসার, মাইক্রোফাইন্যান্স (মাঠ পর্যায়ের কাজের জন্য)
মোট পদসংখ্যা: ২০০টি

আবেদনের যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মান ডিগ্রিধারী হতে হবে। বয়সসীমা ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে। এছাড়া প্রার্থীর মোটরসাইকেল চালনায় বিশেষ দক্ষতা থাকা বাধ্যতামূলক।

প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীদের জন্য তিন সপ্তাহের একটি প্রশিক্ষণ কর্মসূচি থাকবে। শিক্ষানবিশকালীন সময়ে প্রার্থীদের থাকা ও খাওয়ার যাবতীয় খরচ প্রতিষ্ঠান বহন করবে।

বেতন কাঠামো: শিক্ষানবিশকালে মাসিক বেতন, বেজ অ্যালাউন্স, মোটরসাইকেল অ্যালাউন্স ও মোবাইল অ্যালাউন্স মিলিয়ে সর্বমোট ২৬,০০০ টাকা প্রদান করা হবে। চাকরিতে স্থায়ীকরণের পর এই মোট বেতন বেড়ে হবে ৩৩,০০০ টাকা (বেতন, বেজ অ্যালাউন্স, মোটরসাইকেল ও মোবাইল অ্যালাউন্সসহ)।

বিশেষ ভাতা: নির্দিষ্ট ক্ষেত্রে দূরত্ব ভাতা হিসেবে ৭৫০ থেকে ২,৫০০ টাকা এবং স্ট্র্যাটেজিক রিজিওনাল অ্যালাউন্স হিসেবে ১,৫০০ টাকা প্রদান করা হবে। এই রিজিওনাল ভাতা কুমিল্লা তিতাস, চৌদ্দগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম নর্থ, চট্টগ্রাম সাউথ, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও সিলেট অঞ্চলের জন্য প্রযোজ্য। এছাড়া নারী কর্মীদের জন্য মাসিক ১,২০০ টাকা সুরক্ষা অ্যালাউন্স এবং কাজের পারফরম্যান্স অনুযায়ী ইনসেনটিভের সুবিধা রয়েছে।

অন্যান্য সুবিধা: কর্মীদের জন্য সপ্তাহে ২ দিন ছুটি, বছরে ৩টি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা সুবিধা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা (টিএ), ট্যুর অ্যালাউন্স এবং মোবাইল বিলের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি আংশিক ভর্তুকিযুক্ত দুপুরের খাবার এবং বার্ষিক বেতন পর্যালোচনার সুযোগ দেওয়া হবে।

কাজের দায়িত্ব: নির্বাচিত কর্মীদের নির্ধারিত কর্ম এলাকায় জরিপের মাধ্যমে সম্ভাব্য সদস্য নিরূপণ ও কেন্দ্রভিত্তিক সদস্য ভর্তি করতে হবে। সদস্যদের প্রয়োজন ও সক্ষমতা বিবেচনা করে ঋণ প্রস্তাব তৈরি, জামিনদার যাচাই এবং ঋণ বিতরণ করতে হবে। নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে শতভাগ ঋণের কিস্তি ও সঞ্চয় সংগ্রহ করা হবে। এছাড়া বকেয়া কিস্তি আদায় এবং ঋণের সঠিক ব্যবহার, আর্থিক শৃঙ্খলা ও প্রতারক চক্র সম্পর্কে সদস্যদের সচেতন করার দায়িত্ব পালন করতে হবে।

আগ্রহী প্রার্থীরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে নির্দিষ্ট লিংকে প্রবেশ করতে পারেন। আবেদনের শেষ তারিখ ২২ ডিসেম্বর ২০২৬।