সিলেট শহরতলির লাক্কাতুরা চা-বাগানের গহিন নির্জনতায় এক দুপুরে দেখা হয় ঊষামণির সঙ্গে। সকাল থেকে দুপুর পর্যন্ত কঠোর পরিশ্রমে তোলা ৩৩ কেজি চা-পাতা ওজনকেন্দ্রে জমা দিয়ে তখন বাড়ি ফিরছিলেন তিনি। বাগানের মেঠো পথ ধরে হাঁটার সময় উঠে আসে তাঁর জীবনের দীর্ঘ লড়াইয়ের কথা।

ঊষামণি জানেন না তাঁর জন্ম কবে কিংবা এই চা-বাগানের আঙিনায় তিনি কতগুলো শীত-গ্রীষ্ম কাটিয়েছেন। তবে কত বছর ধরে চা-পাতা তুলছেন—এই প্রশ্নের উত্তরে আঙুলে গুনে তিনি জানান, তাঁর শ্বশুর ছিলেন এই বাগানেরই শ্রমিক। আজ থেকে তিরিশ বছর আগে শ্বশুরের মৃত্যুর পর তাঁর বদলি হিসেবে তিনি এই পেশায় আসেন। চা-বাগানের নিয়ম অনুযায়ী, কোনো শ্রমিক অবসরে গেলে বা শারীরিক অক্ষমতার কারণে কাজ করতে না পারলে তাঁর পরিবারের কোনো সদস্যকে সেই কাজের সুযোগ দেওয়া হয়।

দীর্ঘ তিন দশক ধরে এই একই রুটিনে জীবন অতিবাহিত করছেন ঊষামণি। ঋতু পরিবর্তিত হয়, গাছের পাতা বদলায়, সময়ের সাথে সাথে বদলেছে তাঁর বয়স; কিন্তু প্রতিদিন ভোরে বাগানের মেঠো পথ ধরে চা-পাতা তুলতে যাওয়ার পথটি তাঁর জীবনে অপরিবর্তিত। দিনের শেষে ঘরে ফিরে রান্না ও গৃহস্থালির নানা কাজ, আর তারপর পরের দিনের দুশ্চিন্তা। ঘরের বাজার, ওষুধের খরচ কিংবা সারাদিনে কতটুকু পাতা তুললেন এবং সপ্তাহ শেষে কত মজুরি পাবেন—এই হিসাব মেলাতে মেলাতে তাঁর জীবনে হাজির হয় আরেকটি নতুন ভোর।

সিলেটের লাক্কাতুরা চা-বাগানের ঊষামণির এই জীবনচিত্র আসলে প্রায় প্রতিটি চা-শ্রমিকের জীবনেরই প্রতিচ্ছবি। তাঁদের অস্তিত্ব জড়িয়ে আছে সারি সারি চা-গাছ, টিলার বাঁক, রোদ-বৃষ্টির প্রতিকূলতায় কাজের ডাক আর দিনশেষে সংসারের হিসাব মেলানোর তাড়নার সঙ্গে। দূর থেকে দেখা ঢেউখেলানো সবুজ চা-বাগানের অপরূপ সৌন্দর্যের আড়ালে এভাবেই বয়ে চলে ঊষামণিদের জীবন।

২৩ কেজির হিসাব-নিকাশ

লাক্কাতুরা চা-বাগানের নির্জন পথে হাঁটার সময় ঊষামণি জানান, সাত বছর আগে তাঁর স্বামী মারা গেছেন। চার মেয়ের মধ্যে তিনজনকে তিনি বিয়ে দিয়েছেন। প্রতিদিন টিলায় টিলায় ‘দুটি পাতা একটি কুঁড়ি’ তোলার কাজ করেন তিনি। সপ্তাহ শেষে মজুরি হিসেবে পান ১ হাজার ৩১৫ টাকা এবং সাথে সাড়ে ৩ কেজি আটা। এখানে মজুরির একটি নির্দিষ্ট হিসাব রয়েছে; প্রতিদিন ২৩ কেজির কম চা-পাতা তুললে ওই দিনের হাজিরা গণ্য করা হয় ‘লেস হাজিরা’ হিসেবে। এর ফলে পূর্ণ হাজিরা না পাওয়ায় মজুরি কমে যায়। তবে ২৩ কেজির বেশি পাতা তুলতে পারলে অতিরিক্ত প্রতি কেজির জন্য ৫ টাকা করে বাড়তি মজুরি পাওয়া যায়।

বাড়তি কিছু আয়ের আশায় চা-শ্রমিকেরা কাজের সময় গল্পগুজব করেন না, বরং সবার দৃষ্টি থাকে কেবল চা-পাতার দিকে। এই অভিজ্ঞতার কথা জানান লাক্কাতুরা চা-বাগানের আরেক শ্রমিক সুমিত্রা ভূমিজ। চল্লিশোর্ধ্ব এই নারীর ছয় সদস্যের পরিবার। ভাশুরের বদলি হিসেবে মাত্র ১৩ বছর বয়স থেকে তিনি চা-পাতা তুলছেন। বর্তমানে তাঁর ছেলেও চা-শ্রমিক হিসেবে কাজ করছেন এবং মা-ছেলের সম্মিলিত আয়েই চলে তাঁদের সংসার।

নারী শ্রমিকদের সঙ্গে কথা বলার সময় পাশ দিয়ে যাচ্ছিলেন তামাটে রঙের দীর্ঘদেহী এক ব্যক্তি। মাথায় অবিন্যস্ত চুল, গালে কয়েক দিনের না-কামানো দাড়ি এবং গলায় তুলসীর মালা পরিহিত ওই ব্যক্তির বয়স আনুমানিক চল্লিশ। তিনি চা-পাতা ওজন করার কাজ করেন, নাম সুনীল লোহার। দূরে দাঁড়িয়ে কথাগুলো শোনার পর কাছে এসে তিনি আক্ষেপ করে বলেন, “পাঁচজনের সংসার। একলা কাম করি। ২০ হাজার ট্যাকা ঋণ নিয়া ঘর ঠিক করছি। সপ্তাহে মজুরি পাই ১৩১৫ ট্যাকা। এর মইধ্যে প্রতি সপ্তাহে ৭০০ টাকা ঋণের কিস্তি দেই। বাকি ট্যাকা দিয়া সংসার চালাইতে খুব কষ্ট হয়। জীবন শ্যাষ, দুক্ক আর ঘুচল না!”

দুঃখের উল্টো পিঠ

তবে চা-বাগানের বাসিন্দাদের পরিচয় কি কেবলই দুঃখ? চৌত্রিশ বছর বয়সী যুবক চঞ্চল বাকতি এই ধারণার সাথে একমত নন। লাক্কাতুরা চা-বাগানে স্টোর সামলানোর দায়িত্বে থাকা এই শ্রমিক বলেন, মোটেই তা নয়। এখানে দুঃখের পাশাপাশি আনন্দের জায়গাও আছে। পূজা, উৎসব, পার্বণ এবং চা-চয়ন উৎসবের আমেজ এখানে প্রায়ই বিরাজ করে। কাঠিনৃত্য, ঝুমুর গান, কারাম উৎসব ও চড়কপূজার মতো নানা আয়োজন এখানে হয়ে থাকে। চরম আর্থিক অনটনের মধ্যেও শ্রমিকেরা নিজেদের মতো করে সুখ খুঁজে নেন। এই বাগানে এখনো পারিবারিক বন্ধন অত্যন্ত দৃঢ় এবং অধিকাংশ পরিবারই যৌথ পরিবার হিসেবে টিকে আছে।

চঞ্চল চা-বাগানের স্থানীয় স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপর পাথরকোয়ারিতে কাজ শুরু করেন এবং পাশাপাশি একটি নৈশ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন। কিন্তু কাজ ও পড়াশোনার চাপ একসাথে সামলাতে না পেরে একসময় তিনি চা-বাগানের শ্রমিকের পেশাতেই থিতু হন।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির কার্যকরী পরিষদের সভাপতি রাজু গোয়ালা জানান, প্রজন্মের পর প্রজন্ম ধরে চা-শ্রমিকেরা যে মাটিতে বসবাস করছেন, সেই ভূমির ওপর তাঁদের কোনো আইনি অধিকার প্রতিষ্ঠিত হয়নি। তাঁদের মাথা গোঁজার ঘর থাকলেও জমির মালিকানা নেই। তবে তিনি উল্লেখ করেন, গত এক দশকে উন্নত জীবনের আশায় চা-জনগোষ্ঠীর অনেকেই এখন পেশা পরিবর্তন করছেন।

রাজু গোয়ালার কাছ থেকে বিদায় নিয়ে ফেরার পথে মনে হয়, চা-বাগানেও এখন পরিবর্তনের হাওয়া বইছে। শিক্ষা ও পেশা বদলের নতুন সুযোগ তৈরি হয়েছে। কেউ সেই সুযোগ নিয়ে এগিয়ে যাচ্ছেন, আবার কেউ এখনো অভাব আর অনিশ্চয়তার পুরোনো বৃত্তে আটকা পড়ে আছেন। টিলায় টিলায় ঊষামণিরা এখনো চা-পাতা তোলেন এবং সপ্তাহ শেষে মজুরির টাকা গুনে সংসারের হিসাব মেলান। ঋতু বদলায়, কচি পাতায় ভরে ওঠে চা-গাছ, সবুজে ঢেকে যায় টিলার পর টিলা। সেই সবুজ সৌন্দর্যের আড়ালে বয়ে চলে চা-শ্রমিকদের জীবনের গল্প—যেখানে কোথাও মিশে আছে না-পাওয়ার দীর্ঘশ্বাস, আবার কোথাও জেগে আছে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন।