একসময় নিজের উপার্জনে স্বাবলম্বী ছিলেন সোহেল মাঝি। স্বাভাবিক জীবন আর আত্মনির্ভরশীলতার গর্ব ছিল তাঁর সঙ্গী। কিন্তু ১৫ বছর আগে মেঘনা নদীতে গোসল করতে নেমে এক আকস্মিক দুর্ঘটনা তাঁর পুরো জীবনকে ওলটপালট করে দেয়। এই দুর্ঘটনায় কর্মক্ষমতা হারিয়ে ফেলেন চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের উত্তর বগুলা গ্রামের মৃত সৈয়দ আহমেদ মাঝির ছেলে সোহেল মাঝি (৪২)। দীর্ঘমেয়াদী চিকিৎসার বিপুল খরচ জোগাতে গিয়ে একে একে বন্ধ হয়ে যায় তাঁর ব্যবসা। ধীরে ধীরে ফুরিয়ে আসে জীবনের সব সঞ্চয় ও সম্বল।
সেই চরম দুঃসময়ে সোহেলের সবচেয়ে বড় অবলম্বন ছিলেন তাঁর মা। কিন্তু সাত বছর আগে মায়ের মৃত্যুর পর সেই শেষ আশ্রয়টুকুও তিনি হারিয়ে ফেলেন। অসহায় ভাইয়ের পাশে তখন ঢাল হয়ে দাঁড়ান ছোট বোন রেহানা আক্তার (৩৫)। ভাইয়ের এই করুণ দুর্দশা দেখে তিনি নিজের স্বামীর সংসার ছেড়ে ছোট্ট সন্তানকে নিয়ে চলে আসেন ভাইয়ের কাছে।
এরপর থেকে নিজের জীবনের সব চাওয়া-পাওয়া বিসর্জন দিয়ে ভাইয়ের ছায়াসঙ্গী হয়ে আছেন রেহানা। দীর্ঘ সাত বছর ধরে ভাইয়ের সেবা, খাবার ও দেখাশোনার যাবতীয় দায়িত্ব একাই সামলাচ্ছেন তিনি। ভাইকে আগলে রাখতে গিয়ে নিজের শরীরের প্রতি খেয়াল রাখার সুযোগ পাননি রেহানা। ফলে বর্তমানে অসুস্থ হয়ে পড়েছেন এই দুই ভাইবোনই।
নিজের কষ্টের কথা জানাতে রেহানা আক্তার বলেন, ‘ভাইকে আগলে রাখতে গিয়ে নিজের শরীরের দিকেও খেয়াল রাখা সম্ভব হচ্ছে না। ভাইয়ের সেবা করতে করতে নিজেও এখন অনেক অসুস্থ। একদিকে ভাইয়ের চিকিৎসা, অন্যদিকে নিজের অসুস্থতা—সব মিলিয়ে আমাদের জীবনে নতুন সংকট নেমে এসেছে। দুজনেরই নিয়মিত চিকিৎসা প্রয়োজন, কিন্তু সামর্থ্য নেই।’
আয়ের কোনো স্থায়ী উৎস না থাকায় বর্তমানে দুজনের চিকিৎসা এবং দৈনন্দিন খাবারের সংস্থান করাই হয়ে দাঁড়িয়েছে এক বড় সংগ্রাম। তাঁদের এই চরম দুরবস্থা দেখে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা তাঁদের জন্য তৈরি করে দেন একটি ছোট্ট টংদোকান। সামান্য পুঁজির সেই দোকানটিই এখন তাঁদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে।
হাইমচর উপজেলার খলিফাকান্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমারানী দেবনাথ বলেন, ‘এই দুই ভাইবোনের জীবনসংগ্রাম ও নিঃস্বার্থ ভালোবাসা সত্যিই একটি বিরল দৃষ্টান্ত। তাঁদের আয়ের স্থায়ী কোনো ব্যবস্থা নেই। দুরবস্থা দেখে স্থানীয় বাসিন্দারা একটি টংদোকান করে দিয়েছেন, সেটিই এখন তাঁদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন।’
যে সোহেল মাঝির একসময় নিজস্ব পরিচয় ও ব্যবসা ছিল, আজ তাঁর একমাত্র সম্বল বোনের নিঃস্বার্থ ভালোবাসা আর একটি ছোট্ট টংদোকান। অন্যদিকে রেহানার জীবনের সব আশা-আকাঙ্ক্ষা এখন জড়িয়ে আছে ভাইয়ের সুস্থতার সঙ্গে। তাঁরা কারও করুণা চান না, বরং চান সম্মানের সাথে বেঁচে থাকার সুযোগ। যথাযথ সুচিকিৎসা ও আর্থিক সহায়তা পেলে হয়তো এই দুই ভাইবোন আবারও নতুন করে স্বপ্ন দেখতে পারবেন।