চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর জোয়ার ও নদীভাঙনের কারণে স্থানীয় সড়ক সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে। ফলে এক ব্যক্তির মরদেহ জানাজার মাঠে নিতে স্বজনদের কোমরসমান পানি মাড়াতে হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকাবাসী ক্ষুব্ধ।
গত ১১ সেপ্টেম্বর ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নম্বর আলগী দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম চর কৃষ্ণপুর গ্রামের মুদি দোকানি ইসমাইল গাজী। পরে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে আনলে শেষ বিদায়ের সময় স্বজনরা চরম দুর্ভোগের মুখোমুখি হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ইসমাইল গাজীর দোকানের সামনের অংশ থেকে বাবুল মেম্বারের বাড়ি পর্যন্ত সড়কটি জোয়ারের পানিতে সম্পূর্ণ তলিয়ে গেছে। পরিবারের সদস্য ও স্বজনরা বাধ্য হয়ে কাঁধে করে মরদেহ কোমরসমান পানি মাড়িয়ে জানাজার মাঠে নিয়ে যান।
স্থানীয় যুব ঐক্য পরিষদের সদস্যসচিব শিমুল অধিকারী সুমন বলেন, "জীবিত অবস্থায় যেমন দুর্ভোগ ছিল, মৃত্যুর পরও একজন মানুষকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।"
এলাকাবাসীর দাবি, ভবিষ্যতে আর কাউকে এমন দুর্ভোগ পোহাতে না হয়, তাই দ্রুত সড়কটি উঁচু করে স্থায়ীভাবে সংস্কার করা হোক।
এ বিষয়ে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, "উপজেলা উন্নয়ন বরাদ্দ থেকে সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে। তা সম্ভব না হলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চলমান বা নতুন প্রকল্পের আওতায় সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।"