মুক্তকণ্ঠের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আয়োজনে কর্মীরা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। এসব লেখায় উঠে এসেছে জীবনের মোড় বদলে দেওয়া সব অধ্যায়, প্রিয়জনের জন্য হৃদয়ের গভীর স্পন্দন কিংবা হঠাৎ পাওয়া অপ্রত্যাশিত সুখের উপলব্ধি। পাঠকদের জন্য নির্বাচিত সেই লেখাগুলোর একটি এখানে প্রকাশ করা হলো।
মাধবপুর টি এস্টেটে প্রবেশ করার পরপরই এক ব্যক্তি ‘স্যার স্যার’ বলে আমার সঙ্গে খাতির জমানোর চেষ্টা করলেন। বয়স তাঁর পঞ্চাশের কাছাকাছি। পরনের পোশাকটি অত্যন্ত জীর্ণ—এতটাই যে মেটালের বোতামগুলোতে মরিচা ধরে অনেক আগেই ক্ষয়ে গেছে। কোমরে বেল্টের বদলে পুরনো লুঙ্গি ছিঁড়ে তৈরি করা একটি ফিতা বেঁধে রাখা হয়েছে।
মানুষটি যে কিছু বকশিশের আশায় আমার সঙ্গে কথা বলছেন, তা বুঝতে আমার খুব বেশি সময় লাগেনি। আমি এটাও বুঝলাম যে, ২০ বা ৫০ টাকা খসানো ছাড়া বড় কোনো প্রতারণা করার সামর্থ্য তাঁর নেই। নিজের পরিচয় দিয়ে তিনি বললেন, তাঁর নাম বাগতি, অনিল বাগতি। আমি তাঁকে জিজ্ঞাসা করলাম, ‘কী করেন?’
একটি মাত্র প্রশ্নের জবাবে বাগতি যেন অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। তিনি জানালেন, চা-শ্রমিক হিসেবে তাঁর দৈনিক মজুরি মাত্র ৮৫ টাকা। তাঁর তিন সন্তান রয়েছে, কোনো জমি-জায়গা নেই এবং একটি খুপরি ঘরেই তাঁদের বসবাস। কোনোমতে দিনাতিপাত করছেন তিনি।
২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি আমি মুক্তকণ্ঠের বাণিজ্য বিভাগের কয়েকজন সহকর্মীর সঙ্গে ঘুরতে গিয়েছিলাম মাধবপুর চা-বাগানে। আমরা যখন বাগানের ভেতরে প্রবেশ করি, বাগতি তখন আমাদের সঙ্গে ছিলেন। সরকারি করপোরেশন ন্যাশনাল টি কোম্পানির অধীনে থাকা ১২টি চা-বাগানের একটি হলো এই মাধবপুর টি এস্টেট। এই বাগানের ভেতরেই অবস্থিত মাধবপুর হ্রদ। ১৯৬৫ সালে পানির প্রয়োজনে বাগান কর্তৃপক্ষ তিনটি টিলাকে বাঁধ দিয়ে এই হ্রদটি তৈরি করেছিল।
আমরা যখন মাধবপুর চা-বাগানের টিলায় উঠছি, বাগতি তখন আমাদের পাশে পাশে হাঁটছিলেন। টিলার ওপর থেকে হাত ইশারা করে দূরের পাহাড় দেখিয়ে তিনি বললেন, ওটা ভারত। চার পুরুষ আগে তাঁর পরিবার সেখানে বাস করত। ব্রিটিশরা তাঁদের ‘ধরে এনে’ শ্রীমঙ্গলে চা চাষ করাতে শুরু করে।
বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, ১৮৫৪ সালে ব্রিটিশরা সিলেট অঞ্চলে চা চাষ শুরু করে এবং এর জন্য ভারতের বিভিন্ন প্রদেশ থেকে দরিদ্র মানুষকে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যেই ছিলেন বাগতির পূর্বপুরুষেরা। বাগতি যখন অন্যান্য চা-শ্রমিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন বুঝলাম চার পুরুষ ধরে এই মাটিতে বাস করেও তাঁরা নিজেদের ভাষা ত্যাগ করেননি। তবে আরও একটি বিষয় তাঁদের পিছু ছাড়ে নি—তা হলো চরম দারিদ্র্য।
দিনে সাকল্যে ৮৫ টাকা এবং আধা সের চাল অথবা আটা; দুই মেয়ে, এক ছেলে আর স্ত্রীর জন্য বাগতির আনুষ্ঠানিক আয় এটুকুই। বাগতি বললেন, “মজুরি থেকে সামান্য পরিমাণে বিল কেটে রাখার ভয়ে তিনি বিদ্যুৎ–সংযোগই নেননি।” আমি বুঝতে পারলাম, পর্যটকদের সঙ্গে খাতির জমিয়ে কিছু বকশিশ পাওয়াটাই তাঁর উপরি আয়।
চা-শ্রমিকদের খাদ্যাভ্যাস সম্পর্কে জানতে চাইলে বাগতি বললেন, কচি চা-পাতা গুঁড়া করে তার সঙ্গে কাঁচা মরিচ ও পেঁয়াজ মেশালে নাকি দারুণ এক ভর্তা তৈরি হয়। ভাতের সঙ্গে সেটিই তাঁদের অন্যতম প্রধান তরকারি। সপ্তাহে দু-এক দিন মাছ পাওয়া যায়। বাজারে ১০ বা ২০ টাকায় পুঁটি মাছের ভাগা পাওয়া যায়। আয় ভালো হলে ঘরে ফেরার আগে বাগতি এক ভাগা মাছ কিনে নেন। তবে মাছের ‘সালুন’ হলে ভাত একটু বেশি লাগে, সেই চিন্তাও তাঁকে করতে হয়।
মাধবপুর চা-বাগানের টিলায় হাঁটার সময় বাগতি আমাদের জানালেন, মাধবপুর হ্রদে ২০ থেকে ৫০ কেজির রুই-কাতলা পাওয়া যায়। এই সেদিনও ২৭ কেজির একটি গ্রাসকার্প ধরা পড়েছিল। বাগানের ম্যানেজার এবং অন্যান্যরা মিলে তা খেয়েছেন। বাগতি সেই মাছ নিজ চোখে দেখেছেন, কিন্তু চেখে দেখার সুযোগ পাননি।
বাগানের ম্যানেজারদের বাগতিরা ‘বাবু’ বলে ডাকেন। বাবুরা মাথায় হ্যাট, হাতে লাঠি এবং হাফপ্যান্ট পরে ব্রিটিশ স্টাইলে বাগানে তদারকি করতে যান। তাঁদের মাসিক বেতন লাখ টাকার বেশি। সন্ধ্যায় ক্লাবে যাওয়া তাঁদের জন্য বাধ্যতামূলক। শহরের সাধারণ রেস্তোরাঁয় তাঁদের খাওয়া নিষেধ, তাঁদের খেতে হয় দামি রেস্তোরাঁয়। অথচ বাগতি পরিবারের পুরো মাসের আয় দিয়ে সেখানে এক বেলা খাওয়ার সুযোগ হবে না।
মাধবপুর হ্রদের পাশ দিয়ে হাঁটার সময় দেখলাম, স্মার্টফোনে ছবি তোলা বাগতি বেশ রপ্ত করে ফেলেছেন। চায়ের দুটি পাতা ও একটি কুঁড়ি লেন্সের সামনে ধরে ছবি তুললে যে নান্দনিকতা আসে, তা তিনি জানেন। ছবি তোলা হলে বাগতি তা পাঠিয়ে দেন এবং বিনিময়ে ভালো বকশিশ পান। এতে তিনি ভীষণ খুশি হন। এরপর বাগতি আমাদের গান শোনালেন—একটি দুঃখের এবং একটি প্রেমের গান। গানে ছিল কষ্ট আর প্রেমিকার কাছে ছেড়ে না যাওয়ার আকুল মিনতি।
বাগতি আরও বললেন, তিনি একসময় সিনেমায় অভিনয় করেছিলেন। মান্না আর চম্পা একটি ছবি করেছিলেন, যার শুটিং হয়েছিল এই হ্রদের পাশে। সেখানে চা-বাগানের আরও শ্রমিকের মধ্যে তিনিও ছিলেন। তবে তাঁর আক্ষেপ, সিনেমাটি তাঁদের এলাকার হলে প্রদর্শিত হয়নি, ফলে রঙিন পর্দায় নিজেকে দেখার সৌভাগ্য তিনি পাননি।
সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় আমি ভাবছিলাম, ব্রিটিশদের মতো হাতে লাঠি, মাথায় হ্যাট আর হাফপ্যান্ট পরে বাঙালি ম্যানেজাররা কেন বাগানে যান? বুঝলাম, এটি আধিপত্য বজায় রাখার একটি কৌশল। ব্রিটিশদের বন্দুকের মুখে বশ্যতা স্বীকার করে বাগতিরা জঙ্গল পরিষ্কার করে চা-বাগান করেছিলেন। স্বাধীন দেশে শ্রমিকের বুকে বন্দুক তাক করা যায় না, কিন্তু আধিপত্য বজায় রাখা প্রয়োজন। তা না হলে দিনে ৮৫ টাকা মজুরি শ্রমিকেরা মেনে নেবেন না, কারণ চা-বাগানের বাইরে মজুরি ৩০০ টাকা।
বাগতিপাড়ায় চাল ও আটার কেজি ২৫ টাকা, কিন্তু তার চেয়ে সস্তায় মেলে চেলাই মদ, যার লিটার মাত্র ২০ টাকা। বাগানে মদের অফুরন্ত সরবরাহ রয়েছে। ছেলে, বুড়ো, মা-মেয়ে সবাই মিলে সেই মদ পান করেন। প্রতিবছর বর্ষার শেষে যেমন চা-গাছের কাণ্ড কেটে দেওয়া হয় যাতে আকার একই থাকে, তেমনি বাগতিদের সন্তানদেরও কিশোরকালে মদের নেশায় ডুবিয়ে দেওয়া হয় যাতে তারা বাকি জীবন এই বাগানেই থেকে যায়।
অনিল বাগতি গত রাতেই মদ পান করেছেন এবং আজ ভালো বকশিশ পাওয়ায় আবারও পান করবেন। ইদানীং মদ খেলে তাঁর স্ত্রী রাগ করেন, তবে সেই রাগ আমলে নেওয়ার প্রয়োজন তিনি মনে করেন না। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যে বঞ্চনা চলে আসছে, তা ভুলে থাকার জন্য চেলাইয়ের চেয়ে ভালো উপায় আর কী হতে পারে?
মাধবপুর টি এস্টেটে বাগতির পিতামহ ও পিতার মৃত্যু হয়েছে, তাঁর নিজের মৃত্যুও হবে এই মাটিতে। তাঁর সন্তানরাও এই মাটিতেই মরবে। এই চা-গাছ আর চা-বাগানেই তাঁদের জীবনের শুরু ও শেষ। স্বাচ্ছন্দ্যের দেখা পাওয়ার আগেই কত হাজার বাগতি মরে যাবেন। ঈশ্বর বা ভগবান হয়তো সেই হিসাব রাখবেন না, কিন্তু মূর্তির সামনে কলা-মুলা না দিলে পরজন্মে মানুষ হয়ে জন্মানো যাবে না—তা বাগতিরা বিশ্বাস করেন।
সেজন্যই বাগতিপাড়ায় পূজা হয়, সর্বোচ্চ খরচ করে ভগবানকে ডাকা হয়। দারিদ্র্য ও জড়তা থেকে মুক্তি চাওয়া হয়, কিন্তু ভদ্রপল্লি থেকে ঈশ্বর বাগতিপাড়ায় আসেন না। বাগতিরা মনে করেন, পুজো ঠিকমতো হয়নি বলে ভগবান রুষ্ট। এই চেষ্টা চলে পুরুষের পর পুরুষ ধরে, তবু দারিদ্র্য দূর হয় না।
২০২৬ সালে এসে বাংলাদেশে নিবন্ধিত ও অস্থায়ী মিলিয়ে চা-শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ। দৈনিক মজুরি বেড়ে হয়েছে ১৯৭ টাকা, যা মাসে ৫ হাজার ৯১০ টাকা। অথচ সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামোয় ন্যাশনাল টি কোম্পানির পিয়নের সর্বনিম্ন বেতন হয়েছে ৩৩ হাজার টাকা।
সৈয়দ মুজতবা আলীর ‘পাদটীকা’ গল্পে বলা হয়েছে, ব্রিটিশ আমলে এক লাট সাহেবের তিন পা-ওয়ালা পোষা কুকুরের পেছনে মাসে খরচ হতো ৭৫ টাকা, আর আট সদস্যের পরিবার চালাতে পণ্ডিতমশাই পেতেন ২৫ টাকা। পণ্ডিতমশাইয়ের প্রশ্ন ছিল, ‘ব্রাহ্মণ-পরিবার লাট সায়েবের কুকুরের ক’টা ঠ্যাঙের সমান?’
সৈয়দ মুজতবা আলী ১৯৭৪ সালে মারা গেছেন। এখন আর কেউ প্রশ্ন করেন না যে, সরকারি পিয়নের সর্বনিম্ন বেতন মাসে ৩৩ হাজার টাকা হলে চা-শ্রমিকের কেন ৬ হাজার টাকা? তা-ও কাজ না করলে মজুরি নেই, ছুটি নেই, পেনশন নেই?